তাগিদ থেকেই ভালো কাজ

নতুন প্রজন্ম বেশি আত্মকেন্দ্রিক—এমন অভিযোগ করেন কেউ কেউ। কিন্তু তা সত্যি নয় বলে দাবি করছেন কানাডার একদল গবেষক। তাঁরা ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত জন্ম নেওয়া নারী-পুরুষের ওপর নতুন এক গবেষণা চালিয়ে দেখেছেন, ওই তরুণ জনগোষ্ঠী আত্মকেন্দ্রিক নয়, বরং জনহিতকর কাজে অনেক বেশি অগ্রণী। পারস্পরিক সহযোগিতার তাগিদ থেকেই তাঁরা এমনটা করে থাকেন।
দ্য জার্নাল অব ননপ্রফিট অ্যান্ড পাবলিক সেক্টর মার্কেটিং সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, সাধারণত সহজাত অনুভূতির কারণেই নারীরা জনহিতকর কাজে আগ্রহী হন। আর পুরুষেরা এ ধরনের কাজ করেন আবেগের তাড়নায়।
এই প্রজন্ম কেন জনহিতকর কাজ করেন, তার কারণ জানতে গেলে গবেষণায় অংশ নেওয়া নারী ও পুরুষেরা বলেছেন, তাঁরা নিজেদের কল্যাণের চেয়ে অন্যের কল্যাণের দিকেই বেশি মনোযোগী। আর এটা সম্ভব হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে।
কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের জন মলসন স্কুল অব বিজনেসের বিপণন বিভাগের অধ্যাপক মিশেল পলিন বলেন, এই প্রজন্মের নারী ও পুরুষের জনহিতকর কাজে যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ফেসবুক। কারণ এর মাধ্যমে তাঁরা বিশ্বব্যাপী যোগাযোগ করতে পারেন। এই নারী-পুরুষদের সমজাতীয় প্রজন্ম হিসেবে না দেখে ব্যক্তি হিসেবে দেখাটাই অলাভজনক প্রতিষ্ঠানগুলোর জন্য দরকার। এসব অলাভজনক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সফলতা নির্ভর করছে এই প্রজন্মের নারী ও পুরুষের সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোর সঙ্গে যুক্ত থাকার নিশ্চয়তার ওপর।সূত্র: ডিএনএ|