তাদেরও তো দাবি ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ দফা দাবি আদায়ে আজ থেকে ধর্মঘটে যাচ্ছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। তাঁদের অন্যতম প্রধান দাবি, অ্যাপভিত্তিক পরিবহনসেবা উবার ও পাঠাও বন্ধ করতে হবে। এ রকম দাবি নিয়ে ধর্মঘট কিন্তু আরও অনেকেই করতে পারেন। উদাহরণসহ দেখাচ্ছেন আসফিদুলহক

বিশিষ্ট ঋণখেলাপিদের দাবি

ব্যাংক খাতে চলছে সীমাহীন নৈরাজ্য, দিনে দিনে বাড়ছে ঋণখেলাপির সংখ্যা। পাশাপাশি তারল্যের সংকটে ভুগছে দেশের অনেক সরকারি-বেসরকারি ব্যাংক। এভাবে চলতে থাকলে একসময় দেখা যাবে কোনো ব্যাংকেই আর টাকাপয়সা নেই। তখন কিন্তু আমাদের দেশের বিশিষ্ট ঋণখেলাপিদের ভীষণ বিপদ হবে। কারণ, ঋণ নিয়ে লোপাট না করে দিলে তাঁদের আবার পেটের ভাত হজম হয় না। তাই হজমসংক্রান্ত সমস্যা থেকে রক্ষা পেতে এখনই সময় ঋণখেলাপিদের সজাগ হওয়ার। নব্য ঋণখেলাপিদের হাত থেকে রক্ষা পেতে তাঁরাও এবার দুম করে একটা ধর্মঘট ডেকে বসতে পারেন। সে ক্ষেত্রে তাঁদের যৌক্তিক দাবিগুলো

হবে এ রকম—

* ছ্যাঁচড়া ঋণখেলাপিদের (১০০ কোটি টাকার নিচে যাঁরা ঋণখেলাপি) আইনের আওতায় আনতে হবে।

* বিশিষ্ট ঋণখেলাপিদের জন্য আলাদা একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। ব্যাংকের নাম হবে ঋণখেলাপি ব্যাংক।

* প্রতিবছর সর্বোচ্চ ঋণখেলাপিদের আলাদা পুরস্কার ও সম্মাননা দিতে হবে। সম্মাননার নাম হবে ‘খেলাপি বাহাদুর’ বা ‘বীর খেলাপি’।

ডাকপিয়নদের দাবি

একসময় মনের ভাব কিংবা গুরুত্বপূর্ণ খবর আদান-প্রদানের জন্য চিঠিই ছিল একমাত্র সহজলভ্য মাধ্যম। সেই সূত্রে ডাকপিয়নদের ছিল ভীষণ ব্যস্ততা ও চাহিদা। কিন্তু ‘ই-মেইল’ নামক আধুনিক ব্যবস্থা উড়ে এসে জুড়ে বসায় ডাকপিয়নদের সেই চাহিদা আর নেই। কিছুদিন পর হয়তো ডাকপিয়ন পদটাই জাদুঘরে ঠাঁই পাবে। তাই এখনই সময় ডাকপিয়নদের জেগে ওঠার। তাঁদের দাবিগুলো হবে এ রকম—

* সরাসরি ই-মেইল পাঠানো নিষিদ্ধ করতে হবে। এখন থেকে প্রতিটি ই-মেইল আগে ডাকপিয়নদের কাছে পাঠাতে হবে। তারপর তাঁরা সব ই-মেইল একসঙ্গে প্রিন্ট করে প্রত্যেকের বাসায় পৌঁছে দেবেন।

* আগে ডাকপিয়নদের নিয়ে কবি-সাহিত্যিকেরা গল্প-কবিতা লিখতেন। কিন্তু ই-মেইল চালু হওয়ার পর কবি-সাহিত্যিকদের কাছে ডাকপিয়নেরা এখন ভাশুরের মতো। তাই এখন থেকে প্রত্যেক কবি-সাহিত্যিককে বাধ্যতামূলকভাবে ডাকপিয়নদের নিয়ে কবিতা লিখতে হবে।

