তাদের মুখে হাসি ফোটাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েট, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ও গোয়ালন্দ বন্ধুসভা ইফতারের আয়োজন করে। এই আয়োজন ছিল এতিমদের জন্য। চার বন্ধুসভার বন্ধুরা অসহায়-এতিমদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন। বুয়েট বন্ধুসভা পথশিশুদের নিয়ে ইফতারের আয়োজন করে। আমরা তাঁদের অভিনন্দন জানাই।
বেশ কয়েকটি বন্ধুসভা অসহায় শিশুদের নতুন জামা পরিয়ে দেবে ঈদ উপলক্ষে। বন্ধুরা নিজেদের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করেছেন।
আমাদের এ সংবাদ প্রকাশের পর নিশ্চয় অন্য আরও বন্ধুসভার বন্ধুরাও এগিয়ে আসবেন। আমরা তাঁদের উদ্যোগের অপেক্ষায় থাকলাম।
প্রতিবারের মতো এবারও বরিশালের বন্ধুরা যাবেন একটি বৃদ্ধা আশ্রমে। বন্ধুরা তাঁদের ইফতার করাবেন। তাঁদের সঙ্গে বসে নিজেরাও ইফতার করবেন। বৃদ্ধাদের হাতে তুলে দেবেন নতুন কাপড়। তাঁদের পাশে দাঁড়াবেন। তাঁদের মুখে হাসি ফোটাবেন। বন্ধুরা হয়ে যাবেন তাঁদের সন্তান। এই সন্তানদের আমরা অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখি।
আমি বারবার এক লাখের একটি সহজ হিসাবের কথা বলি। সেটি হচ্ছে, এক লাখ বন্ধু প্রত্যেকে একটি করে জামা অসহায় শিশুদের উপহার দিলে তার সংখ্যা হয় এক লাখ। ভাবতেই কেমন বুক ভরে ওঠে খুশিতে। ব্যক্তিপর্যায় থেকে এ কাজগুলো আমরা করতে পারি। নিশ্চয় নীরবে নীরবে এই কাজগুলো হয়! যাদের হিসাব আমাদের হাতে নেই।
বন্ধুরা দাঁড়াক অসহায় মানুষের পাশে। তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব হোক বন্ধুদের।