তামাকচুল্লিতে পোড়ানো হচ্ছে কাঠ
খাগড়াছড়িতে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাকচাষ ব্যাপক হারে বেড়েছে। একটি বহুজাতিক কোম্পানির লোকজন চাষিদের তামাকচাষে উদ্বুদ্ধ করছেন। তাঁরা লাভের প্রলোভন দেখিয়ে বীজ, সার ও কীটনাশক সরবরাহ করছেন চাষিদের। আর এসব তামাক শুকাতে পোড়ানো হচ্ছে প্রচুর জ্বালানি কাঠ।জানা গেছে, খাগড়াছড়ি সদর উপজেলাসহ দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি ও লক্ষ্মীছড়িতে চাষিরা ব্যাপক হারে তামাকচাষ করছেন। প্রত্যক্ষভাবে এসব তামাকচাষ তত্ত্বাবধান করছেন চিহ্নিত বহুজাতিক কোম্পানির প্রতিনিধিরা। তাঁরা কৃষকদের পরামর্শ দেওয়া থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী উচ্চমাত্রার সার, কীটনাশকও সরবরাহ করছে।সদর উপজেলায় এ বছর কত একর জায়গায় তামাকচাষ হচ্ছে তার কোনো হিসাব নেই কৃষি সমপ্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ি সদর উপজেলা কার্যালয়ে। উপজেলা কৃষি কর্মকর্তা যুগলপদ দে জানান, ‘আমরা কৃষকদের তামাকচাষে নিরুত্সাহিত করি। কিন্তু এরপরও তাঁরা তামাকচাষ করলে আমাদের করার কিছুই থাকে না।’ নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলার এক চাষি বলেন, সঠিক হিসাব জানা না থাকলেও সদর উপজেলায় অন্তত কয়েক শ একরে এ বছর তামাকচাষ হচ্ছে। তিনি আরও জানান, সাধারণত প্রতি তিন একরের জন্য একটি তামাকচুল্লি করতে হয়। আর একটি চুল্লিতে তামাক শুকাতে প্রতিবারে দেড়-দুই শ মণ কাঠ পোড়াতে হয়।সরেজমিনে দেখা যায়, জেলার প্রত্যন্ত, অপেক্ষাকৃত দুর্গম এলাকা খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি, গাছবান, গামারীঢালা, দীঘিনালা উপজেলার মেরুং, কবাখালী, বোয়ালখালী, পানছড়ির কুড়াদিয়া ছড়া, কর্মাপাড়া ও দমদম এলাকায় তামাকচাষ হচ্ছে। খাগড়াছড়ি সদরে ১১টি তামাকচুল্লির খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে চেলাছড়াপাড়ায় দুইটি, হেডম্যানপাড়ায় দুইটি, কমলছড়িতে তিনটি, ফুটবিলে একটি, ইপছড়িতে একটি ও কামারিঢালায় দুইটি চুল্লি রয়েছে। খাগড়াছড়িতে কর্মরত বহুজাতিক কোম্পানির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘তামাকচাষের কারণে মাটির উর্বরা শক্তি যাতে ক্ষতি না হয় সেজন্য আমরা চর এলাকায় কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। আমরা নিজেরাও বিভিন্ন পন্থা অবলম্বন করি। এর সুফলও পেয়েছি ইতিমধ্যে। তিনি স্বীকার করেন, তামাকচুল্লিতে ব্যাপক হারে জ্বালানি কাঠ পোড়ানো হচ্ছে। তবে তিনি দাবি করেন, তাঁরা এ অবস্থা থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেদ হোসেন বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় তামাকচুল্লি স্থাপনের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এসব চুল্লিতে শিগগিরই অভিযান চালানো হবে। তবে তিনি জানান, তামাকচুল্লির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। তবুও প্রশাসন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকারক হিসেবে এসব চুল্লি স্থাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।