তাজমহল ধ্বংসের 'ভয়ংকর সুন্দর' দৃশ্য!

হলিউডের কল্পকাহিনীতে যেন কোনো কিছুরই ছাড় নেই। কল্পিত দুর্যোগের ছবিতে এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে শুরু করে স্ট্যাচু অব লিবার্টিও ধ্বংস হয়ে যেতে দেখা গেছে অনেক আগেই। এবারে পিক্সেলস ছবিতে দেখা যাবে এলিয়েনদের আক্রমণে তাজমহল ধ্বংস হওয়ার দৃশ্যের।
হ্যারি পটার ও হোম অ্যালোনের মতো জনপ্রিয় চলচ্চিত্রের পরিচালক ক্রিস কলম্বাস পরিচালিত পিক্সেলস (২০১৫) ছবিতে দেখা যাবে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের হাতে তাজমহল ধ্বংস হওয়ার দৃশ্য। খ্যাতনামা এই নির্মাতা বলেছেন, ভারতের এই বিশ্ববিখ্যাত মোগল স্থাপত্যের ধ্বংস হওয়ার দৃশ্যটি আসলেই ‘ভয়ংকর সুন্দর’।
কমেডি ঘরানার এই ছবিতে দেখা যাবে, নাসার পাঠানো কিছু ভিডিও গেমসের ফুটেজ দেখে ভুল বোঝার কারণে এলিয়েনেরা পৃথিবীতে আক্রমণ করে বসে। ভিডিও গেমসের মডেল ধরেই পৃথিবীতে হামলা চালাতে থাকে এলিয়েনেরা। এ সময় সাবেক আর্কেড গেমস চ্যাম্পিয়নরা পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু এর মধ্যেই এলিয়েনদের হামলায় ধ্বংস হয়ে যেতে থাকে তাজমহল।
পরিচালক ক্রিস কলম্বাস বলেন,‘পিক্সেলসে রূপান্তরিত চরিত্ররা যখন জীবন পায় তখন সেগুলোর একটা ভিন্ন রূপ ফুটে ওঠে। এগুলো যেন নিজের ভেতর থেকে জ্বলে ওঠে আর অদ্ভুত হলেও সেসব সুন্দর যেন আমাদের তাড়া করে ফেরে। এটা কোনো সাধারণ ধ্বংসাত্মক ব্যাপার নয়, এগুলো ভীষণভাবে পিক্সেলে রূপান্তরিত। মনে হয়েছে তাজমহলই এমন সুন্দর ধ্বংসযজ্ঞ দেখানোর প্রথম নমুনা হতে পারে।’
কলম্বাস আরও বলেন,‘এই ছবিতে ধ্বংসযজ্ঞের শিকার প্রথম বিখ্যাত স্থাপনা হিসেবে তাজমহলকে বেছে নেওয়া হয়েছে। তাজমহল ভারতে না কোথায় তা নিয়ে আমার মাথাব্যথা ছিল না। আমার শুধু মনে হয়েছে এটা দেখতে সত্যিই অসাধারণ লাগবে।’
ক্রিস কলম্বাস পরিচালিত পিক্সেলস ২০১৫ ছবিটি ৩১ জুলাই মুক্তি পেয়েছে।
(পিটিআই অবলম্বনে)