তাজিকদের 'স্কাইপ বিয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবিকার প্রয়োজনে তরুণ জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই দেশছাড়া। কিন্তু বিদেশে গিয়েও মুক্তি মেলে না। টাকার অভাব আর আইনের গ্যাঁড়াকলে বছরের পর বছর ভিনদেশে আটকে থাকাই যেন নিয়তি। জীবন তবু থেমে থাকে না। প্রিয়তমার হাতখানি ধরতে না পারলেও তাকে চোখের দেখায় দেখা তো যায়! তাজিক তরুণীরা তাই কনের সাজে এসে বসছেন ওয়েবক্যামের সামনে, স্কাইপে, ভিডিও চ্যাটেই বলছেন কবুল ... কবুল ...।

বিয়ের সাজে এক তাজিক কনে। স্কাইপে ভিডিও চ্যাটে বিয়ে করা এমন ‘স্কাইপ বউ’-এর সংখ্যা তাজিকিস্তানে দিন দিন বাড়ছে। ছবি: দ্য গার্ডিয়ান
বিয়ের সাজে এক তাজিক কনে। স্কাইপে ভিডিও চ্যাটে বিয়ে করা এমন ‘স্কাইপ বউ’-এর সংখ্যা তাজিকিস্তানে দিন দিন বাড়ছে। ছবি: দ্য গার্ডিয়ান

তাজিকিস্তানের আইনে অবশ্য এমন স্কাইপ বিয়ের স্বীকৃতি নেই। মুসলিম প্রধান দেশটির রক্ষণশীল ধর্মীয় নেতারাও এমন বিয়েকে সমর্থন করেন না। কিন্তু নিরুপায়ের উপায় হিসেবেই যেন স্কাইপ বিয়েকে মেনে নিয়েছে তাজিক সমাজ।

২৭ বছর বয়সী শাহনোজা ইদ্রিসোভার পরনে বিয়ের সাদা গাউন। শাশুড়ির হাতে ধরা পানির পাত্রে হাত ডুবিয়ে বসে আছেন তিনি। বিয়ের পর এভাবেই নববধূকে বরণ করে নেন তাজিক শাশুড়িরা। স্কাইপের ভিডিও চ্যাটে বিয়ের সময় কনের বাড়িতে দুই পক্ষের আত্মীয়স্বজনেরা উপস্থিত থাকলেও শাহনোজার বর পারভিজ তখন আরেক মহাদেশে। মাত্র কয়েক মাস আগেই অনুবাদকের চাকরি নিয়ে তিউনিসিয়ায় পাড়ি জমিয়েছেন তিনি।

মস্কোর শহরতলিতে কাজ থেকে ফিরে টেলিভিশন দেখছেন তাজিক অভিবাসী শ্রমিকেরা। ছবি: রয়টার্স
মস্কোর শহরতলিতে কাজ থেকে ফিরে টেলিভিশন দেখছেন তাজিক অভিবাসী শ্রমিকেরা। ছবি: রয়টার্স

রেডিও ফ্রি ইউরোপকে শাহনোজা বলেন,‘আমাদের সম্পর্ক প্রায় দশ বছরের। হঠাৎই চাকরি পেয়ে এ বছরের শুরুতে পারভিজকে বিদেশে চলে যেতে হয়। কিন্তু বিয়ে না করে তাঁর সঙ্গে চলে যাওয়ার অনুমতি দেননি আমার বাবা। আর ও বিদেশ থেকে ফিরে না আসা পর্যন্ত আরও পাঁচ বছর অপেক্ষা করতে চাইনি আমরা। তাই স্কাইপই আমাদের একমাত্র উপায়।’

তাজিকিস্তানের তরুণ-তরুণীদের মধ্যে এমন স্কাইপ বিয়ের সংখ্যা নিয়ে কোনো সরকারি পরিসংখ্যান নেই। কিন্তু দেশটির প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়েছে এমন স্কাইপ বিয়ের রীতি। প্রথাগত মুসলিম রীতিতে সাক্ষীদের সামনে মুখে কবুল বলাটাই ভিডিও চ্যাটে এমন বিয়ের একমাত্র আনুষ্ঠানিকতা। কিন্তু আনুষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষ তাজিকিস্তানে সরকারি নিয়মে নিবন্ধন ছাড়া এসব বিয়ের কোনো স্বীকৃতি নেই। আর রক্ষণশীল দেশটির অনেক ধর্মীয় নেতাও এমন বিয়েকে সমর্থন করেন না।

(বামে) রোশোরভের কুবায়েভ পরিবার। গুলসারা কুবায়েভের স্বামী আর ভাই কাদাম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটা নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করে। (ডানে) কাদাম সাত বছর ধরে তাজিকিস্তানে যেতে পারছেন না। তাঁর পরিবার চায় সে বিয়ে করুক। কিন্তু তাঁর কাছে পরিবারকে আর্থিক সহায়তা করাটাই আগে।

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের জিডিপির প্রায় অর্ধেকটাই আসে অভিবাসী শ্রমিকদের পাঠানো টাকা থেকে। এখানকার সস্তা শ্রমের বড় বাজার পার্শ্ববর্তী কাজাখস্তান আর রাশিয়া। এ ছাড়া ইউরোপ ও আফ্রিকার দেশগুলোতেও পাড়ি জমাচ্ছেন এখানকার তরুণেরা। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে তাজিকিস্তানের প্রতি চারজনের একজনই কাজের জন্য রাশিয়ায় বসবাস করে।

