তাদের আর বাড়ি ফিরে যেতে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতদিন আমাদের ১৭টি গ্রামের আশপাশে সরকারি-বেসরকারি ১০টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোনো নিম্নমাধ্যমিক বা উচ্চবিদ্যালয় নেই। পঞ্চম শ্রেণী পাস করার পর শিশু শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে হয় ১২ কিলোমিটার দূরে উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ে। রোদ-বৃষ্টির মধ্যে হেঁটে মূল সড়কে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির জন্য। কিন্তু নির্দিষ্ট সময় গাড়ি না পেয়ে বাড়ি ফিরে যেতে হয় অনেককে। সুখবর হলো আগামী জানুয়ারি থেকে এ সমস্যা আর থাকবে না। কারণ দীঘিনালা সেনা তেজস্বী বীরের উদ্যোগে হাজাছড়া জোড়াসেতু এলাকায় তৈরি হচ্ছে একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়। ডিসেম্বরের মধ্যে বিদ্যালয়টির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এতে খরচ হচ্ছে ছয় লাখ সাড়ে ছয় হাজার টাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য অমিয় বিকাশ চাকমা, কাঙ্গারিমার ছড়ার গ্রামপ্রধান শশী ভূষণ কার্বারি, জাম্বুরাপাড়া গ্রামপ্রধান চন্দ্রহংস কার্বারিসহ এলাকার লোকজন জানান, অবশেষে দীঘিনালার ১৭ গ্রামের ছেলেমেয়ের মাধ্যমিক শিক্ষালাভের সমস্যা দূর হচ্ছে। গাড়ির জন্য অপেক্ষার ভোগান্তি তাদের আর পোহাতে হবে না। বিদ্যালয়টি নির্মাণ করে দেওয়ার জন্য সেনা তেজস্বী বীরকে সাধুবাদ জানান তাঁরা। হাজাছড়া এলাকার ষষ্ঠ শ্রেণীর পূর্ণদেবী চাকমা, সুমন চাকমা, নবম শ্রেণীর বিশাখা চাকমা, সপ্তম শ্রেণীর স্বদেশ চাকমা, সপ্তম শ্রেণীর কালাধন চাকমা ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এলেন চাকমা জানায়, এতদিন তাদের বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে সকাল সাতটায় রওনা হয়ে মূল সড়কে এসে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হতো। বর্ষাকালে অনেক সময় গাড়ির জন্য অপেক্ষা করতে করতে বৃষ্টিতে ভিজে শেষ পর্যন্ত ঘরে ফিরে যেতে হতো। বিদ্যালয়টি চালু হলে তাদের আর এমন কষ্ট হবে না। বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা বলেন, হাজাছড়া জোড়াসেতু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য জায়গা কিনেছে এলাকাবাসী। সেনাবাহিনীর সহযোগিতায় বিদ্যালয়ভবন নির্মাণকাজ চলছে। আশা করি আগামী জানুয়ারি থেকে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষাকার্যক্রম শুরু করা সম্ভব হবে। ৮ অক্টোবর বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সেনা তেজস্বী বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোশাররফ হুসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম, প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, স্থানীয় মৌজা প্রধান (হেডম্যান) দীপংকর দেওয়ান, ইউনিয়ন পরিষদের সদস্য অমিয় বিকাশ চাকমা প্রমুখ। বক্তারা বলেন, ‘সুন্দর পৃথিবী গড়তে হলে শিক্ষার আলো প্রয়োজন। আমরা সবার সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করতে চাই।’ বক্তারা এলাকায় শিক্ষাকে প্রাধান্য দিয়ে কাজ করার জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন।প্রসঙ্গত গত ২৪ মার্চ প্রথম আলোয় ‘গাড়ি না পেলে বাড়ি ফেরত’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর এলাকাবাসীর সহযোগিতায় ও নিজেদের অর্থায়নে হাজাছড়া জোড়াসেতু এলাকায় নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় সেনাবাহিনী।