তাণ্ডবের প্রতিবাদে আবার উত্তাল চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক ১২ দলের আড়ালে জামায়াত-শিবির চট্টগ্রামের সাংবাদিক, প্রেসক্লাব, গণজাগরণ মঞ্চসহ দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগ করে গত শুক্রবার। নগর পুলিশের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনার প্রতিবাদে আবার উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের রাজপথ। গণজাগরণ মঞ্চ ছাড়াও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো জেগে উঠেছে। শুক্রবারের হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ সর্বস্তরের সাংবাদিকেরা গতকাল সমাবেশ করেছেন। প্রতিবাদ সমাবেশ থেকে এই ন্যক্কারজনক হামলার ঘটনার নিন্দার পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। শুক্রবারের হামলার পর তাৎক্ষণিকভাবে স্বতঃস্ফূর্ত তরুণেরা নগরের জামালখানে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার দাবি ও জামায়াত নিষিদ্ধ করার দাবিতে স্লোগান দেন। অপরদিকে উত্তেজিত জনতা শুক্রবার রাতে নগরের জামায়াত কার্যালয়ে ভাঙচুর চালায়।প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজের পর আন্দরকিল্লা মোড়ে সাংবাদিকদের ওপর হামলা করা হয়। পরে প্রেসক্লাব এবং প্রেসক্লাবের সামনের গণজাগরণ মঞ্চে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১২ ইসলামী দলের আড়ালে জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের বাঁচাতে এই তাণ্ডব চালিয়েছে বলে পুলিশ জানায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বলেন, ‘ইসলামী দলগুলোর আড়ালে জামায়াত এই তাণ্ডবলিলা চালিয়েছে। মিছিল থেকে আমরা এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছি। তাঁরা জামায়াত শিবিরের নেতা-কর্মী।’এই ঘটনাকে পরিকল্পিত বলে উল্লেখ করেছে বিভিন্ন সংগঠন। প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কাজী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া ব্যাহত করতে জামায়াত-শিবির চক্র পরিকল্পিতভাবে চট্টগ্রাম প্রেসক্লাব ও গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। তাদের এই হামলার পর জামায়াত নিষিদ্ধ করার দাবিতে এখন চট্টগ্রামের রাজপথ জেগে উঠেছে।’ সাংবাদিক সংগঠন ছাড়াও সুপ্রভাত রাউজান ফাউন্ডেশান, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন জামায়াত শিবিরের তাণ্ডবের তীব্র প্রতিবাদ জানিয়েছে। চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ গতকাল চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। গণজাগরণ মঞ্চের আহ্বায়ক একিউএম সিরাজুল ইসলাম বলেন, ‘জামায়াত সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে, তা একাত্তরকে স্মরণ করিয়ে দেয়। তারা পবিত্র শহীদ মিনার থেকে শুরু করে গণজাগরণ মঞ্চ এমনকি আমাদের জাতীয় পতাকারও অবমাননা করেছে। হামলা করেছে প্রেসক্লাবেও। গণজাগরণ মঞ্চের তরুণদের আন্দোলনে ভীত হয়ে তারা শেষ মরণকামড় দিতে চাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা ও জামায়াতকে রুখে দাঁড়ানোর এখনই সময়।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের রাজপথ জামায়াত নিষিদ্ধের দাবিতে এখন আবার সরব হয়ে উঠেছে।’