
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমি গ্রামের একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ি। এসএসসি পরীক্ষায় স্কুলের অনেক সহপাঠী আমার থেকেও কম পয়েন্ট নিয়ে শহরের ভালো কলেজে ভর্তি হয়েছে। পারিবারিক আর্থিক অসচ্ছলতা এবং কিছু প্রতিবন্ধকতার কারণে আমাকে একেবারে গ্রাম্য এলাকার এই কলেজে ভর্তি হতে হয়েছে। এখানকার শিক্ষক, সহপাঠী, শ্রেণি কার্যক্রম, পড়ালেখার মান কিছুই আমার ভালো লাগে না। কারও সঙ্গেই আমার পছন্দ, অপছন্দ, দৃষ্টিভঙ্গি, মানসিকতা মেলে না। তাই নতুন বন্ধুও তৈরি হয়নি। তাদের কাছে আমি যেন একটা এলিয়েন। কলেজ শুরুর কয়েক মাস পেরিয়ে গেলেও সব বই এখনো খুলেও দেখা হয়নি। মা-বাবার সঙ্গেও দিন দিন সম্পর্ক খারাপ হচ্ছে। আমার স্বপ্ন পূরণের, যোগ্যতা প্রমাণের পরিবেশ পাচ্ছি না আমি। হতাশা, বিষণ্নতা আর একাকিত্ব আমাকে যেন গ্রাস করে ফেলছে। আমি আর পারছি না, আমি কোনো সমাধান খুঁজে পাচ্ছি না।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তুমি এত সুন্দরভাবে গুছিয়ে চিঠিটি লিখেছ। তোমার ভাষার ওপর চমৎকার দক্ষতা এবং নিজের অনুভূতিগুলো বোঝার ক্ষমতা সত্যিই খুব প্রশংসনীয়। তুমি নিশ্চয়ই প্রতিনিয়ত জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেছ। আর্থিক অসচ্ছলতা এবং অন্যান্য প্রতিবন্ধকতা যে তোমাকে পিছিয়ে রাখেনি তা বোঝা যাচ্ছে। একটি মানসম্মত প্রতিষ্ঠানে পড়তে পারলে তুমি যে মানসিকভাবে ভালো থাকতে তাতে কোনো সন্দেহ নেই। তবে আমরা যদি চারপাশের বৈরিতা ও প্রতিকূলতাকে কিছুটা কম গুরুত্ব দিয়ে নিজের জ্ঞানলাভকে নিশ্চিত করতে থাকি, তাহলে একসময় নিজের প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে যায়। নিজেকে শ্রদ্ধা করতে পারলে চারপাশের মানুষগুলোকেও তারা ঠিক যেমন, তেমনিভাবেই তাদের গ্রহণ করা সম্ভব হয়।
তোমাকে প্রথমে যা করতে হবে তা হচ্ছে শিক্ষক ও সহপাঠীদের প্রতি সহমর্মী হয়ে তাদের অবস্থান থেকে ওদের প্রতিকূলতাকেও বুঝতে চেষ্টা করা। দৃষ্টিভঙ্গি ও মানসিকতার দৈন্য সৃষ্টি হয় শৈশবে আমরা সন্তানদের যথেষ্ট ভালোবাসা, শ্রদ্ধা ও আস্থা দিয়ে বড় করতে না পারার কারণে। প্রাক্-শৈশবে যখন ব্যক্তিত্ব গড়ে ওঠে, তখন মানুষ যদি তার চারপাশে সুস্থ পরিবেশ না পায়, সেটি তো তার অপরাধ নয়, তাই না? সে কারণে ওদের কোনোরকম অবমূল্যায়ন না করে তুমি তোমার মনের আলো দিয়ে ওদের আলোকিত করতে পারো। একজন মানুষ হিসেবে ওদের ব্যক্তিত্বের যে ভালো দিকগুলো রয়েছে, সেগুলো খুঁজে বের করে তুমিও সেখান থেকে কিছু শিখতে পারো। সবাই তো আমাদের বন্ধু হবে না, কিন্তু প্রতে্যক মানুষের মধ্যেই জীবনদর্শন রয়েছে, যা লক্ষণীয়। নিজের সঙ্গে তুমি প্রতিশ্রুতিবদ্ধ হও যে কখনো কোনো অবস্থায় কারও সঙ্গেই নিজেকে একেবারে তুলনা করবে না।
যারা আর্থিক সচ্ছলতার কারণে শহরের ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তাদের সঙ্গে নিজেকে তুলনা না করলে ভালো হয়। যেখানে ভর্তি হয়েছ, সেখানেই তুমি যেন প্রতিদিন নিজেকে আরও যোগ্য করে তুলতে পারো সেই প্রচেষ্টা করো। আর তোমাকে স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করতে দেখলে বাবা-মায়েরও তোমার প্রতি আস্থা তৈরি হবে। এ ছাড়া ইন্টারমিডিয়েটের সময়টি খুব অল্প বলে তোমার এখন একেবারেই সময় নষ্ট করা ঠিক হবে না। মানকে তৈরি করে, দৃঢ়প্রত্যয় নিয়ে নিজের প্রতি আস্থাকে সঞ্চয় করে প্রস্তুতি নিতে শুরু করো, কেমন? তুমি যে একজন অদম্য মেধাবী হতে পারো এ বিশ্বাস কিন্তু তোমাকে একসময় ভালো একটি অবস্থানে যেতে খুব সহায়তা করবে। স্নাতক পর্যায়ে আশা করছি তুমি নিজের পছন্দনীয় বিষয় নিয়ে পড়তে পারবে।