তাদের আনন্দের দিন

আকাশ ছোঁয়ার ইচ্ছা কার না জাগে? কিন্তু যার প্রতিদিন দু্ই বেলা ভাত জোটাতে ত্রাহি অবস্থা, তার কি আর আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা মানায়! ফয়’স লেকের রাইড ফেরিস হুইলের চাকা যখন ঘুরতে শুরু করল, তখন সত্যি সত্যি যেন আকাশ ছোঁয়ার আনন্দ পেল একদল পথশিশু। এ রকম আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে ব্যতিক্রম একটি দিন কাটাল এসব সুবিধাবঞ্চিত শিশুরা।
৬ মার্চ নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে সামাজিক সংগঠন বর্ণের হাতেখড়ির উদ্যোগে পথশিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় এই আনন্দ-আয়োজন। কষ্টের জীবন থেকে কিছু সময়ের জন্য আনন্দ-হাসিতে ভরে দেওয়া হয় এসব শিশুদের মন। সকালে শিশুদের হুল্লোড়ে বিভিন্ন রাইডে চড়ার মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। কখনো সার্কাস ট্রেনে, কখনো বেবি কেরাসওয়ালের ঘোড়ার পিঠে চড়ে, আবার সার্কাস সুইংয়ের দোলনায়ও আনন্দে মেতে ছিল সবাই। এভাবে কেটে যায় দুপুর পর্যন্ত।
দুপুরের খাবার শেষে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। এরপর ছিল নাচ-গানের আসর। নেচে-গেয়ে এই পথশিশুরাই মাতিয়ে রাখে ফয়’স লেকের সারা বিকেল। পার্কের সাধারণ দর্শনার্থীদেরও আগ্রহের কেন্দ্রস্থল হয়ে থাকে এই শিশুরা। বর্ণের হাতেখড়ির সদস্যরাও শামিল হন শিশুদের সঙ্গে নেচেগেয়ে।
আয়োজনের শেষ দিকে এম এইচ স্বপনের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় নাচ, গান ও খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সভায় বক্তব্য দেন বর্ণের হাতেখড়ির প্রতিষ্ঠাতা পরিচালক হারুন অর রশিদ খান, সহপরিচালক মাহবুব আলম, দিদারুল ইসলাম, কনকর্ড গ্রুপের মিডিয়া অ্যান্ড মার্কেটিং ব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ, সমাজকর্মী সাবরিনা মালেক প্রমুখ।