
আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন গার্মেন্টসের বিধ্বস্ত ভবন। সাদা কাপড়ে ঢাকা পুড়ে অঙ্গার হওয়া ১১২টি লাশ। গত বছর ২৪ নভেম্বরের ভয়াবহ ট্র্যাজেডির এই ছবি দেশবাসীর মন থেকে মুছে যায়নি। শিল্পী দিলারা বেগম জলি তাজরীনের এই ট্র্যাজেডিকে নতুনভাবে উন্মোচন করলেন চট্টগ্রামের দর্শকদের সামনে। ১১২টি পরিবারের শোকগাথার অনুবাদ করলেন শিল্পের ভাষায়।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের সার্সন রোডের হাটখোলা ক্যাফের গ্যালারিতে শুরু হয় জলির সপ্তাহব্যাপী শিল্পকর্মের প্রদর্শনী তাজরীননামা। উদ্বোধন করেন শিল্পী নাজলি লায়লা মনসুর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক আবুল মনসুর, শুকলা ইফতেখার ও হাটখেলার কর্ণধার ইউসুফ মোহম্মদ।
‘তাজরীনের ঘটনা আমাকে এক বছর ধরে তাড়া করে ফিরছে। আমি নিশ্চিন্তপুরের ধ্বংসস্তূপে বারবার গেছি। সেখানকার বেঁচে যাওয়া মেয়েদের সঙ্গে কথা বলেছি। আমি ভুলতে পারি না। আমি মানতে পারি না।’ প্রদর্শনীতে স্বাগত ভাষণ দিতে গিয়ে জলি এভাবে আবেগপ্রবণ হয়ে ওঠেন। ১৩টি ড্রয়িং, তিনটি স্থাপনা ও ছয়টি ভিডিও আর্ট স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। বিষয়: সুতো আর সেলাই মেশিনের নিচে চাপাপড়া জীবন।
তাজরীন আর রানা প্লাজার ঘটনার রূপায়ণ নয়, বরং এ দেশের পোশাকশ্রমিকদের যন্ত্রণাকাতর জীবনের ভেতরে প্রবেশ করা ক্ষুব্ধ, ব্যথিত একজন নারীর অনুভূতির ভাষ্য যেন এই প্রদর্শনী।
তাজরীনের বেঁচে যাওয়া ১৪ বছর বয়সী মেয়ে সুমাইয়া। কারখানায় আগুন লাগার পর সে বেরিয়ে এসেছিল অক্ষত অবস্থায়। কিন্তু ধোঁয়ার বিষক্রিয়ায় সুমাইয়া শিকার হয় অন্ধত্বের। চিকিৎসকেরা জানান, ক্যানসার দানা বেঁধেছে তার শরীরে। সুমাইয়া আর কয়েক মাস মাত্র বাঁচবে।
দিলারা বেগম জলি সুমাইয়াদেরই গল্প বলতে চেয়েছেন। দেখাতে চেয়েছেন সমাজকাঠামোর মধ্যে বিদ্যমান অমানবিকতাকে। যে কারণে ২৪ নভেম্বরের তাজরীন ঘটনার পর আরেক ২৪ এপ্রিল রানা প্লাজার ট্র্যাজেডি রচিত হয়।