তামাকখেতে শিশুশ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের হাপানিয়া ও পিলখানা গ্রামে গত বছরও প্রচুর সবজির ফলন হয়েছে। এ বছর সবজিখেত দখল করে নিয়েছে তামাক। খেতের মাঝে বানানো হয়েছে তামাকের গুদাম। গুদাম ঘেঁষে বসানো হয়েছে তামাকচুল্লি। এ ছাড়া খেত থেকে তামাকপাতা তোলা ও শুকানোর কাজে ব্যবহার করা হচ্ছে শিশুদের। এতে তাদের হাঁপানিসহ ক্যানসারের মতো জটিল রোগ হতে পারে বলে চিকিৎসকেরা আশঙ্কা করছেন।চাষিরা জানান, সবজি চাষ করলে সঠিক দাম পাওয়া যায় না। অথচ তামাক চাষ করলে লাভ বেশি, টাকাও মেলে আগাম। তামাকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে চাষিদের কোনো ধারণাও নেই।সম্প্রতি উপজেলার রাজারটিলা এলাকার ওই দুইটি গ্রামে দেখা যায়, গুদামের পাশে তামাক শুকানোর চুল্লি স্থাপন করা হয়েছে। এ ছাড়া তামাকচাষিদের থাকার ঘরের চারপাশে রয়েছে তামাকখেত। চুল্লির মালিক মো. এবায়েত বলেন, ‘তামাক কোম্পানি চুল্লি স্থাপনের নিয়ম সম্পর্কে কিছুই বলেনি। প্রয়োজনে ভবিষ্যতে চুল্লি অন্যত্র সরিয়ে নেব।’নারায়ণহাট ইউনিয়নের তহসিলদার ওয়াহিদ মুরাদ বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। তামাক চাষ বন্ধ করতে এলাকাবাসী উপজেলা পরিষদে স্মারকলিপি দিয়েছে। আমরাও তামাক চাষের ক্ষতিকর বিষয়গুলো জানিয়ে চাষ বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে জানিয়েছি।’তামাকজাতপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি মো. নজরুল ইসলাম মুঠোফোনে জানান, ‘তামাক চাষের জন্য সরকারি কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে জনসমাগমের স্থানে চুল্লি না বসানোর জন্য চাষিদের বলা হয়েছে। তারপরও কেউ বসালে সরিয়ে ফেলা হবে।’তামাকচাষিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গ্রাম দুটিতে বর্তমানে দুটি চুল্লি স্থাপন করা হয়েছে। প্রায় আট একর ভূমিতে আরও চুল্লি স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। প্রতি দুই একর তামাকের জমির জন্য একটি চুল্লি বসানো হয়। তামাকচুল্লির মালিক মো. এবায়েত জানান, ‘প্রতিটি চুল্লিতে বছরে ২০০-২৫০ মণ কাঠ পোড়াতে হয়। একটি চুল্লিতে ১০-১২ জন শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অর্ধেকই শিশু।’ শিশুদের পারিশ্রমিক কম দিতে হয় বলে শ্রমিক হিসেবে শিশুদের চাহিদা বেশি বলে জানান তামাকচাষিরা। শিশুশ্রমিক ফাহিম জানায়, দৈনিক ৭৫ থেকে ১০০ টাকা বেতন পায় সে। পাতা তোলা থেকে শুরু করে শুকানো তারপর চুল্লিতে আগুন দিয়ে তামাকে রূপান্তর করা তার কাজ। তামাকশ্রমিক হিসেবে শিশুদের ব্যবহার প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক রিফাত কামাল বলেন, শিশুদের এভাবে তামাকের কাজে ব্যবহার করা হলে তাদের শ্বাসতন্ত্রে প্রদাহ, হাঁপানি ও ফুসফুসের ক্যানসারসহ মারাত্মক রোগ হতে পারে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুর রউফ মিয়া বলেন, ‘এলাকার জনগণ তামাক চাষ বন্ধে স্মারকলিপি দিয়েছেন। এ বিষয়ে তদন্ত হচ্ছে। শিগগির তামাক চাষ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’