তাপমাত্রার ইশারায় পাখা ঘুরবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুমানোর সময় গরমে স্বস্তি দেয়, আবার ভোরের দিকে ঠান্ডা অনুভূত হয়। বৈদ্যুতিক পাখা নিয়ে এমন বিব্রতকর অভিজ্ঞতা প্রায় সবারই আছে। এ সমস্যার সমাধানে তাপমাত্রা সংবেদনশীল পাখা উদ্ভাবন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুইজন ছাত্র। কক্ষের তাপমাত্রা কমে গেলে নতুন উদ্ভাবিত এ পাখার গতি কমে যাবে, আবার তাপমাত্রা বাড়লে বেড়ে যাবে। আলী রেজা ও এস এ সম্রাট নামের চুয়েটের দুই শিক্ষার্থী এমন পাখা উদ্ভাবন করেছেন। এতে করে ঘুমন্ত লোকজনকে আর জেগে উঠে রেগুলেটর ঘুরিয়ে পাখার গতি নিয়ন্ত্রণ করতে হবে না।এই পাখা তৈরি করতে গিয়ে তাঁরা পাখার সঙ্গে তাপমাত্রার প্রতি সংবেদনশীল একটি সংবেদক (সেন্সর) যুক্ত করেছেন। উদ্ভাবকেরা এই সংবেদকের নাম দেন ‘কস্ট ইফেকটিভ টেম্পারেচার সেন্সর’।উদ্ভাবক এস এ সম্রাট বলেন, ‘তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভোল্টেজের পরিবর্তন হয়। বিদ্যুতের এ আচরণের কথা মাথায় রেখেই মূলত এমন পাখা তৈরির কথা ভেবেছি। এ জন্য আমরা একটি সংবেদক তৈরি করেছি।’ আলী রেজা গালিব জানান, তাঁদের তৈরি সংবেদক দ্বারা শুধু বৈদ্যুতিক পাখাই নয়, অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র যেমন—শীতাতপ নিয়ন্ত্রক, ইঞ্জিন, কেটলি, রেফ্রিজারেটর, ওভেনসহ বিভিন্ন যন্ত্রপাতির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া অগ্নিনির্বাপক রোবটে এ সংবেদক ব্যবহার করা যাবে। তাপমাত্রা অত্যধিক বেড়ে গেলে এ সংবেদক সংকেত দেবে ও রোবট আগুন নেভাতে তৎপর হবে। সম্রাট বলেন, তাপমাত্রা নিয়ন্ত্রণকারী এ সংবেদক ব্যবহার করে বিদ্যুৎ অপচয় অনেকাংশে কমানো সম্ভব। প্রযুক্তি বাজারজাত করতে ১৪০ থেকে ১৫০ টাকা খরচ পড়তে পারে।চুয়েটের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক পরিতোষ কুমার বলেন, ‘এ সংবেদকের কার্যক্ষমতা আরেকটু বাড়িয়ে বাজারজাত করতে পারলে বৈদ্যুতিক যন্ত্র নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ সহজ হবে। বিদ্যুতের অপচয়ও কমবে।’