তামাক ছেড়ে সবজি চাষ করায় কৃষক কামাল উদ্দিনকে সংবর্ধিত ও পুরস্কৃত করল কাপ্তাই বন্ধুসভা। গত ২৮ এপ্রিল কাপ্তাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে কামালের হাতে পুরস্কার তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা গোলাম মর্তুজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, কাপ্তাই বন্ধুসভার সভাপতি কাউছার জাহান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলোর কাপ্তাই প্রতিনিধি কাজী মোশাররফ হোসেন। প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার শীলছড়িতে প্রায় ২০ একর জমিতে গত ১০ বছর ধরে তামাক চাষ করছিলেন কৃষক কামাল উদ্দিন। গত বছর তামাক চাষ ছেড়ে কামাল উদ্দিন ওই জমিতে সবজির চাষ করেন। এতে তিনি লাভবানও হন। এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রথম আলোর আঞ্চলিক ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে প্রকাশিত হয়। কামাল উদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘তামাক চাষের ক্ষতির দিক নিয়ে পত্রিকায় অনেক লেখা ছাপা হয়। অনেকের কাছ থেকে তিরস্কারও পেয়েছি। পরে তামাক ছেড়ে সবজি চাষের সিদ্ধান্ত নিই। এতে মুনাফা যেমন পেয়েছি তেমন পেয়েছি সম্মান।’ তিনি জানান, এ কাজে উপজেলা কৃষি বিভাগ তাঁকে সার্বিক সহযোগিতা করেছে। কামাল উদ্দিন আরও বলেন, ‘প্রথম আলো কাপ্তাই বন্ধুসভার সংবর্ধনা পেয়ে আমার খুব ভালো লেগেছে।’