
কৈশোর এমন এক সময়, যেখানে না পারা যায় আগের মতো সবকিছু করতে, না পারা যায় বড়দের মতো সব মানিয়ে নিতে। সমস্যা যখন সবকিছুতেই, তখন খাবারের ব্যাপারটাও একটা বড় সমস্যা বটে।
আজকাল অনেক মা-বাবাকেই বলতে শোনা যায়, আমার বাচ্চা তো বাইরের খাবার বেশি ভালোবাসে। বাড়িতে বানানো খাবার সে মুখে তুলবে না, অথচ বাইরে থেকে আনা একই খাবার আনন্দ নিয়ে খাচ্ছে। তারপরও তার জন্য চাই সুষম ও পুষ্টিকর খাবার। জানালেন ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ।
শামসুন্নাহার নাহিদ বললেন, কিশোর-কিশোরী বা টিনএজারদের খাবার নিয়ে খুব একটা ভাবতে হয় না কখনোই। শুধু খেয়াল রাখতে হবে তারা যা খাচ্ছে তা যেন স্বাস্থ্যকর হয়। প্রায় প্রত্যেক শিশু-কিশোরই পাস্তা, পিৎজা, কাবাব-নান খেতে আগ্রহী। শুধু খেয়াল রাখতে হবে তারা যা খাচ্ছে তা যেন বাড়িতে বানানো হয়। সেটা সম্ভব না হলে রাস্তার পাশে বা খোলা জায়গায় তৈরি না হয়। ভালো জায়গা থেকে আনা স্বাস্থ্যসম্মত খাবার তারা নিজেদের পছন্দমতো খেতে পারে।
নিয়মিত সময়ে ঠিকমতো খাওয়াদাওয়া না করলে মাইক্রো নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি তৈরি হয়। তবে সমস্যাটি কিন্তু এক দিনে দেখা যাবে না। সমস্যা চোখে পড়বে অনেকটা সময় পর। মাইক্রো নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সির জন্য তৈরি হতে পারে চুল পড়ে যাওয়া, চেহারার লাবণ্য হারানোর মতো সমস্যা। দেখা যাবে পরে যখন সে স্বাভাবিক খাবার খেতে যাবে, তখন তার ইনডাইজেশন (বমি, পেট ব্যথা, হজমে সমস্যা, অ্যাসিডিটি) তৈরি হতে পারে। সময়মতো না খেয়ে একবারে খুব বেশি খেয়ে ফেললে অ্যাবডমিনাল ফ্যাট বেড়ে যাবে।
শামসুন্নাহার নাহিদ আরও জানান, কেউ যদি স্বাস্থ্যসচেতন হয়, তাহলে সে ক্লিয়ার স্যুপ খাবে, আর নইলে সাধারণ থাই স্যুপ খেতে পারবে। প্রতিটি খাবার যদি পুষ্টিকর হয় আর ভালো জায়গা থেকে রান্না করা হয়, তাহলে এই বয়সে খাওয়া যাবে সবকিছুই।