
টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নশিপের উদ্্যাপন হবে। ঢাকায় গাইতে এসেছেন এ আর রাহমান। সঙ্গে বিরাট লটবহর। তার ভার আমার কাঁধে নয়। কিন্তু প্রথম আলোর জন্য যে তাঁর সাক্ষাৎকার নিতে হবে, সেই টেনশনের চাপে পিষ্ট হয়ে পড়লাম।
টেনশন অহেতুক নয়। রাহমান ভীষণ লাজুক আর মুখচোরা। তাঁর সাক্ষাৎকারে দেখেছি, প্রশ্নকর্তারাই একনাগাড়ে কথা বলে যান। তাঁর মুখে শুধু ঝুলিয়ে রাখা একচিলতে সলজ্জ হাসি। ঠোঁটের মৃদু ভঙ্গিমায় বুঝে নিতে হয়, কোন প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’, কোনটি ‘না’। ভাগ্য ভালো হলে দৈবাৎ একটি-দুটি শব্দ হয়তো তিনি বলেন।
কিন্তু কনসার্ট ব্যবস্থাপনায় থাকা ব্লু্যজ কমিউনিকেশনের কর্তা ফরহাদুল ইসলাম জানিয়ে দিলেন, ‘এ আর রাহমান রাজিই হচ্ছেন না। তবে চেষ্টা চলছে। একটি সাক্ষাৎকার দিলেও সেটা আপনার।’
রাহমান চলে এসেছেন কনসার্টের দুদিন আগে। জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে মহড়া। প্রথম দিন সাক্ষাৎকার মিলল না। দ্বিতীয় দিনও মহড়া চলছে একটানা। সন্ধ্যায় খবর এল, আমরা যেন স্টেডিয়ামে চলে আসি। ফাঁক পেলেই তাঁর মুখোমুখি আমাদের বসিয়ে দেওয়া হবে।
সহকর্মী মেহেদী মাসুদ, মনজুর কাদের আর আলোকচিত্রী খালেদ সরকারকে নিয়ে ছুটলাম। মাঠে দক্ষযজ্ঞ চলছে। লাইট, শব্দযন্ত্র, মঞ্চ আর গাদাগাদা মানুষ। এসবের ভেতর মঞ্চে গাঢ় শ্যামবর্ণের ছোটখাটো সেই মানুষটি দাঁড়িয়ে। শিল্পীরা পরপর এসে গান করছেন। উদিত নারায়ণ ছাড়া কাউকেই চিনি না (আশ্চর্য বেসুরো ঠেকল তাঁর কণ্ঠ)। একেকটা গান গাইতে হলো চার-পাঁচবার করে। রাহমান অক্লান্ত।
ঘণ্টা দুয়েক পরে হঠাৎ এ আর রাহমান লাপাত্তা। কিছুক্ষণ পর ডাক পড়ল আমাদেরও। ফরহাদ জানালেন, রাহমানের রাতের খাওয়া শেষ। বহু কষ্টে মিনিট বিশেক বের করা গেছে। ‘কিন্তু,’ ফরহাদ বললেন, ‘সাক্ষাৎকার হবে দুটো। আপনার জন্য বরাদ্দ দশ মিনিট।’
আমি তো বাকরুদ্ধ। বলে কী! দশ মিনিটে এ আর রাহমানের সাক্ষাৎকার? একবার মনে হলো, চলে যাই। আবার ভাবলাম, শুরু করেই দেখি, কী হয়!
এ আর রাহমানের জন্য প্লাই উড দিয়ে ঘর তোলা হয়েছে পেছনে। তার মেঝেতে বিছানা পাতা। একপাশে উঁচু টেবিল। তাতে ভাঁজ করে রাখা জায়নামাজ। পাশে সাদা তসবিহ্। লোকজন এসে বিছানাটা সরিয়ে কয়েকটা সোফা বসাল।
এ আর রাহমান হাজির। সেই মায়াভরা কিশোরকান্তি। কে বলবে, দুপুর থেকে একটানা দাঁড়িয়ে কাজ করেছেন। তাঁর পিছু পিছু এল পাথুরে মুখের এক তরুণী। সচিব-টচিব হবেন। ফরহাদ মনে করিয়ে দিলেন, ‘সাজ্জাদ ভাই, দশ মিনিট কিন্তু।’
একেবারে লাফ দিয়ে সাক্ষাৎকারে ঢুকে পড়লাম। ‘আপনাকে যা যা প্রশ্ন করা সম্ভব, সবগুলোর জবাবই তো আপনি এ যাবৎ বহুবার করে দিয়ে ফেলেছেন। কিন্তু সেগুলোর উত্তর এই প্রথমবারের মতো আপনাকে বাংলাদেশে বসে দিতে হবে।’
রাহমান হাসলেন। ভদ্র হাসি। জানতে চাইলাম, ‘আপনিই বলুন, কী দিয়ে শুরু করি। ব্যক্তিগত জীবন, নাকি গান?’
