তাজরিনের বিশ্বজয়

প্রতিযোগিতার বিষয় ছিল ‘অবাসেযাগ্য শহর বনাম ভালোবাসার শহর৷’ ঢাকায় অপরিকল্পিত নগরায়ণ, প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এসে জড়ো হওয়া মানুষের ঢল, দিন দিন সবুজশূন্য রাজধানী ঢাকা হয়ে উঠছে বসবাসের অযোগ্য শহর৷ কিন্তু উৎসবে-পার্বণে এই ইটপাথরের দঙ্গলের ভেতরে ঢাকার মানুষগুলোর আনন্দে মেতে ওঠা প্রমাণ করে ঢাকা হলো আসলে প্রাণের শহর, ভালোবাসার শহর।
ঢাকার এই বৈপরীত্য নিয়েই ‘অবাসেযাগ্য শহর বনাম ভালোবাসার শহর’ শিরোনামে প্রবন্ধ লিখে স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘বার্কলে প্রতিযোগিতা’য় এবার প্রথম স্থানের সম্মান অধিকার করে নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাজরিন ইসলাম৷ পরিবার ও বন্ধুমহলে ওর পরিচয় অবশ্য অনন্যা নামে। প্রায় অর্ধবছরব্যাপী চলা তিন ধাপের এই প্রতিযোগিতার লড়াইয়ে শেষমেশ জয়ী হন বাংলাদেশের তাজরিন।
‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া’র কলেজ অব এনভায়রনমেন্টাল ডিজাইন থেকে বার্কলের এই প্রতিযোগিতাটি ১৯৯৮ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া এবারের আসরটিতে তিনটি ধাপে প্রতিযোগিতা শেষে এই বছরের ২০ এপ্রিল চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় জিততে কম কাঠখড় পোড়াতে হয়নি তাজরিনকে। স্থাপত্যের মাধ্যমে কীভাবে স্বাস্থ্যকর পরিবেশ পরিকল্পনা করা যায়, এই স্লোগান নিয়েই আয়োজিত হয়েছিল এবারের প্রবন্ধ প্রতিযোগিতা। বিশ্বের ৩১টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৩৯ জন স্থাপত্য বিষয়ের শিক্ষার্থী এতে অংশ নেন, যাঁদের মধ্যে ছিল যুক্তরাজ্যের কিংসটন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের এমআইটি, নিউজার্সি ইনিস্টটিউট অব টেকনোলজি, টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্স, ন্যাশনাল ইনস্টিটিউট অব সিঙ্গাপুরসহ বিভিন্ন বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে পাঁচ হাজার ইউএস ডলার মূল্যমানের প্রথম পুরস্কারটি বাগিয়ে শেষের হাসি হাসেন তাজরিন।
দুই হাজার ৫০০ শব্দের মূল রচনা আর চারটি আলোকচিত্র নিয়ে তাজরিন সাজিয়েছিলেন তাঁর প্রবন্ধ। তাজরিনের মুখেই শোনা যাক তাঁর প্রবন্ধটি নিয়ে, ‘স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে স্থাপত্য, সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য দায়ী কোনো স্থাপনার উদাহরণ দিয়ে এ দুই রকম বৈপরীত্যের বিশ্লেষণ—এই ছিল আমাদের এবারের প্রতিযোগিতার মূল থিম। স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর জায়গার উদাহরণ হিসেবে আলাদা আলাদা স্থাপনার পরিবর্তে আমি বেছে নিয়েছিলাম সদ্যসমাপ্ত হাতিরঝিল প্রকল্পকে। স্বাস্থ্যকর পরিবেশের উদাহরণ হিসেবে খোলামেলা হাতিরঝিলকে নিয়ে এসেছি আমার মূল রচনায়, যেখানে হাজারো শহরবাসী প্রতিদিনই জড়ো হয় বুকভরে একটু শ্বাস নিতে। সে সঙ্গে হাতিরঝিলের চারপাশের পরিকল্পনাহীন স্থাপনাগুলোকে দেখিয়েছি অস্বাস্থ্যকর স্থাপনার উদাহরণ হিসেবে। তবে হাতিরঝিলকে উপস্থাপন করতে গিয়ে আমার আসলে পুরো ঢাকার রূপকল্পটিকেই উপস্থাপন করতে হয়েছে। স্থাপত্যের শিক্ষার্থী হিসেবে পুরো ঢাকাকেই পেয়েছি আমার ল্যাবরেটরি হিসেবে।’
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে স্কুল-কলেজের গণ্ডি পেরোনো তাজরিনের জগৎটাই এখন স্থাপত্যের রঙে রাঙানো। স্থাপত্যবিদ্যার সৃষ্টিশীল রংগুলোকে ভালোবেসেই এখানে পড়তে আসা। বাবা নজরুল ইসলাম ভূঁইয়ার আদর্শ আর মা মাহমুদা ইসলামের স্নেহে মানুষ তিন বোনের সবার ছোট তাজরিনের পুরোটা সময়ই কেটে যায় কল্পনার স্থাপনাকে বাস্তবে রূপ দেওয়ার নকশা তৈরি করতে করতে। স্থপতি ও দার্শনিক লুই আই কান এবং মাজহারুল ইসলামের আদর্শ ও কাজ অনুপ্রাণিত করে তাজরিনকে।
‘শহরের পথ দিয়ে হেঁটে যেতে যেতে শহরকে নিয়ে ভাবে না, এমন মানুষ স্থাপত্য জগতে খুব কম। স্থাপত্য শিক্ষাজীবনে আমরা মূলত যেকোনো সমস্যাকে ডিজাইনের মাধ্যমে সমাধানের চেষ্টা করি। তবে বার্কেলে প্রতিযোগিতার একটি উল্লেখযোগ্য বিষয় হলো নতুন পরিকল্পনা নয়, বরং বাস্তবায়িত নকশার সামাজিক প্রভাবটিকে আলোকচিত্র ও রচনার মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়। আমি বলব, নিজের ভালোবাসার শহরটিকেই নতুনভাবে জানার ও বোঝার সুযোগ করে দিয়েছে এই প্রতিযোগিতাটি। হাতিরঝিলকে নিয়ে এই যে লেখা, তার ধারাবাহিকতাতেই ঢাকার জলাভূমি পুনরুদ্ধার নিয়ে পঞ্চম বর্ষের থিসিস করার ইচ্ছা আছে আমার। কর্মজীবনেও এই বিষয় নিয়ে কাজ করতে চাই’—তাজরিনের কণ্ঠে প্রত্যয়ের কথা।