তাদের কী অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে নানিয়ারচরের তিন আদিবাসীপাড়া। ক্ষতিগ্রস্ত আদিবাসীদের আপাতত মাথা গোঁজার ঠঁাই হয়েছে তাবুতে। ছবিটি ২৫ ডিসেম্বর সুরিদাসপাড়ার করুণা বিহার প্রাঙ্গণ থেকে তোলা l সুপ্রিয় চাকমা
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে নানিয়ারচরের তিন আদিবাসীপাড়া। ক্ষতিগ্রস্ত আদিবাসীদের আপাতত মাথা গোঁজার ঠঁাই হয়েছে তাবুতে। ছবিটি ২৫ ডিসেম্বর সুরিদাসপাড়ার করুণা বিহার প্রাঙ্গণ থেকে তোলা l সুপ্রিয় চাকমা

রাঙামাটির নানিয়ারচরের করুণা বিহার মাঠে সারি সারি তাঁবু। এর একটির সামনে বসে আছেন বছর পয়তাল্লিশের কুমার্য চাকমা। চোখে–মুখে আতঙ্ক। সাত দিন আগের সেই বিভীষিকার কথা ভুলতে পারছেন না।
পরিবার-পরিজন নিয়ে প্রাণ বাঁচাতে পারলেও পুড়ে গেছে সব। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ঘর মিশে গেছে মাটির সঙ্গে। এখন ঠাঁই হয়েছে তাঁবুতে। কনকনে এমন শীতের রাতে স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকছেন এখানে। সুরিদাস পাড়ায় তিন কক্ষের ঘর ছিল তাঁর। কুমার্য চাকমার মতো আরও ৫০ আদিবাসী পরিবারেরও একই অবস্থা। সাবাই থাকছে তাঁবুতে।
কিন্তু তাদের কী অপরাধ? কেন তাদের ঘর পুড়িয়ে দেওয়া হলো, সেই উত্তর খুঁজে পাচ্ছে না নিরীহ এসব মানুষ। কৃষিকাজ করে দিন যাপন করছিল তারা। হঠাৎ করে নেমে এলো বিপদ।
তাঁবু থেকে দেখা যায় কুমার্য চাকমার বসতভিটা। তবে সেখানে এখন ঘরের অস্তিত্ব নেই। কাত হয়ে আছে পোড়া খঁুটিগুলো। আগুনে গলে যাওয়া থালাবাসন পড়ে আছে এক পাশে। পরনের কাপড় নিয়ে পাশের পাহাড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন এই আদিবাসী কৃষক।
১৬ ডিসেম্বর একদল দুর্বৃত্ত ১৪ মাইল এলাকায় নবীন তালুকদারপাড়া, সুরিদাসপাড়া ও বগাছড়ি ক্যাম্পপাড়া নামের তিনটি আদিবাসী গ্রামে হামলা ও অগ্নিসংযোগ করলে ৫৪টি বসতবাড়ি ও সাতটি দোকান পুড়ে যায়। এ সময় একটি বৌদ্ধমন্দিরে ভাঙচুর করে পিতলের পাঁচটি বুদ্ধমূর্তিও নিয়ে যাওয়া হয়। তার একদিন আগে ১৫ ডিসেম্বর রাতে বাঙালিদের দখলে থাকা আনারস ও সেগুনবাগান রাতের আঁধারে কে বা কারা নষ্ট করে দেওয়ার প্রতিক্রিয়ায় আদিবাসী গ্রামে হামলা চালানো হয় বলে পুলিশ ও প্রশাসন নিশ্চিত করেছে। এই ঘটনার জন্য উভয় পক্ষের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পরস্পরকে দায়ী করছেন।
কুমার্য চাকমা বলেন, ‘থাকার ও রান্নার ঘর ছিল আলাদা। কিন্তু দুটিই পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই ছোট তাঁবুতে কোনো রকম স্ত্রী ও ছেলেদের নিয়ে আছি। তাঁবুর বাইরে খোলা আকাশের নিচে রান্না করতে হচ্ছে। সরকারের কাছ থেকে এখনো তেমন কোনো সহায়তা পাইনি।’

সামনের দিনগুলো কীভাবে কাটবে? সেই শঙ্কা এখন কুমার্য চাকমা ও তাঁর স্ত্রীর চোখেমুখে l প্রথম আলো
সামনের দিনগুলো কীভাবে কাটবে? সেই শঙ্কা এখন কুমার্য চাকমা ও তাঁর স্ত্রীর চোখেমুখে l প্রথম আলো


আগুনে পুড়ে যায় বগাছড়ি ক্যাম্প পাড়ার ২৭ বছর বয়সী তোষণ মণি চাকমার ঘরও। ওই দিনের ঘটনার বর্ণনায় বলেন, ‘কয়েক শ বাঙালি প্রথমে দোকানে হামলা চালায় ও ভাঙচুর করে। পরে করুণা বিহারে হামলা করে। সেখানে ভান্তেকে মারধর করার পর বিহারের খড়ের গাদায় আগুন দেয়। এরপর ঘরে আগুন দেওয়া শুরু করে। আমরা ভয়ে পাহাড়ে উঠে যাই। হামলাকারীরা আগুন দিয়ে চলে যাওয়ার আড়াই ঘণ্টা পর আমরা বাড়িতে ফিরে আসি। তখন এসে দেখি, আমাদের আর কিছুই নেই।’
রাঙামাটি জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, ‘আমি আজকেই যোগদান করেছি। তবে নানিয়ারচরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাঁবু দিয়ে অস্থায়ী ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পরে পুনরায় ঘর নির্মাণ করে দেওয়া হবে।’
এদিকে চাষি মোহাম্মদ শাহজাহানের চাষ করা প্রায় দুই লাখ আনারসের চারা কেটে ফেলে দুর্বৃত্তরা। তিনি প্রথম আলোকে বলেন, ‘মাঘ মাসে দুই একর জমি ইজারা নিয়ে দুই লাখ আনারস চারা রোপণ করি। কিন্তু গভীর রাতে কে বা কারা এসব চারা কেটে ফেলে। উপজাতিদের মধ্যে দুষ্টু লোক রয়েছে। তাঁরা এই কাজ করে থাকতে পারে।’
হামলাকারীদের মারধরের শিকার ৮৪ বছর বয়সী আ বা ছা ভিক্ষু বলেন, ‘দোকানে হামলার পর বিহারে হামলা চালানো হয়। তারা এসে আমাকে থাপড় দেয়। আমার জীবনে এই প্রথম কেউ গায়ে হাত তুলল। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।’
তবে আ বা ছা ভিক্ষুর দুঃখ অন্য জায়গা। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তারা বিহার থেকে পিতলের পাঁচটি মূর্তি নিয়ে গেছে। আমার ভগবানের মূর্তি ভাঙচুর করেছে। আসন থেকে ফেলে দিয়েছে। ভগবান লজ্জা পেয়েছেন। তাই মুখ দেখাচ্ছেন না।’ কথা বলার সময় দেখা যায়, বুদ্ধমূর্তি মুখ উল্টানো অবস্থায় নিচে পড়ে আছে।
নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা বলেন, ‘আদিবাসীরা যেন ক্ষতি পুষিয়ে নিতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে। সম্প্রীতি ফিরিয়ে আনতেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’