তিনি বললেন, ‘গানই তো ভালো।’ কথা শুরু হয়ে গেল। মণি রত্নমের ছবি রোজায় প্রথম কাজ করতে এসেই কীভাবে মাতিয়ে দিলেন পুরো উপমহাদেশ, জানালেন তার ভেতরের রহস্য। তখন তাঁর কল্পনাতেও ছিল না যে জীবনে আর কখনো এ রকম কোনো সুযোগ আসবে। ‘ভেবেছিলাম, এটাই আমার জীবনের প্রথম ও শেষ ছবি। নিজেকে বলেছিলাম, নিজের সেরাটা এতে ঢেলে দাও।’
কথা গড়াতে লাগল প্রসঙ্গান্তরে। কিংবদন্তি তামিল সুরকার ইল্লায়া রাজার সঙ্গে কীভাবে তাঁর শুরু। মণি রত্নমের ছবিই প্রথম তাঁকে তুলে দিয়েছিল জনপ্রিয়তার তুঙ্গে। কতই বা তখন বয়স? ২৫ কি ২৬ বছর। কিন্তু তরুণদের সঙ্গে তাঁর প্রথম কাজ আরও পরে, ভারত বালার সঙ্গে ‘বন্দে মাতরম’-এ। তখনই টের পেলেন, তিনি নিজেও তরুণ বটে। ভারতে ‘বন্দে মাতরম’ গানটি তাঁকে তুলে দিল সুরকারের চেয়েও বড় এক উচ্চতায়।
তাঁকে গল্পে পেয়েছে। বিস্তর কথা বলছেন, হাসছেনও প্রাণ খুলে। সচিব মেয়েটির পাথুরে মুখেও হাসির চিড় ধরল। ঠিক তক্ষুনি দরজার ফাঁকে ফরহাদের মুখ। জরুরি কোনো বার্তা? না, দশ মিনিট শেষ।
কিন্তু রাহমান ততক্ষণে ঢুকে পড়েছেন তাঁর গানের রঙিন জগতে। বিচিত্র তাঁর গান। আজ রক, তো কাল সুফিয়ানা। এই লোকজ, তো এই রাগাশ্রয়ী। ‘ছবির ধরনই এত বিচিত্র। তা ছাড়া একই জিনিস বারবার শোনাতে থাকলে শ্রোতারাও একঘেয়ে হয়ে যাবেন না?’ তার পরও ওসব তো ছবিরই জন্য করা গান। অন্যের ফরমাশের জিনিস। ওসব গান তিনি ভালোবাসেন না, তা নয়। কিন্তু স্রেফ নিজেরই জন্য যে গান, তা করার সময় যে খুব মিলছে না, সেটা বড়ই দুঃখের।
আবারও ফরহাদ। ঢুকেই বললেন, ‘সময় কিন্তু আর নেই। প্লিইইজ!’
কিন্তু রাহমানের কথা যে অফুরান। তাঁর প্রসঙ্গ এখন ধর্ম। আধ্যাত্মিক বোধ কী করে তাঁকে ক্ষুদ্র এক গণ্ডি থেকে নিয়ে এল বৃহতের এক জগতে, ব্যাখ্যা করছিলেন সে কথা। এবারে ফরহাদের প্রবেশ পাঁচ মিনিটের মাথায়। মুখে করুণ অসহায়ত্ব। আর কি না গুটিয়ে পারা যায়?
বহু কথা বাকি রয়ে গেল। কিন্তু যতটুকু পেলাম, মন্দ কী!
সাজ্জাদ শরিফ: ব্যবস্থাপনা সম্পাদক