তাবিজ
তাবিজ-কবজের ওপর আমার মা ও বড় বোনের বিশ্বাস পর্বতের চেয়েও অটল। ছোট ছেলে ও দুষ্টু হওয়ার কারণেই আমার কোমরে তাবিজ বাঁধত আগে। ঢাউস সাইজের সেই তাবিজ বাহু কিংবা কোমরে নিয়ে ঘুরে বেড়াতাম। হালকা বমি থেকেও ছোটখাটো সমস্যায় শহরের নামকরা হুজুর খাদেম মাওলানার কাছ থেকে তাবিজ নিয়ে আসত। অনেক আপত্তির পরও বেঁধে দিত তাবিজ। তখন ভাবতাম, বড় হলে এই জ্বালা যাবে।এসএসসির রেজাল্ট ভালো হলো। প্রথমবারের মতো সবাইকে ছেড়ে বরিশালে পড়তে এলাম। একা একা থাকি। মন অস্থির থাকে। পড়ায় মন বসে না। খাওয়া-দাওয়ার ঠিক নেই। সারা দিন ঘোরাঘুরি করি আর পাবলিক লাইব্রেরিতে বই পড়ি। ফল খারাপের থেকেও খারাপ। কঠিন অসুখ করল। শরীর শুকিয়ে কাঠ। কিচ্ছু খেতে পারি না। বাড়িতে গিয়ে সারা দিন শুয়ে থাকি। মা ও আপা অস্থির হয়ে পড়েন। রোগ বাড়তে থাকে। একদিন রাতে খুব শান্ত কণ্ঠে মাকে বললাম, ‘ডাক্তারের ওষুধে তো কাজ হলো না। খাদেম মাওলানার কাছ থেকে একটা তাবিজ আনবা?’মা আমার হাত ধরে ঝর ঝর করে কেঁদে বললেন, ‘বাবা রে শরীরের এত বড় অসুখ তাবিজে সারে না। তোকে বরিশালে ডাক্তারের কাছে নেব।’ ঠিক ওই দিন বুঝলাম, তাবিজটা আসলে মায়ের কাছে ভালোবাসার প্রকাশমাত্র। তাই অবিশ্বাস থাকা সত্ত্বেও আজও মায়ের দেওয়া তাবিজ কোমরে বেঁধে রেখেছি পরম যত্নে। ওটা যে ভালোবাসা। আমি ভালোবাসার কাছে চিরদিনই দুর্বল।আল জহির চৌধুরীআইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।