তামাক ঠেকাবে তুলা
বান্দরবানে নদী তীরবর্তী সমতল জমিতে তুলা চাষের বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। রুমা ও আলীকদমে তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) পরীক্ষামূলক তুলা চাষ কৃষকদের আশাবাদী করে তুলছে। এ উদ্যোগ সফল হলে চাষিদের ক্ষতিকর তামাক চাষ থেকে তুলা চাষের আওতায় আনা যাবে।জানা গেছে, তুলা চাষ তামাক চাষের চেয়ে লাভজনক ও পরিবেশবান্ধব। তুলা চাষ জনপ্রিয় হলে দেশের চাহিদাও মিটবে বলে সিডিবির কর্মকর্তারা জানিয়েছেন।সিডিবি কর্মকর্তারা জানিয়েছেন, রুমা ও আলীকদমে পরীক্ষামূলকভাবে উচ্চফলনশীল সিবি-৯ জাতের তুলা সাড়ে ২০ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে। কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করতেই এমন প্রকল্প হাতে নিয়েছেন তাঁরা।রুমা এক নম্বর ঘাট এলাকার উহ্লাচিং চেয়ারম্যান পাড়ায় দেখা গেছে, শঙ্খ তীরে তুলাখেতে তুলা ফুটতে শুরু করেছে। একটি গাছে ৪৫-৫০টি পর্যন্ত গুটি ধরেছে। রুমা ইউনিয়ন পরিষদের সদস্য উচহ্লা মারমা এ বছর তাঁর তামাকের জমিতে তুলা চাষ করেছেন। তিনি বলেন, ‘দুই একর জমিতে তুলা চাষ করেছি। তুলাগাছের বেড়ে ওঠা, গুটি আসা দেখে ভালো ফলন হবে বলে মনে হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ১৫০ মণের মতো তুলা পাব।’ চাষি সিরাজুল ইসলাম জানান, নদীপারের জমিতে তুলা হয়, তা আগে জানতেন না। তুলা চাষ শুরুর আগে তিনি তামাক অথবা সবজি ও বাদাম চাষ করতেন। বান্দরবানের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা আলতাফ হোসেন জানিয়েছেন, প্রাচীনকাল থেকে পার্বত্য অঞ্চলে পাহাড়িরা তুলা চাষ করে আসছে। কিন্তু সিবি-৯ ও হীরা-১ প্রজাতির তুলা পাহাড়ের উঁচু জমিতে হয় না। নদী তীরবর্তী জমি সমতল হওয়ায় তামাকের বিকল্প ফসল হিসেবে তুলার কথা ভাবা হয়েছে। ১১ জানুয়ারি তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা তুলাখেতগুলো পরিদর্শন করেছেন। তাঁরা সেখানে চাষিদের তামাকের পরিবর্তে তুলাচাষে উদ্বুদ্ধ করতে সমাবেশ করেছেন। সুপ্রিম সিডস কোম্পানির উপদেষ্টা ইব্রাহিম খলিল জানিয়েছেন, এক একর জমিতে তুলাচাষ করতে ১৫-২০ হাজার টাকা খরচ হতে পারে। প্রতি একরে ৮৫-৯০ মণ তুলা উৎপাদিত হয় এবং প্রতি মণ তুলা দুহাজার ৭০০ টাকায় বিক্রি হয়। এভাবে একর প্রতি আড়াই লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ইন্তাজুল ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলে কয়েক হাজার হেক্টর সমতল জমিতে প্রতিবছর তামাকচাষ করে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এসব জমি তুলাচাষের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।