তামাকচাষে নিরুৎসাহিত করতে প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণের মাধ্যমে তামাকচাষে নিরুৎসাহিত করার প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। চলতি বছর উপজেলার পাঁচ ইউনিয়নে প্রায় ছয় হাজার একর জমিতে তামাকচাষ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ধম্মবীর চাকমা। বক্তব্য দেন কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, কবাখালী ইউনিয়নের চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আজ থেকে আপনারা সরকারের স্বীকৃত কৃষক। দেশকে খাদ্যে স্বনির্ভর করার জন্য আপনারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তামাকচাষ করে হয়তো দু-এক বছর ভালো লাভ পাওয়া যায়। কিন্তু এতে দেশের মঙ্গল হয় না। যে কৃষক দেশকে ভালোবাসবেন তিনি তামাকচাষ করবেন না।’ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, জরিপের মাধ্যমে দীঘিনালার পাঁচ ইউনিয়নে প্রায় ১২ হাজার কৃষকের মধ্যে পর্যায়ক্রমে কৃষি উপকরণের কার্ড বিতরণ করা হবে। মো. মনিরুজ্জামান মিঞা জানান, ‘দীঘিনালাকে তামাক গ্রাস করেছে। তাই কৃষি উপকরণের কার্ড বিতরণের সময় কৃষকদের তামাকচাষে নিরুৎসাহিত করা হচ্ছে। তাঁদের মাধ্যমে অন্য চাষিদেরও তামাকচাষে নিরুৎসাহিত করার প্রচারণা চালানো হচ্ছে।’ দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন বলেন, ‘উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ কৃষকদের তামাকচাষে নিরুৎসাহিত করার যে প্রচারণা শুরু করেছে তা শুভ লক্ষণ বলা যায়। আরও আগে থেকে প্রচারণা চালালে ভালো হতো।’