মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার তামাক-শ্রমিক ও চাষিরা। গত কয়েক বছরে উপজেলার তামাকচাষি ও শ্রমিকদের মধ্যে শ্বাসকষ্ট ও হূদেরাগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েছে। সম্প্রতি হূদেরাগে আক্রান্ত হয়ে তিনজন তামাকচাষির মৃত্যুর ঘটনাও ঘটেছে। তামাকখেত ও চুল্লিতে কর্মরত নারী ও শিশুশ্রমিকেরাও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী তামাকজনিত রোগ বাড়ছে আশঙ্কাজনক হারে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই গড়ে উঠেছে তামাক শুকানোর চুল্লি। উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে বোয়ালখালী, কবাখালী ও মেরুং—এ তিনটি ইউনিয়নে ছয় শতাধিক তামাকচুল্লি এলাকার বাতাসে ছড়িয়ে দিচ্ছে বিষাক্ত তামাকের ধোঁয়া। মেরুং ইউনিয়নের প্রাক-প্রাথমিক পাড়াকেন্দ্রে ১৮ জন শিশু পড়ালেখা করে। এই প্রতিষ্ঠানটির কোল ঘেঁষে গড়ে উঠেছে তামাকচুল্লি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়াসহ কয়েকজন শিক্ষক জানান, তামাকচুল্লিতে তামাক শুকানোর সময় দরজা-জানালা বন্ধ রাখতে হয়। তামাকের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে শিশু শিক্ষার্থীরা। উপজেলার বহু তামাকচাষি তামাকখেতে কাজ করে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান। বড়াদম পুকুরঘাট এলাকার দশরথ চাকমা বলেন, ‘কয়েক বছর তামাক চাষ করেছিলাম। পরে দেখলাম শ্বাসকষ্ট হচ্ছে। এক বছর ধরে তামাক চাষ করি না।’ বেলছড়ি গ্রামের মো. রাসেল (১২) তামাকচুল্লিতে কাজ করে শ্বাসকষ্টে আক্রান্ত হয় বলে জানায়। রাসেল বলে, ‘চুল্লিতে কাজ করলেই কাশি হতো। শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এখন তামাকচুল্লির কাজ ছেড়ে দিয়েছি।’বেলছড়ির তামাকচাষি আমজাদ হোসেন বলেন, ‘তামাক চাষ করে এ বছর লোকসান দিয়েছি। আবার এখন দেখছি কাশলে গলা দিয়ে রক্ত বের হয়। সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর থেকে তামাক চাষ করব না।’বেতছড়ি এলাকার মো. শফিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তামাকের কারণে আমার বড় ভাই আবু হানিফকে হারিয়েছি। তামাকখেতে কাজ করে ২০০৫ সালে বড় ভাই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তখন থেকে আর তামাক চাষ করি না।’ কয়েকজন তামাকচাষি নাম প্রকাশ না করার শর্তে জানান, তামাকচুল্লিতে কাজ করলে শ্বাসকষ্ট হবে এটা জেনেও জীবিকার তাগিদে তাঁরা তামাক চাষ করেন। গত এপ্রিল মাসে হাচিনসনপুর গ্রামের তামাকচাষি আবদুল মতিন (৫০) ও মো. রফিক (৫০) এবং হাজাছড়া গ্রামের আবদুল জলিল (৫৫) হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। তবে এ প্রসঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলার মধ্য বেতছড়ি, কবাখালী, বেতছড়ি ও বেলছড়ির তামাক-অধ্যুষিত কয়েকটি এলাকার নারীশ্রমিকেরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা তামাকের বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে পারি না। বললে আমাদের আর কাজে নেওয়া হবে না। তামাকচুল্লিতে কাজ করলে শ্বাস নিতে কষ্ট হয়। এ জন্য নিয়মিত ভেন্টোলিন ট্যাবলেট (সালবিউটামল জাতীয় শ্বাসকষ্টের ওষুধ) সেবন করতে হয়।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৪৫ জন শ্বাসকষ্টের রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাঁদের অধিকাংশই তামাকশ্রমিক। এ ছাড়া এ সময় আরও দেড় শতাধিক রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলাশ নাগ বলেন, ‘আমি শ্বাসকষ্টজনিত যে রোগীদের চিকিৎসা দিয়েছি তাঁদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তাঁরা তামাকচুল্লিতে কাজ করেন। আগে তাঁদের শ্বাসকষ্ট ছিল না। তামাকচুল্লিতে কাজ করার পর থেকে শ্বাসকষ্ট দেখা দিয়েছে।’ দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন বলেন, ‘উপজেলায় ছয় শতাধিক তামাকচুল্লি রয়েছে। চুল্লি থেকে বের হওয়া ধোঁয়া বহু দূর ছড়িয়ে পড়ে। ফলে চুল্লির আশপাশে বসবাসকারী মানুষজনও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন।’