তামাক চাষ বাড়ছে রামগড়েও
খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় তামাকের চাষ বাড়ছে। কয়েকটি তামাক কোম্পানি কৃষকদের অগ্রিম টাকাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। ফলে, বেশি লাভের আশায় কৃষকেরা তামাক চাষের দিকে ঝুঁকছেন। এতে পরিবেশদূষণ বাড়ার পাশাপাশি খাগড়াছড়ি জেলার খাদ্য উৎপাদন কমারও আশঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, রামগড় ১ নম্বর ইউনিয়নের লাছারিপাড়া, লক্ষ্মীছড়া, হাজাছড়া, ওয়াছু মৌজা, ধনীরামপাড়া, দাঁতারামপাড়া, মুসলিমপাড়া, পিলাকছড়া, অভ্যা মৌজা, সোনাই আগা ও নলুয়াছড়া এলাকায় তামাক চাষ বাড়ছে। এসব এলাকায় পাতা শুকাতে খেতের পাশে বড় বড় চুল্লিও স্থাপন করা হয়েছে।
লক্ষ্মীছড়ার কৃষক মো. সাইফুল ও দুদুমিয়া জানান, মাটিরাঙ্গার কয়েক হাজার একর এবং মানিকছড়ির ১০০ একর জমিতে তামাকের চাষ হচ্ছে। পাতা শুকাতে এসব জায়গায় চুল্লি স্থাপন করা হয়েছে।
জানা যায়, এই অঞ্চলের উৎপাদিত তামাক মানিকছড়ির আড়তে যায়। পরে অন্যত্র সরবরাহ করা হয়। রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন চৌধুরী তামাক চাষের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এর ক্ষতিকর দিক সম্পর্কে কৃষকেরা অবগত নন। পর পর কয়েকবার তামাক চাষ করা জমিতে অন্য ফসল ভালো হয় না। মাটিরাঙা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. মাহে আলম প্রথম আলোকে বলেন, তামাক চাষ বন্ধে কৃষি কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। রামগড় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউল হক ও সংশ্লিষ্ট বিভাগের মাঠকর্মীরা বলেন, কৃষকেরা ক্রমান্বয়ে তামাক চাষের আওতা বাড়াচ্ছেন।
তামাকপাতা শুকানোর কাজের সঙ্গে জড়িত শ্রমিকেরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নরেশ বিশ্বাস জানান, তামাক চাষে নিয়োজিত শিশু ও নারী শ্রমিকদের শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। তামাকের ক্ষতিকর নিকোটিনের বিরূপ প্রতিক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
লাছাড়িপাড়ার কৃষক মো.সাইফুল ইসলাম ও থৈমঅং মারমা বলেন, ব্রিটিশ আমেরিকা টোব্যাকো, আকিজ বিড়ি ও আবুল খায়ের গ্রুপের স্থানীয় প্রতিনিধিরা সার, বীজ ও কিটনাশক দিয়ে কৃষকদের সহযোগিতা করেন। এ কারণে কৃষকেরা তামাক চাষে ঝুঁকে পড়ছেন।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘তামাক চাষ বাড়ার খবরটি সঠিক। তামাক চাষ থেকে ফিরে আসতে আমরা কৃষকদের মধ্যে প্রচারণা চালাচ্ছি। কিন্তু লাভ বেশি হয় বলে এটা পুরোপুরি বন্ধ করতে সময় লাগবে।’