তামাকের বদলে তরমুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার বড়াদম দক্ষিণ পুকুরঘাট গ্রামের দশরথ চাকমা তামাকের চাষ করতেন। তামাকে পরিশ্রম বেশি। গত বছর থেকে তামাক বাদ দিয়ে তরমুজের চাষ শুরু করেছেন। তিনি বলেন, ‘মাইনী নদীর চরের পঞ্চাশ শতক জায়গায় পরীক্ষামূলকভাবে তরমুজ লাগিয়েছিলাম। আগে বুঝতে পারিনি তরমুজের ফলন এত ভালো হবে। এখন দেখছি অন্যান্য ফসলের তুলনায় তরমুজের ফলন খুবই ভালো হয়েছে। তরমুজের দামও পাচ্ছি।’শনিবার ১৮ ফেব্রুয়ারি দশরথ চাকমা বোয়ালখালী নতুন বাজারে তরমুজ বিক্রি করতে আসেন। সে সময় তিনি আরও বলেন, ‘তরমুজ চাষে তেমন আগ্রহ ছিল না। তামাকসহ অন্যান্য ফসলেরও চাষ করতাম। গত বছর তামাক ও আলুর চাষ করে তেমন লাভ করতে পারিনি। তাই গ্রামের প্রতিবেশী লক্ষ্মীধন চাকমার সঙ্গে পরামর্শ করে শেয়ারে পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ করার সিদ্ধান্ত নিই। খরচ হয়েছে মাত্র ১৪ হাজার টাকা। ফলন দেখে মন ভরে গেছে। আকারে বড় এবং মিষ্টি। একেকটি বড় তরমুজ ২৫০ থেকে ৩০০ টাকা, মাঝারি আকারের তরমুজ ২০০ টাকা এবং ছোট আকারের তরমুজ ১০০ টাকায় বাজারে বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত ১৮ হাজার টাকা বিক্রি হয়েছে। আশা করি ৫০ হাজার টাকার মতো তরমুজ বিক্রি হবে। পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ করে বুঝতে পারছি তামাক চাষের চেয়ে তরমুজ চাষে পরিশ্রম কম এবং লাভও বেশি।’ উপজেলার বড়াদম কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন চাকমা বলেন, ‘এখানকার মাটি তরমুজ চাষের জন্য খুব উপযোগী। চাষিরা যদি তামাকের চাষ বাদ দিয়ে তরমুজ চাষ করেন, তবে তাঁরা নিজেরাও লাভবান হবেন, দেশেরও উপকার হবে।’ তরমুজ কিনতে আসা মোহাম্মদ নাসের বলেন, ‘রীতিমতো প্রতিযোগিতা দিয়ে তরমুজ কিনতে হচ্ছে। আমি এক হাজার টাকা দিয়ে চারটি তরমুজ কিনেছি।’ দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন বলেন, ‘দশরথ চাকমার মতো যদি অন্য চাষিরা তামাকের চাষ থেকে বিমুখ হয়ে পরীক্ষামূলকভাবে নানা ধরনের ফসলের চাষ করতেন তাহলে বুঝতে পারতেন কোন ফসলে লাভ বেশি।’