তামাকের চেয়ে সবজি চাষে বেশি লাভ
তামাকের জমিতে সবজি ফলিয়ে লাভের মুখ দেখেছেন কৃষক মো. কামাল উদ্দীন। কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া এলাকায় অন্যের জমিতে বর্গা চাষ করেন তিনি। বেশি লাভের জন্য গত ২০ বছর তামাকের চাষ করেছেন। তবে গত মৌসুমে সবজি চাষ শুরুর পর আগের তুলনায় কয়েকগুণ বেশি লাভ হচ্ছে তাঁর।তামাক চাষে লাভ বেশি—এমন ধারণা এলাকার বেশির ভাগ কৃষকের। কামাল উদ্দীনের সাফল্য দেখে তাঁরাও এখন সবজি চাষের দিকে ঝুঁকছেন।সরেজমিনে দেখা গেছে, ওয়াগ্গাছড়ার কাপ্তাই হ্রদের তীরের নিচু জমিতে সবজি চাষ করেছেন কামাল উদ্দীন। প্রায় ১১ কানি জমিতে লাউ, বেগুন, টমেটো, শিম, আলু, মরিচ, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন সবজি ফলিয়েছেন। কৃষক কামাল উদ্দিন বলেন, ‘তামাকের জমিতে সবজির এমন ভালো ফলন হবে, এটা আগে বুঝতে পারিনি। তামাক চাষের জন্য তামাক ব্যবসায়ীরা আমাদের আগাম টাকা দিতেন। তবে তামাক চাষ করলে শরীর ও পরিবেশের ক্ষতি হয়—এটা জেনে সবজি চাষ শুরু করেছি।’উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমিনুজ্জামান বলেন, ‘তামাকের জমিতে সবজি চাষ করার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চাষিদের উদ্বুদ্ধ করা হয়। আমাদের আহ্বানে সাড়া দিয়ে চাষি কামাল উদ্দিন তামাকের জমিতে এবারই প্রথম শীতকালীন সবজির চাষ শুরু করেন।’ কৃষক কামাল উদ্দিন বলেন, সবজি চাষে তাঁর খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা। ইতিমধ্যে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, মরিচ ইত্যাদি বিক্রি করে তিন লাখ টাকা উঠে এসেছে। এখনো আলু, শিম বাজারে তোলা হয়নি। খেতে আরও প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার সবজি আছে। তাই খরচ বাদ দিয়ে প্রায় তিন লাখ টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি।