তাপসের কাঠপেন্সিল

দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় কেউ প্রতিষ্ঠা করেছেন দাতব্য সংগঠন, কেউ আবার দুর্গম চরে স্থাপন করেছেন স্কুল। আপন আলোর দীপ্তিতে তাঁরা হয়ে উঠেছেন শিক্ষার্থীদের প্রেরণা, এলাকার সর্বজন শ্রদ্ধেয়। দেশজুড়ে ছড়িয়ে থাকা এমন ১১ জন শিক্ষককে সম্মানিত করেছে আইপিডিসি ও প্রথম আলো। এখানে পড়ুন ময়মনসিংহের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের জ্যেষ্ঠ শিক্ষক তাপস মজুমদারের কথা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপস মজুমদার ময়মনসিংহের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের জ্যেষ্ঠ শিক্ষক
ছবি: সংগৃহীত

চারুকলার শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের ছবি আঁকা শেখানোর কাজটি ঠিকঠাকমতো করলেই তাঁর দায়িত্ব শেষ। কিন্তু নিজেকে এই রুটিন দায়িত্বের মধ্যে বন্দী করে রাখতে চাননি তাপস মজুমদার। শিক্ষার্থীদের নিয়ে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, গড়ে তুলেছেন একটি সংগঠন। তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন আরও শিক্ষক। এখন স্বপ্ন দেখেন সারা দেশেই যেন ছড়িয়ে যায় এ চেতনা।

তাপস মজুমদার ময়মনসিংহের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের জ্যেষ্ঠ শিক্ষক। নিজের বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যাঁদের পরিবার দরিদ্র ও অসহায়, তাদের পাশে অর্থসহায়তা দিতে গড়ে তুলেছেন ‘কাঠপেন্সিল’। নিজের বিদ্যালয়ের সচ্ছল পরিবারের শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে এ সংগঠন। কিছুদিনের মধ্যে কাঠপেন্সিলের কর্মকাণ্ডে আপ্লুত হয়ে বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরও অনেক শিক্ষক, অন্য বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা কাঠপেন্সিলের সঙ্গে যুক্ত হয়েছেন।

৩০ বছর ধরে শিক্ষকতা করছেন তাপস মজুমদার। এই ৩০ বছর ধরেই তিনি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। অনিয়ম, দুর্নীতি আর অসৎভাবে টাকা উপার্জনের চেয়ে সৎ পথে থেকে কম উপার্জন করে চলা শ্রেয়—এ দীক্ষা তিনি ছড়িয়ে যাচ্ছেন নিজের শিক্ষার্থীদের মধ্যে।