তাদের জন্য ত্বকের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম বয়সের মেয়েদের ত্বক এমনিতেই ভালো থাকে। সামান্য যত্ন নিলেই ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ঠিক থাকে। ঘরে বসেই তাঁরা ত্বকের যত্ন নিতে পারেন। ‘টিনএজ বয়সে ফেয়ার পলিশ বা ফেসিয়াল করা উচিত নয়। যদি কারও ত্বক খুব তৈলাক্ত থাকে, তখন ত্বকের গভীর থেকে তেলময়লা দূর করতে ক্লেনজিং ফেসিয়াল করতে পারো।’ বলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান।সব বয়সের ত্বকের জন্য সঠিকভাবে ক্লেনজিং করা ভীষণ জরুরি। সকালে ও রাতে ভালোভাবে মৃদুক্ষারের ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। এখন বাজারে ত্বকের ধরন অনুযায়ী নানা ধরনের ফেসওয়াশ পাওয়া যায়। ত্বক পরিষ্কারের পরে ময়েশ্চারাইজার লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে। তবে কারও ত্বক বেশি শুষ্ক হলে রাতে ঘুমানোর আগে নাইট ক্রিম ব্যবহার করা যেতে পারে।টিনএজ বয়সে খুব একটা ভারী মেকআপ করা ঠিক নয়। কখনো কোনো অনুষ্ঠান বা কোনো বিশেষ কারণে যদি করতেই হয়, তাহলে ভালোভাবে তা তুলতে হবে। এই বয়সে ত্বক একটু ব্রণপ্রবণ থাকে। ত্বকে মেকআপ থেকে গেলে পরবর্তী সময়ে ব্রণের সমস্যা হতে পারে। কানিজ আলমাস খান মনে করেন, এই বয়সে বাড়িতেই নিজের ত্বকের যত্ন নেওয়া যেতে পারে। ছুটির দিনগুলোয় ঘরে বানানো প্যাক ব্যবহার করতে পারেন। নিয়মিত অ্যালোভেরা জেল করতে পারেন। শুষ্ক ও স্বাভাবিক ত্বকের জন্য মসুর ডাল, কাঁচা হলুদ ও দুধের সর একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। আর তৈলাক্ত ত্বকে ডিমের সাদা অংশ ও মধু মিশিয়ে ব্যবহার করলে ত্বক সতেজ সুন্দর থাকবে। তৈলাক্ততাও কমে যাবে।শুধু মুখের যত্ন নিলে তো হবে না। যেহেতু এখন শীতকাল হাত পা ও চুলের সমান যত্ন নিতে হবে। এ জন্য মাসে অন্তত দুবার মেনিকিউর প্যাডিকিউর করাতে হবে। বাড়িতে সম্ভব না হলে বিউটি পারলারে গিয়েও করাতে পারেন। ধুলা-ময়লার কারণে প্রতিদিন শ্যাম্পু করতে হবে। সপ্তাহে এক দিন চুলে তেল লাগাতে হবে। শুধু বাহ্যিক চর্চা করলেই হবে না, জীবনযাপনেও পরিবর্তন আনতে হবে। রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে। দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি খেতে হবে। শীতের সময়টায় শাকসবজি ও ফলমূল বেশি খেলে ত্বকও ভালো থাকবে।