চারদিকে তামাক আর তামাক, মাঝখানে এক টুকরা সবজিখেত। বেগুন, টমেটো, বাঁধাকপি বাড়বাড়ন্ত হচ্ছে দিন দিন। কিন্তু ফসলের হাসিতে মাঠ হাসার আগেই কাঁদছেন চাষিরা। কারণ পাশের তামাকখেতের ক্ষতিকর পোকা ধ্বংস করছে সবজিগাছ, পোকায় খাওয়া ফল পুষ্ট হচ্ছে না। তামাকের বিষে নীল হয়ে যাছেন দীঘিনালার বেতছড়ি গ্রামের সবজি-চাষিরা। কালাচাঁদ মহাজনপাড়ায় ৭০ একর তামাকখেতের ভেতরে ১০-১২ একর জমিতে সবজি লাগানো হয়েছে। আগে সব জমিতে সবজিই হতো। কিন্তু কয়েক বছর ধরে অতি লাভের আশায় চাষিরা তামাক চাষে ঝুঁকছেন। তবে কয়েকজন চাষি মনের টানে সবজি চাষ করেন, আর তাতে কপাল পুড়েছে তাঁদের। কালাচাঁদ মহাজনপাড়ার চাষি রেণুপূর্ণ দেওয়ান বলেন, ‘আমার দুই একর জমিতে এক মৌসুম তামাক চাষ করা হয়েছিল। কিন্তু জমির উর্বরতা নষ্ট হওয়ার অশঙ্কায় তামাক চাষ না করার সিদ্ধান্ত নিই। এ বছর ৪০ শতক জমিতে বেগুন, ৬০ শতকে মরিচ, ২০ শতকে মুলাসহ আলু ও কপির চাষ করেছিলাম। কিন্তু ফসল আসা শুরু হলে পোকা আক্রমণ করে, বেগুনখেত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।’তিনি বলেন, ‘মৌসুমের শুরুতে বাজারে বেগুনের দাম অনেক ছিল কিন্তু আমি বেচতে পারিনি, কারণ খেতেই তা পচে গেছে। কৃষি কার্যালয়ে কয়েকবার জানিয়েছি, ওরা যে ওষুধ দেয় তাতে কাজ হয় না। তামাকখেতে বেশি কীটনাশক ব্যবহারের কারণে ক্ষতিকর কীটপতঙ্গ সবজিখেতে বাসা বেঁধেছে।’এলাকার শ্রেষ্ঠ সবজিচাষি হিসেবে পরিচিত চান মিয়া অভিযোগ করেন, ‘সারা বছর সবজি বিক্রি করে সংসার চালাই, এ বছর রোগ বালাইয়ের কারণে সবজিখেত মরে যাচ্ছে। বেগুন বেড়ে উঠতেই পচন ধরছে।’তিনি বলেন, ‘চলতি মৌসুমে ৬০ শতক জমিতে বেগুন, ২০ শতকে করলা ও ৮০ শতকে শিম, লাউসহ নানা সবজির চাষ করেছি। এখন সব পোকায় খেয়েছে।’ চাষি শান্তিরঞ্জন চাকমা বলেন, ‘দুই একর জমিতে নানা সবজির চাষ করেছি। এখন খেত থেকে বেগুন তুলে গরুকে খাওয়াতে বাধ্য হচ্ছি।’বেতছড়ির চাষি তোফাজ্জল হোসেন বলেন, ‘আমি নিজেও তামাক চাষ করেছি। পাশে ৮০ শতক জমিতে টমেটোসহ নানা জাতের সবজি চাষ করেছি। ফলন ভালো হলেও পোকার আক্রমণে গাছ মরে যাচ্ছে।’ তামাকখেতে বেশি কীটনাশক ব্যবহারের কারণে সবজিখেতে পোকার আক্রমণ বাড়ছে বলে জানান তিনি। মধ্য বেতছড়ি এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা কৃতি চাকমা বলেন, ‘সবজিখেতে ডগা রোগ (গাছের আগা মরে যাওয়া) হয়েছে। চারদিকে তামাক চাষের কারণে পোকাগুলো সবজিখেতে বাসা বাঁধছে এটা ঠিক। প্রাথমিকভাবে কীটনাশক ডায়াজিনন ও ভিটামিন বায়োলিনপা ব্যবহার করার জন্য কৃষকদের পরামর্শ দিয়েছি।’ এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মোহন কুমার ঘোষ বলেন, ‘সবজিখেতে পোকার আক্রমণ ও গাছ মরে যাওয়ার বিষয়টি আমি শুনেছি। আমি ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে খেত পরিদর্শন করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’