তামাকের দখলে সবজিখেত

ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের রাজারটিলা এলাকার হাপানিয়া ও পিলখানা গ্রামে কয়েক বছর আগেও প্রচুর সবজির ফলন হতো। তবে এখন বেশি লাভের আশায় চাষিরা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তামাক চাষে ঝুঁকেছে। এতে সবজি চাষের জমি ক্রমশ তামাকের দখলে চলে যাচ্ছে।
তামাক চাষ বাড়ার কারণ হিসেবে সবজির দাম না পাওয়ার কথা বলেছেন চাষিরা। হাপানিয়া ও পিলখানা এলাকার তামাকচাষিরা জানান, তামাক চাষে লাভ বেশি। দুর্গম এলাকা থেকে সবজি বাজারে নিতে পরিবহন খরচ বেশি পড়ে। ফলে সবজির সঠিক দাম পাওয়া যায় না। অথচ তামাক চাষ করলে টাকা মেলে আগাম। এ ছাড়া তামাকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে চাষিদের কোনো ধারণাও নেই।
সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, হালদা নদীর বিশাল এলাকাজুড়ে তামাক চাষ করা হয়েছে। চাষি মো. রফিক জানান, তামাক যে ক্ষতিকর ফসল এটা জানেন না চাষিরা। বেশি লাভের আশায় তাঁরা তামাক চাষ করছেন।
অভিযোগ আছে তামাক কোম্পানিগুলো চাষিদের তামাক চাষে উৎসাহিত করছে। এ ব্যাপারে নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মাহমুদ বলেন, একটি সংঘবদ্ধ চক্র সরকারের অনুমতি না নিয়ে স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দুর্গম এসব এলাকায় তামাক চাষ করছে।
একটি তামাক কোম্পানির স্থানীয় প্রতিনিধি মো. সফিকুল ইসলাম মুঠোফোনে জানান, তামাক চাষের জন্য সরকারের কোনো অনুমতি নেওয়া হয়নি। পরিত্যক্ত জমি ইজারা নিয়ে সেখানে তামাক চাষ করছেন চাষিরা।
তামাক চাষ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যগত ঝুঁকিও বেড়েছে। বিশেষ করে তামাকপাতা তোলা ও শুকানোর কাজে শিশুদের ব্যবহার করায় তারা শ্বাসকষ্ট ও ক্যানসারের মতো রোগের ঝুঁকিতে রয়েছে বলে চিকিৎসকেরা জানান।
শিশু শ্রমিক ফাহিম জানায়, দৈনিক ৭৫ থেকে ১০০ টাকা বেতন পায় সে। পাতা তোলা থেকে শুরু করে শুকানো পর্যন্ত তার কাজ। কেমন লাগে জানতে চাইলে সে জানায়, মাঝেমধ্যে বেশি পরিশ্রমে ক্লান্তি লাগে এবং কাশি হয়।
তামাকশ্রমিক হিসেবে শিশুদের ব্যবহার প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এস এইচ রাশেদুল আলম বলেন, শিশুদের এভাবে তামাকের কাজে ব্যবহার করা হলে তাদের শ্বাসতন্ত্রে প্রদাহ ও ফুসফুসের ক্যানসারসহ মারাত্মক রোগ হতে পারে। ফলে শিশুদের এ ধরনের কাজ থেকে দূরে রাখার পরামর্শ দেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ বলেন, ‘সবজি খেতে তামাক চাষের বিষয়টি আমাদের জানা ছিল না। খবর নিয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলাকার জনগণ তামাক চাষ বন্ধের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তামাক চাষ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।