তাজিকিস্তানের মোট জনগোষ্ঠীর মাত্র ১৭ শতাংশের ইন্টারনেটে ঢোকার সুযোগ আছে। কিন্তু শাহনোজার মতোই এমন পারিবারিক প্রয়োজন মেটাতে নতুন এই প্রযুক্তির সুবিধা নিচ্ছে বিপুলসংখ্যক তরুণ-তরুণীরা। রাজধানী দুশানবের পশ্চিমের বসতি তুরসুজোদার গৃহবধূ আলামবি মুরোদোভা। কানাডায় বসবাসকারী তাঁর ২৯ বছর বয়সী ছেলেও সম্প্রতি স্কাইপের ভিডিও চ্যাটেই বিয়ে করেছে।

তাজিকিস্তানের বাদাখশানের এক স্থানীয় নারী। এখানকার পার্বত্য এলাকার বেশিরভাগ পরিবারের তরুণ-তরুণীরা কিংবা গৃহকর্তারাই রাশিয়ায় কাজ করে। ছবি: দ্য গার্ডিয়ান
তাজিকিস্তানের বাদাখশানের এক স্থানীয় নারী। এখানকার পার্বত্য এলাকার বেশিরভাগ পরিবারের তরুণ-তরুণীরা কিংবা গৃহকর্তারাই রাশিয়ায় কাজ করে। ছবি: দ্য গার্ডিয়ান

আলামবির ছেলে সাইদোসেন আর তাঁর ২৪ বছর বয়সী ছেলের বউ সাইয়োরার মধ্যে দুই বছর ধরেই স্কাইপের মাধ্যমে যোগাযোগ ছিল। শহরের এক রেস্তোরাঁয় জাঁকজমক করেই দুজনের বিয়ের অনুষ্ঠান হয়েছে। কেবল বরই ছিলেন না সেই বিয়ের অনুষ্ঠানে। ১০ হাজার কিলোমিটার দূর থেকে স্কাইপে কনে সাইয়োরাকে কবুল বলেছেন বর সাইদোসেন।

আলামবি বলেন, ‘আর সব মা-বাবার মতোই আমাদেরও অনেক স্বপ্ন ছিল ছেলের বিয়ে নিয়ে। কিন্তু ভিসার জটিলতা আর টাকার অভাবে সে আসতে পারেনি।’ নববধূ সাইয়োরা এখন শাশুড়ির সঙ্গে বসবাস করছে, সাইদোসেন কানাডায়। দুজনেরই স্বপ্ন শিগগিরই এক ছাদের তলায় থাকতে শুরু করবেন তাঁরা।

(বামে) শাখারতোখুন রোশোরভে থাকেন। তাঁর ছেলে আর মেয়ে মস্কোতে কাজ করে। তবে, তাঁর স্বামীকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে রাশিয়া। ওয়ার্ক পারমিট পেতে হলে অনেক টাকা খরচ করতে হয়। (ডানে) দেশে ফেরত পাঠানোর আগে অবৈধ অভিবাসী শ্রমিকদের তিন দিনের সময় দেয় রাশিয়া। টিকিট কেটে দেশে ফিরতে না পারলে তাঁদের একটা ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।

ভিসা বিষয়ক জটিলতা যে কেবল বাইরের দেশগুলো থেকেই তা কিন্তু নয়। এমন বিয়ের আইনি স্বীকৃতি না থাকায় তাজিক কর্তৃপক্ষও ‘স্কাইপ বউ’দের কাগজপত্র দেন না। রাজধানী দুশানবের বিয়ে নিবন্ধন দপ্তরের প্রধান মারহাবো জুনোনোভা সতর্ক করে দিয়ে বলেছেন, ইন্টারনেটে অপরিচিতদের সঙ্গে ডেট করা বা সম্পর্ক গড়া কিংবা এমন স্কাইপ বিয়ের কারণে মানবপাচারের ঝুঁকি রয়েছে। বিশেষত কম বয়সী মেয়েরা এমন ক্ষেত্রে প্রতারণার ফাঁদে পড়তে পারে।

অবশ্য, স্কাইপ বিয়ে নিয়ে সতর্ক করলেও দুশানবের বিয়ে নিবন্ধন দপ্তরের প্রধান জুনোনোভাও বলেন, ‘যদি বর আর কনেতে মিলে যায়, বিয়েটা হয়তো টিকে যাবে। শহরে না ইন্টারনেটে কোথায় তাঁদের দেখা হয়েছে কিংবা কীভাবে তাঁরা বিয়ে করেছে সেটা তখন কোনো ব্যাপার না।’ অনেক তাজিকের মতোই তিনিও মনে করেন, ‘অনলাইনে বিয়ে করা অনেক সুখী তাজিক দম্পতি আছে। স্কাইপ বিয়ে একসময় আরও গ্রহণযোগ্যতা পাবে আর হয়তো রীতি হিসেবেই প্রতিষ্ঠা পেয়ে যাবে।’

(রেডিও ফ্রি ইউরোপ ও দ্য গার্ডিয়ান অবলম্বনে)