তামাকচুল্লির ধোঁয়ায় হুমকিতে জনস্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ৬০০-এর মতো তামাকচুল্লিতে পুড়ছে কাঠ। এতে হুমকির মুখে পড়েছে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য। চুল্লির বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফ উদ্দিন জানান, তামাকচুল্লির বিষাক্ত ধোঁয়ার কারণে শিশু ও বয়স্ক ব্যক্তিরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বাড়ছে তামাকজনিত রোগের ঝুঁকি।সৈয়দ আরিফ উদ্দিন আরও জানান, তামাকজনিত কারণে মানুষের ২১ প্রকার রোগ হতে পারে। শ্বাসকষ্ট, বুকের ব্যথা, ফুসফুসের ক্যানসারসহ নানা জটিলরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এলাকার তামাকচাষিরা জানান, তামাকচুল্লিগুলোতে প্রতিদিন যত কাঠ পোড়ানো হয়, তার অধিকাংশই আসে সংরক্ষিত বন থেকে। প্রতিটি চুল্লিতে গড়ে ৩০ জন শ্রমিক কাজ করেন।তামাকচাষিরা জানান, তামাকের খেতগুলোতে ৩৫ হাজারেরও বেশি শ্রমিক কর্মরত আছেন। শ্রমিকসংকটের কারণে নারী ও শিশুদেরও এই কাজে নিয়োজিত করা হচ্ছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, কাচালং ও শিজক নদের তীরসহ উপজেলার প্রায় দেড় হাজার একর জমিতে তামাকের চাষ হয়েছে। বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় তামাক চাষের অনুমতি থাকলেও রাঙামাটি জেলায় অনুমতি নেই।জানা গেছে, একটি চুল্লিতে তামাকপাতা শুকাতে দুই হাজার মণ কাঠ প্রয়োজন। সেই হিসেবে শুধু এ বছরই ছয় শতাধিক তামাকচুল্লিতে ১২ লাখ মণ কাঠ পোড়ানো হয়। তামাক চাষ ক্ষতিকর হলেও লাভ বেশি হওয়ায় চাষিরা তামাক চাষের দিকে ঝুঁকছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। তামাকচাষি মো. রফিক বলেন, ‘তামাকচুল্লিতে মুখে কাপড় বেঁধে কাজ করি। তামাকপাতা থেকে বিষাক্ত গন্ধ বের হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। শ্রমিকের সংকট দেখা দেওয়ায় শিশু ও নারী শ্রমিক দিয়ে কাজ করতে হচ্ছে।’ বন বিভাগের মারিশ্যা বিট কর্মকর্তা মো. আবদুল সাত্তার জানান, তামাকচুল্লিগুলোতে যেসব কাঠ পোড়ানো হচ্ছে, তার কিছু আসে সংরক্ষিত বন থেকে। এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন বাগান থেকেও কাঠ সংগ্রহ করেন চুল্লির মালিকেরা। জনবল সংকটের কারণে সংরক্ষিত বনের কাঠ পাচার ঠেকানো যাচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহ আলম জানান, উপজেলা প্রশাসন তামাকখেত ধ্বংস করার পরিকল্পনা করেছিল। তবে কৃষকদের ক্ষতির কথা মাথায় রেখে তা বাস্তবায়ন করা হয়নি। কৃষকদের নিরুৎসাহিত করার জন্য প্রচারপত্র বিলি করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘শুনেছি এই এলাকায় তামাক চাষ করার অনুমতি নেই। আগামী মৌসুমে তামাকের বীজতলা নষ্ট করা হবে। কিছুদিন পর তামাক চুল্লিগুলোতে অভিযান চালানো হবে।’