তামাকের বিষে মাঠছাড়া পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝরে পড়া ধান ও পোকামাকড়ের সন্ধানে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ধানখেতগুলোতে ঝাঁক বেঁধে উড়ে আসত বকসহ নানা জাতের পাখি। তবে এখন ধানখেতগুলোতে ব্যাপকভাবে হচ্ছে তামাক চাষ। তামাকের বিষে উপজেলার মাঠে–বাদাড়ে এখন পাখির দেখা মেলা ভার।
এমনিতেই তামাকখেতের ধারেকাছে পাখি আসে না। তার ওপর খেতে কীটনাশক ছিটানোর কারণে পরিবেশদূষণ বাড়ায় পাখির বিপন্নতাও বেড়েছে। তামাক চাষ হয় না, এমন অল্প কিছু জায়গায় কেবল পাখির দেখা মেলে।
সম্প্রতি উপজেলার নানা এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। উপজেলার কবাখালী ইউনিয়নের বেশ কিছু এলাকায় তামাকের চাষ হয় না। এখানকার ফসলি জমি ও বিলে নানা জাতের পাখি দেখা গেছে। তারাবনীয়া ও পাবলাখালী বিলেও জড়ো হয়েছে প্রচুর বক ও শামুকখোল পাখি। এ এলাকার অনেক জমিতে চাষিরা ধান রোপণের জন্য সেচ দিয়েছেন। সেখানেও পাখিদের নির্বিঘ্নে বিচরণ করতে দেখা গিয়েছে।
তারাবনীয়া এলাকার জ্যোৎস্না চাকমা, সুরঞ্জন চাকমাসহ বেশ কয়েকজন আদিবাসী জানান, গ্রামের আশপাশে তামাকখেত নেই বলে এখান পাখির দেখা মিলছে। প্রতিদিন বিকেল হলে জমিতে ঝাঁক বেঁধে পাখি নামে। স্থানীয় বাসিন্দারা এসব পাখি শিকার করেন না।
পাবলাখালী বিলের কৃপাপুর এলাকায়ও দেখা গেছে পাখির মেলা। এলাকার রিতা চাকমা, সাধনা চাকমা, ভরত চাকমাসহ আদিবাসীরা জানান, সকাল থেকে পাবলাখালী বিলে ঝাঁকে ঝাঁকে বকের দল আসে। তবে তামাক চাষের কারণে উপজেলার অন্যান্য এলাকায় পাখিরা এখন আর আসে না।
খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, মূলত তামাক চাষের কারণেই দীঘিনালায় পাখিরা বিপন্ন হয়ে উঠেছে। এভাবে তামাক চাষ বাড়তে থাকলে জীববৈচিত্র্য নষ্ট হবে। পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়বে।