তামাকের বিষে ফসলি জমি
কক্সবাজার ও বান্দরবানের বিপুল পরিমাণ ফসলি জমিতে তামাকের আগ্রাসন চলছেই। প্রতি মৌসুমে তামাক গিলে খাচ্ছে নতুন নতুন ফসলি জমি। ফলে দেখা দিচ্ছে খাদ্যশস্যের সংকট, উজাড় হচ্ছে বনাঞ্চল। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। তামাক চাষে চাষিদের নিরুৎসাহিত করার জন্য সরকারি-বেসরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তার সুফল পাওয়া যাচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া, রাজারকুল, বাঁকখালী নদীর তীর; চকরিয়া উপজেলার চিরিঙ্গা, হারবাং, মাতামুহুরী নদীর তীর ও সংরক্ষিত বনাঞ্চল; কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও, ভাদিতলাসহ বিভিন্ন স্থানে এখন ব্যাপক হারে তামাকের চাষ চলছে। এ মৌসুমে নতুন করে উখিয়া উপজেলার হলদিয়াপালং, ঘুমধুম, তুমব্রু এলাকায় তামাকের চাষ শুরু হয়েছে। পেকুয়া, চকরিয়া; পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম উপজেলায়ও চলছে তামাকের চাষ। দেশি-বিদেশি কয়েকটি বিড়ি-সিগারেট তৈরির কোম্পানি চাষিদের লোভনীয় সুবিধা দিয়ে ফসলের পরিবর্তে তামাক চাষের জন্য উৎসাহিত করছে বলে অভিযোগ পাওয়া গেছে।একাধিক সূত্র জানায়, ২০০৭ সালে বান্দরবানের লামা পৌর এলাকার বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক একরের পতিত জমিতে তামাক চাষ শুরু হয়েছিল। ২০০৮ সালে তা বেড়ে দাঁড়ায় তিন হাজার একরে। ২০১০ সালে তা এসে দাঁড়িয়েছে প্রায় ২০ হাজার একর। লামা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) তাজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, তামাক চাষ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ না থাকায় চাষের দ্রুত বিস্তার ঘটছে। তবে এবার বন বিভাগ সংরক্ষিত বনের জমিতে তামাক চাষ করতে দিচ্ছে না। সম্প্রতি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তামাকখেত উপড়ে ফেলেছে। কক্সবাজার ও বান্দরবানে তামাকচাষবিরোধী জনসচেতনমূলক কর্মকাণ্ড পরিচালনা করে বেসরকারি উন্নয়ন সংস্থা একলাব। তাদের এক জরিপ প্রতিবেদনে দেখা গেছে, গত মৌসুমে (ডিসেম্বর-এপ্রিল) এই দুই জেলার ১১টি উপজেলায় প্রায় ৪৫ হাজার একর জমিতে তামাকের চাষ হয়েছিল। যা ২০০৯ সালের তুলনায় ১৫ হাজার একর বেশি। একলাবের কক্সবাজার অঞ্চলের ব্যবস্থাপক মো. সিদ্দিকুর রহমান জানান, চলতি মৌসুমে (ডিসেম্বর-এপ্রিল) ৫০-৫৫ হাজার একরে তামাকচাষ ছড়িয়ে পড়েছে। ঈদগাঁও গ্রামের চাষি আলতাফ হোসেন (৪৯) জানান, তামাকচাষ করতে নগদ টাকার প্রয়োজন হয় না। সার, বীজ, কীটনাশক ও বিড়ি-সিগারেট উৎপাদনকারী কোম্পানিগুলো ঘরে এসে দিয়ে যায়। উৎপাদিত তামাক কত টাকায় বিক্রি হবে, তা-ও তারা আগাম জানিয়ে দেয়। কিন্তু ধান বা অন্যান্য ফসলের ক্ষেত্রে চাষিদের অর্থ, সার ও কীটনাশকসংকটে পড়তে হয়। উৎপাদিত ধান বা ফসল বিক্রি করে লাভের মুখ দেখা যায় না। ফলে চাষিরা তামাকচাষের দিকে ঝুঁকছেন। অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারের মাতামুহুরী, বাঁকখালী নদীসহ ছয়-সাতটি নদী ও খালের দুই তীরে অন্তত আট হাজার একর এবং বান্দরবান ও কক্সবাজারের সংরক্ষিত বন উজাড় করে প্রায় ১০ হাজার একর জমিতে অবৈধভাবে তামাকের চাষ হচ্ছে। ভূমি ও বন বিভাগের কিছু কর্মচারী অবৈধ সুবিধা আদায় করে প্রভাবশালীদের সরকারি জমিতে তামাকচাষের সুযোগ করে দিচ্ছেন। এতে অন্তত পাঁচ হাজার প্রান্তিক চাষি বেকার হয়ে পড়েন। চকরিয়ার মাতামুহুরি নদীর দুই তীরে রাবারড্যামের মাধ্যমে বৃষ্টির পানি ধরে রেখে প্রতি বছর প্রায় ৬০ হাজার চাষি ২৫ হাজার একরের মতো বালুচরে (নদীর দুই তীরে) রবিশস্যের আবাদ করেন। চলতি মৌসুমে সেখানে অন্তত পাঁচ হাজার একরের ফসলি জমি গ্রাস করে তামাকের চাষ চলছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, বিড়ি-সিগারেট কোম্পানিগুলো রবিশস্য উৎপাদনের শীত মৌসুমে চাষিদের তামাকচাষে উৎসাহিত করছে। ঋণসহায়তা দিয়ে ফসলের পরিবর্তে তামাকচাষে বাধ্য করছে চাষিদের। এ বছর চকরিয়ার তিনটি ইউনিয়নে নতুন করে তামাকের চাষ সমপ্রসারিত হচ্ছে। সমপ্রতি অভিযান চালিয়ে বেশ কিছু তামাকখেত উপড়ে ফেলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের এক কর্মকর্তা জানান, ৪৫-৫০ হাজার একর জমিতে উৎপাদিত তামাক পোড়ানোর জন্য ফেব্রুয়ারি থেকে সংরক্ষিত বনের গাছ নিধন শুরু হবে। তখন রাত-দিন পাহারা বসিয়েও গাছ পাচার বন্ধ করা যায় না। কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, ‘বিষাক্ত তামাক ফসলি জমি দ্রুত গ্রাস করে নিচ্ছে। সরকারি জমিতে যেন তামাকচাষ করতে না পারে আমরা সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় তামাকচাষ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তামাকচাষের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। সরকারি জমিতে তামাকচাষ পাওয়া গেলে উচ্ছেদ করা হবে। আর সরকারি ও বেসরকারি উদ্যোগে তামাকচাষে চাষিদের নিরুৎসাহিত করতে নানা সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।