তামাকের রাজ্যে পরীক্ষামূলক ভুট্টা চাষ, দুই যুবকের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাকের রাজ্য দীঘিনালার পাঁচ একর জমিতে পরীক্ষামূলক ভুট্টা চাষ করে দুই আদিবাসী যুবক সফল হয়েছেন। দীঘিনালার পুলিন হেডম্যানপাড়ার নোবেল চাকমা ও তেবাংছড়ার মিহির চাকমার দাবি, ভুট্টা চাষে তাঁদের খরচের চেয়ে লাভ হয়েছে দ্বিগুণ।তাঁদের দেখাদেখি আগামী বছর দীঘিনালা ব্লকের আদিবাসীরা ভুট্টা চাষ করবে বলে জানিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, তামাক চাষ থেকে চাষিদের ফিরিয়ে এনে ভুট্টা চাষে উদ্বুদ্ধ করতে ক্যাবরন পোকফান্ড (সিপি) বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে এক দিনের কর্মশালা করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, পাঁচ একর জমির বিশাল এলাকাজুড়ে ভুট্টার চাষ। নোবেল চাকমা ও মিহির চাকমা পাঁচ একর ভুট্টাখেতের পরিচর্যা করছেন। তাঁরা জানান, সিপির প্রযুক্তিগত সহযোগিতায় তাঁরা পরীক্ষামূলকভাবে ভুট্টা চাষ করেছেন। সিপি-৮৩৮ জাতের ভুট্টার বীজ রোপণ করা হয় চলতি বছরের ৫ জানুয়ারি। প্রতি কেজি ২০০ টাকা দরে পাঁচ একর জমির জন্য বীজ কিনতে হয়েছে ৩৪ কেজি। প্রতি একরে খরচ হয়েছে দেড় লাখ টাকা। মাঝারি মানের হলেও প্রতি মণ ৭৫০ টাকা দরে ২৫০ মণ ভুট্টা ১৮ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি হবে।সফল দুই যুবক বলেন, ‘তামাক চাষে পরিবেশের অনেক ক্ষতি হয়, জমির উর্বরতা নষ্ট হয়। ভুট্টা চাষে কোনো ক্ষতি নেই। আমাদের দেখাদেখি এলাকার অন্যান্য ব্যক্তি এখন ভুট্টা চাষ করার আগ্রহ দেখিয়েছেন। ভুট্টা চাষে বড় সুবিধা হলো, বাজারজাতকরণের চিন্তা নেই। কোম্পানি জমিতে এসে ভুট্টা নিয়ে যাবে। আগামী বছরের জন্য আমরা ২০ একর জমিতে ভুট্টা চাষ করার প্রস্তুতি নিচ্ছি। ভুট্টা চাষে সুবিধা হলো, ধান চাষের মতো এটি তিন মৌসুমে চাষ করা যায়। তবে এ জমিগুলোয় সেচসুবিধা থাকলে আমাদের চাষের খরচ আরও অনেক কম হতো। এখানে সেচের কোনো ব্যবস্থা নেই, প্রায় আধা কিলোমিটার দূর থেকে পানির ব্যবস্থা করা হয়েছে।’ পুলিন হেডম্যানপাড়ার অরুণ চাকমা, ইন্দ্রমোহন চাকমা ও তপ্ত চাকমা কার্বারি বলেন, ‘দুই যুবকের ভুট্টা চাষ দেখে আমরা অবাক। গত বছর আমরা তামাক চাষ করেছিলাম। শুনেছি, তামাক চাষে জমির অনেক ক্ষতি, আমরা চাষ করে সেটি বুঝেছি। আগামী বছর আমরাও ভুট্টা চাষ করব।’ ধন বিকাশ চাকমা জানান, ভুট্টা চাষে যদি বেশি লাভ হয়, তাহলে চাষিরা অবশ্যই তামাক চাষ থেকে মুুুখ ফিরিয়ে নিয়ে ভুট্টা চাষে আগ্রহী হবেন। দীঘিনালা কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সমর বিজয় চাকমা জানান, পরীক্ষামূলক ভুট্টা চাষ ভালোই হয়েছে।সিপি বাংলাদেশের পণ্য উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক বলেন, ‘আমরা ভুট্টা চাষে চাষিদের আগ্রহী করতে কাজ করছি। চাষিদের প্রযুক্তিগত সহায়তা এবং পণ্য বাজারজাতকরণের নিশ্চয়তাও আমরা দেব।’খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী জানান, জেলায় এখন শুধু তামাক আর তামাক। দীঘিনালাকে তামাকের রাজ্যই বলা চলে। তামাক চাষে সাময়িক লাভ হলেও জমির স্থায়ী ক্ষতি এবং পরিবেশের জন্য তো আরও মারাত্মক ক্ষতি। তামাক চাষ থেকে চাষিদের বিমুখ করতে ভুট্টা চাষে আগ্রহী করার উদ্যোগ প্রশংসনীয়। দীঘিনালার দুই যুবকের ভুট্টা চাষের সাফল্য অন্য চাষিদেরও অনুপ্রাণিত করবে।উপজেলা কৃষি কর্মকর্তা মোহন কুমার ঘোষ জানান, তামাক চাষে নিরুৎসাহিত এবং ভুট্টা চাষে উদু্বদ্ধকরণে মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করবেন।