* পরীক্ষার সব ফাঁস করা প্রশ্নপত্র সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করা জরুরি। অ্যাপের বদলে ডাকপিয়নদের মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্নপত্র ক্রেতার কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।

পচা গম আমদানিকারকদের দাবি

দেশের চাহিদা অনুযায়ী প্রচুর গম বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। কিন্তু এই আমদানি করা গম নিয়ে প্রায়ই ভোক্তাদের পড়তে হয় ‘কাভি খুশি কাভি গম’ অবস্থায়। কারণ, কিছু ‘দুষ্টু’ আমদানিকারক অধিক মুনাফার আশায় প্রায়ই পচা গম এনে ভালো গমের সঙ্গে মিশিয়ে বাজারে ছেড়ে দেন। কিন্তু ইদানীং আমরা শুনেছি নিম্নমানের গম বহনকারী কয়েকটি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে এসব ‘পচা’ আমদানিকারক পড়েছেন বিপাকে। এখন তাঁরাও কিন্তু একটা ধর্মঘট ডেকে বসতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের দাবি হবে এ রকম—

* পচা গমের পুষ্টিমান সম্পর্কে সাধারণ মানুষকে অবশ্যই সচেতন হতে হবে।

* পচা গম আমদানিতে বাধা দেওয়ায় ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, তা অতি দ্রুত পূরণ করতে হবে।

* পচা গম আমদানির সুবিধার্থে সুদমুক্ত ব্যাংকঋণ চালু করতে হবে।

সিঁধেল চোরদের দাবি

আমাদের দেশের সিঁধেল চোরেরা একসময় জমিদারের মতো দিন কাটিয়েছে। ইচ্ছা হলেই যেকোনো বাড়িতে তারা সিঁধ কেটে ঢুকে যেত। কিন্তু দিন বদলের পালায় এখন মানুষ ঘরে টাকাপয়সা না রেখে ব্যাংকে রাখে। সেখানে আরও বড় বড় চোরের আনাগোনা, তাই সিঁধেল চোরদের সময় খারাপ যাচ্ছে। এই সুযোগে তারা নিম্নলিখিত কয়েকটি দাবি নিয়ে একটা ধর্মঘটের ডাক দিতে পারে—

* ছোট হোক বা বড়, প্রত্যেক চোরকে অবশ্যই সরকারিভাবে রেজিস্ট্রেশনের

আওতায় আনতে হবে।

* যেকোনো চুরির সময় চোরদের গায়ে তেল মাখা বাধ্যতামূলক করতে হবে। শিক্ষিত, অশিক্ষিত, হ্যাকার বা যেকোনো পেশাজীবীদের ক্ষেত্রে এই নিয়ম সমানভাবে প্রযোজ্য হবে।

* সব ধরনের চোরদের আইনের আওতার বাইরে রেখে নতুন আইন তৈরি করতে হবে।

মোমবাতি ব্যবসায়ীদের দাবি

একসময় মোমবাতিই ছিল লোডশেডিংয়ে আমাদের একমাত্র ভরসা। কিন্তু এখন বিভিন্ন ধরনের রিচার্জেবল লাইট সহজলভ্য হওয়ায় জন্মদিনের অনুষ্ঠান ও ক্যান্ডেল লাইট ডিনার ছাড়া মোমবাতি তেমন একটা ব্যবহার করা হয় না। তাই জাদুঘরে ঠাঁই হওয়ার আগেই মোমবাতি ব্যবসায়ীরা মোম জ্বালিয়ে একটা ধর্মঘট ডাকতে পারেন। সে ক্ষেত্রে যৌক্তিক দাবিগুলো

হবে এ রকম—

* ‘মোমবাতির আলো, ঘরে ঘরে জ্বালো’ স্লোগান বাস্তবায়নে সবার ঘরে মোমবাতির ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।

* সব ধরনের রিচার্জেবল লাইট ব্যবহারের ওপর আলাদা করে বিদ্যুৎকর, আয়কর এবং জানা-অজানা সব ধরনের কর বসাতে হবে।

* প্রতিদিন নিয়ম করে সন্ধ্যার পর ‍দুই থেকে তিন ঘণ্টা লোডশেডিং দিতে হবে।