জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবর্তক চাকমা বলেছেন, ‘কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে কৃষকদের তামাক চাষকে না বলতে হবে। কৃষকেরা তাৎক্ষণিক লাভের আশায় তামাক চাষ করে মাটি ও পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতি করছেন।’ গত সোমবার রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলায় দুই দিনব্যাপী কৃষিপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি তামাক চাষ বন্ধে যৌথ উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান। বেসরকারি সংস্থা স্ট্রাটেজিক অ্যাকশন সোসাইটির (সাস) জনগোষ্ঠী ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাক্মা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাক্মা, ইউএনডিপি প্রতিনিধি সুবিমল বড়ুয়া, বনরত্ন চাকমা ও সাসের নির্বাহী পরিচালক নন্দ কিশোর চাক্মা। এর আগে উপজেলা চেয়ারম্যান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। মেলায় উপজেলার চারটি ইউনিয়ন থেকে ২১টি পাড়া উন্নয়ন কমিটি এবং উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, উপজেলা মৎস্য দপ্তর, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শন করেন।