তামাকচাষিদের সরকারি সুবিধা দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমেদ স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকারক তামাকচাষ বন্ধ করার জন্য চাষিদের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘তামাকচাষিদের সরকারি খাসজমি বন্দোবস্ত দেওয়া হবে না। এ ছাড়া তামাকচাষে জড়িতদের সার, বীজসহ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হবে। সরকারি খাস কিংবা সংরক্ষিত বনভূমিতে কেউ তামাকচাষ করলে তা ধ্বংসের পাশাপাশি মামলা দেওয়া হবে।’ গত বুধবার চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদে বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তারের সভাপতিত্বে ‘তামাকচাষের হুমকি, খাদ্য উৎপাদন, পরিবেশ ও স্বাস্থ্য রক্ষার আলোকে করণীয় নির্ধারণ’ শীর্ষক কর্মশালায় জেলা প্রশাসক আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের ৫০০ গজের মধ্যে তামাকচুিল্ল স্থাপন না করতে নির্দেশ দেওয়া হবে।’আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুদ রানা, বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, চিকিৎসক ফয়েজুর রহমান, অধ্যাপক আ ক ম গিয়াস উদ্দিন, অধ্যক্ষ আবদুল্লাহ মাসউদ, সাংবাদিক জহিরুল ইসলাম ও এমআর মাহমুদ। মূল প্রবন্ধ পড়েন উবিনীগের আঞ্চলিক সমন্বয়ক রফিকুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সীমা দাশ।