তামাকের দখলে বিদ্যালয়
বেতন-ভাতা না পেয়ে চাকরি ছেড়েছেন শিক্ষকেরা। এরপর প্রায় ১০ বছর বন্ধ ছিল রামুর নাপিতের চর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে বিদ্যালয়ের পাকা ভবন ও মাঠ দখল করে তামাকখেত ও চুল্লির (তন্দুর) জন্য ভাড়া দেন স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি। সম্প্রতি ওই ভবনের একটি কক্ষ দখলমুক্ত করে এলাকাবাসীর উদ্যোগে আবার বিদ্যালয়টি চালু করা হয়। এতে শিশুদের পদচারণে আবার মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। তবে বর্তমানে এ বিদ্যালয়ের প্রধান সমস্যা জমি নিয়ে সৃষ্ট জটিলতা এবং তামাকখেত ও চুল্লির দূষণ। সরেজমিনে দেখা যায়, টিনের ছাউনির পাকা ভবনের একটি কক্ষে প্রায় ২০০ শিক্ষার্থীকে পাঠদান করছেন শিক্ষক মোহাম্মদ নুরুল আলম ও সাবেকুন্নাহার। পাঁচ জোড়া টুল আর মেঝেতে বসে পড়াশোনা করছিল শিশুরা। আরেকটি কক্ষ থাকার ঘর হিসেবে ব্যবহার করছেন আলমাছ খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা। বিদ্যালয়ের মাঠজুড়ে তামাকখেত ও চুল্লি। আলমাছ খাতুন জানালেন, এলাকার প্রভাবশালী ফজলুল হক চৌধুরী তাঁকে সেখানে থাকতে দিয়েছেন। বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নুরুল আলম জানান, দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর গত ১৯ জানুয়ারি এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়টি পুনরায় চালু হয়। শুরুতে প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে। এই দুই শ্রেণীতে শিক্ষার্থী রয়েছে প্রায় ২০০। বিদ্যালয়ে তিনি এবং সাবেকুন্নাহার নামের এক শিক্ষক স্বেচ্ছাশ্রমে পাঠদান করছেন। বিদ্যালয় পরিচালনার জন্য এলাকাবাসী নিজেদের মতামতের ভিত্তিতে একটি কমিটিও গঠন করেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক সরওয়ার আলম জানান, ১৯৯৩ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এলাকার আমীর মোহাম্মদ চৌধুরী ৪০ শতক জমি দান করেন। ওই জমিতে সরকারি অনুদানে আধাপাকা ভবন নির্মাণ করা হয়। চার বছর চলার পর ১৯৯৭ সালে বিদ্যালয়টিকে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে রূপান্তর করা হয়। এর ফলে কর্মরত চার শিক্ষকের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। বেতন-ভাতা নিয়মিত না পাওয়ায় ২০০১ সালের শেষের দিকে শিক্ষকেরা চাকরি ছেড়ে দিলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। এরপর বিদ্যালয় ভবনসহ জায়গাটি দখল করে নেন জমি দাতার ছোট ভাই ফজলুল হক চৌধুরী। পরবর্তী সময়ে তিনি বিদ্যালয়ের মাঠ স্থানীয় দুই ব্যক্তিকে তামাকখেত ও চুল্লি করার জন্য ভাড়া দেন। সেখানে আলমাছ খাতুন (৬৫) নামের এক বৃদ্ধাকেও তিনি থাকতে দেন। বিদ্যালয়ের চেয়ার-টেবিল এবং শিক্ষার্থীদের বসার টুলসহ সব আসবাব তিনি অন্যত্র সরিয়ে নেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা অভিযোগ করেন, বিদ্যালয়টি পুনরায় চালু করার জন্য তাঁরা ফজলুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তিনি ওই জমি নিজের বলে দাবি করেন এবং ওই জমিতে বিদ্যালয় করা যাবে না বলে জানান। ফজলুল হক চৌধুরী প্রথম আলোকে জানান, ওই জমি তাঁর ভাইয়ের নয়। ২০০৫ সালে নুর মোহাম্মদ নামের এক ব্যক্তির কাছ থেকে ঘরসহ তিনি জমিটি কেনেন। স্থানীয় কিছু ব্যক্তি তাঁর সঙ্গে আলোচনা না করে সেখানে বিদ্যালয় চালু করেছেন। এ জন্য তিনি গত ২৪ জানুয়ারি কক্সবাজার বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন। বিদ্যালয়ের শিক্ষিকা সাবেকুন্নাহার জানান, উপজেলার দুর্গম এবং অবহেলিত জনপদ নাপিতের চর। এখানকার বেশির ভাগ মানুষ হতদরিদ্র এবং অশিক্ষিত। তাই এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি স্বেচ্ছাশ্রমে বিদ্যালয়ে পাঠদান করছেন। তবে বিদ্যালয়ের মাঠে তামাকচাষ এবং চুল্লিতে তামাক পোড়ানো বন্ধ না করলে শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। রামু উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার বলেন, ‘জমি নিষ্কণ্টক না হলে সেখানে সরকারি অনুদানে ভবন তৈরি করা যেত না। বিদ্যালয়টি চালু রাখতে এবং জমি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাকের উল্লাহ জানান, ‘ওই বিদ্যালয়ের জমি নিয়ে কোনো সমস্যা থাকলে সরকারি অনুদান পাওয়া যেত না। ইতিমধ্যে এ বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থীর জন্য বিনা মূল্যে বই বরাদ্দ দেওয়া হয়েছে। তবে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া নিয়ে উচ্চ আদালতে মামলা থাকায় আপাতত শিক্ষক দেওয়া যাচ্ছে না। তাই ওই বিদ্যালয় পরিচালনার দায়িত্ব বেসরকারি সংস্থাকে দেওয়ার চিন্তা-ভাবনা চলছে।’ কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত প্রথম আলোকে জানান, ‘তামাক শুকানো এবং পোড়ানোর সময় বিষাক্ত নিকোটিনের প্রভাবে মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি, হূদরোগসহ নানা জটিল রোগ হতে পারে। শিশুদের জন্য ঝুঁকি আরও বেশি। কোনো গর্ভবতী নারী আক্রান্ত হলে গর্ভস্থ শিশুরও সমস্যা দেখা দিতে পারে।’