তামাকখেতে শিশুশ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর, রামু, চকরিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার হাজার হাজার একর ফসলি জমিতে এখন তামাকের পাতা তোলার ধুম পড়েছে। গাছ থেকে সবুজ তামাকপাতা কেটে নেওয়া, তারপর বাঁশের কাঠির সঙ্গে সেই পাতা বেঁধে চুল্লির আগুনে পোড়ানো এবং সর্বশেষ ভাঁজ করে বাঁধাই করার কাজে ব্যবহার হচ্ছে সহস্রাধিক শিশু-কিশোর। এদের অধিকাংশ স্কুলপড়ুয়া। পরিবারের সদস্যদের চাপে পড়ে অথবা বাড়তি রোজগারের আশায় শিশু-কিশোরেরা ঝুঁকিপূর্ণ পেশায় জড়িয়ে পড়ছে। এতে অনেকে নানা রোগে আক্রান্ত হচ্ছে। ১৪ এপ্রিল দুপুরে রামু উপজেলার বাঁকখালী নদীর তীরবর্তী ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসের চর গ্রামে গিয়ে দেখা গেছে, সড়কের পাশে শত শত একর তামাকের খেত। এসব খেতে প্রাপ্তবয়স্ক বক্তিদের পাশাপাশি অসংখ্য ছেলেমেয়ে তামাকপাতা তুলছে। অনেকে পাশের খালি জমিতে পাতাগুলো স্তূপ করে বাঁশের সঙ্গে সারিবদ্ধভাবে বাঁধছে। সেই বাঁধানো পাতা পরে আগুনে পোড়ানোর জন্য চুল্লিতে সরবরাহ করা হচ্ছে। তামাকপাতা পোড়ানোর জন্য রামু উপজেলার বিভিন্ন স্থানে অন্তত এক হাজার চুল্লি রয়েছে।অফিসের চর গ্রামের আবদুর রহিম (১৩) জানায়, সে স্থানীয় ফজল আম্বিয়া মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা বন্ধ থাকায় এই ফাঁকে তামাকপাতা কাটার জন্য বাবা তাকে মাঠে নিয়ে আসেন।রহিমের বাবা গিয়াস উদ্দিন (৪৫) জানান, পাঁচ বছর ধরে তিনি তিন কানি ধান চাষের জমিতে তামাকের চাষ করছেন। শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে স্কুল ও মাদ্রাসাপড়ুয়া দুই ছেলেকে তামাকপাতা কাটার জন্য মাঠে নিয়ে আসেন।অফিসের চর গ্রামের মতো রামু উপজেলার হাইটুপি, গর্জনিয়া, কচ্ছপিয়া, জোয়ারিয়ানালা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি, আদর্শগ্রামসহ বিভিন্ন স্থানে সহস্রাধিক শিশু-কিশোর ঝুঁকি নিয়ে তামাকপাতা তুলছে। এই শিশু-কিশোরদের দৈনিক মজুরি ৮০ থেকে ১০০ টাকা। আর প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ২৫০ থেকে ৩০০ টাকা।গর্জনিয়া গ্রামের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে মনছুর আলম (১৫) জানায়, এই মৌসুমে তামাকপাতা কাটা ছাড়া গ্রামে কোনো কাজ থাকে না। কাজ না করলে টাকাও উপার্জন হয় না। তাই লেখাপড়া বাদ দিয়ে তামাক কাটছি। দেখা গেছে, তামাকের বিষাক্ত রসে মনছুরের হাতের চামড়া ওঠে ফোড়ার মতো আকৃতি ধারণ করে। পায়ের পাতার চামড়াও ওঠে যাচ্ছে। এ প্রসঙ্গে মনছুর জানায়, রোগ হলেও করার কিছু নেই। কাজ করে আয় রোজগার না করলে ঘরের সবাই না খেয়ে মরবে। স্থানীয় চাষিরা জানান, জেলার চকরিয়া, পেকুয়া, সদর এবং মাতামুহুরী ও বাঁকখালী নদীর দুই তীরের প্রায় ৩০ হাজার একর জমিতে আগে ধানসহ মৌসুমি রবিশস্যের চাষ হতো। গত কয়েক বছর ধরে এই ফসলি জমি গ্রাস করে চলছে বিষাক্ত তামাক। এ ছাড়া তামাক চুল্লি থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়ায় গ্রামবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এ প্রসঙ্গে কক্সবাজার মেডিকেল কলেজের উপাধক্ষ্য ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. অরুপ দত্ত বলেন, তামাকের বিষাক্ত রস কোমলমতি ছেলেমেয়েদের চামড়ায় মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিষাক্ত তামাকের ধোঁয়া গর্ভবতী নারী ও শিশুর জন্য বিপজ্জনক। এ ব্যাপারে সবার সতর্ক থাকা জরুরি। এ ছাড়া লোকবসতি আছে-এমন জায়গা বা গ্রাম থেকে তামাক চাষ ও চুল্লি সরিয়ে নেওয়া নিরাপদ। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা বলেন, ‘গত বছর তামাক চাষ বন্ধ করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এর পরিপ্রেক্ষিতে চকরিয়া, নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন স্থানে বন বিভাগ ও উপজেলা প্রশাসন তামাকখেত উচ্ছেদ করে। কিন্তু চলতি মৌসুমে প্রশাসনের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।’নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমদ জানান, বাঁকখালী নদীর দোছড়ি ও রামু উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া ইউনিয়নের অন্তত তিন হাজার একর জমিতে চলতি মৌসুমে তামাকের চাষ হয়েছে। রামুর গর্জনিয়ার তামাক চাষি গোলাম বারী (৫৫) জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার তামাকের বাম্পার ফলন হয়েছে। প্রতিকেজি তামাক বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়। যা গত বছর ছিল ৯০ থেকে ১২০ টাকা। তাই অনেকে লাভের আশায় তরিতরকারি, শাকসবজির চাষ বাদ দিয়ে তামাক চাষে ঝুঁকে পড়ছেন। গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ুব উল্লাহ চৌধুরী বলেন, ‘তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য আমরা চাষিদের নিয়ে অনেক বৈঠক করেছি। কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে না। তা ছাড়া ব্যক্তিগত জমিতে কেউ তামাক চাষ করলে নিষেধ করাও যায় না।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক নরেশ চন্দ্র বারই জানান, তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য চাষিদের নিয়ে একাধিক সভা সমাবেশ করা হয়েছে। এমনকি বরাদ্দকৃত সার যেন তামাক চাষে ব্যবহার না হয়, সে ব্যাপারেও কড়া নজরদারি রাখা হয়েছে। তারপরও তামাক চাষ হচ্ছে।