তাদের পাশে বন্ধুরা...

সাত বছরের শিশু শাহজাহান। খালি গায়ে সারা দিন হেঁটে বেড়ায় নগরের প্রবর্তক থেকে জিইসি এলাকা। হাতে থাকা বস্তা কাগজ কুড়িয়ে ভর্তি করে সে। এরপর সেই বস্তাভর্তি কাগজ বিক্রি করে যা আয় হয় তার পুরোটাই সন্ধ্যা হলে তুলে দেয় মায়ের হাতে। মা-ও সারা দিনের কাজ করে যা পান তা দিয়ে মা-ছেলের টেনেটুনে দিনে দুই বেলা আহার জোটে। সেখানে ঈদে নতুন জামা কেনার কথা ভাবাই যায় না। হঠাৎ একটি পাঞ্জাবি পেয়ে সে কী উচ্ছ্বাস তার!
গত সোমবার বিকেলে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা শাহজাহানের হাতে তুলে দেন এই নতুন পোশাক। শুধু শাহজাহান না, প্রায় শতাধিক শিশুর মুখে হাসি ফুটিয়েছেন বন্ধুরা। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এ আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রাম বন্ধুসভা।
৬ জুলাই বেলা তিনটায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা আলমগীর হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হলের কর্মচারীদের হাতে ঈদের নতুন কাপড় তুলে দেন বন্ধুরা। এরপর বন্ধুরা কাপড় বিতরণ করেন জিইসি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে। এখানে ২০ শিশুর হাতে ঈদের নতুন কাপড় তুলে দেওয়া হয়। বিকেল সাড়ে চারটায় নগরের প্রবর্তক মোড় এলাকায় কাপড় বিতরণ করা হয়। এখানেও ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুকে ঈদবস্ত্র দেওয়া হয়। এরপর বন্ধুরা মুরাদপুর এলাকায় ২০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে নতুন কাপড় তুলে দেন।
কাপড় পেয়ে আনন্দিত ঝাউতলা বস্তির রিমন আলী (৯)। সে বলল, ‘এই কাপড় পরে ঈদের দিন বন্ধুদের নিয়ে ঘুরব।’ ঈদবস্ত্র বিতরণের এ আয়োজনে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যসচিব পায়েল দত্ত, সদস্য সাইদুল ইসলাম, সফিকুল আলম, রুপম দেবনাথ, চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি জয়শ্রী দাশ, সাধারণ সম্পাদক শিহাব জিশান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যোগাযোগ সম্পাদক মিনহাজ হোসাইন, সাহিত্য সম্পাদক সঞ্জয় বিশ্বাসসহ ৩০ জন বন্ধু উপস্থিত ছিলেন।