তামান্না তিথির গল্পকথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওপেন্টি বায়োস্কোপ, নাইন টেন টেইসস্কোপ...’ সুর করে শ্লোক বলে মনের আনন্দে খেলছে দেবশিশুর দল। হঠাৎ ঠাকুরমার ডাক পড়ল, দৌড়ে গিয়ে সবাই বসে পড়ল তাঁর সামনে। ঠাকুরমা গল্পের ঝাঁপি খুললেন—প্রথমে কুঁজো বুড়ির গল্প। এরপর হলদে ঝুটি মোরগ, পান্তা বুড়ির গল্প—সাবেকি দিন পেরিয়ে ঠাকুরমা চলে এলেন হাল আমলে মানে আধুনিক কালে। নীলু আপার বয়ান শুনে হাসির রোল পড়ে। আর গল্পে মজে নাওয়া-খাওয়া ভুলে যায় শিশুরা। গল্পের শিশুরা শুধু নয়, তামান্না তিথির ব্যতিক্রমী গল্পে মন্ত্রমুগ্ধ হন নানা বয়সের দর্শকেরা। সংগীত ও আবৃত্তি চর্চাকেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজনে ৭ এপ্রিল সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হয়ে গেল ব্যতিক্রমধর্মী এ গল্পকথন অনুষ্ঠান। প্রথমবারের মতো চট্টগ্রামে মঞ্চস্থ হলো নতুন আঙ্গিকের এ পরিবেশনা। মেধাবী ও প্রতিভাবান মঞ্চশিল্পী তামান্না তিথি প্রাচীন গল্প বলার সুরটিকে অক্ষুণ্ন রেখে আধুনিক বাকভঙ্গির মিশ্রণ ঘটিয়েছেন। আবহ সংগীতেও সে রকম একটি মিথস্ক্রিয়ার প্রচেষ্টা লক্ষ করা গেল। স্বরবৈচিত্র্য ও স্বরভেদের বিষয়টিতে বিশেষভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা থাকায় প্রযোজনার গল্পগুলিতে নাটকীয়তার আভাস রয়েছে। আর শিল্পী তামান্নার অভিনয় দক্ষতা, অঙ্গভঙ্গি, কণ্ঠের মাধুর্য ও চরিত্রের ভিন্নতা বিস্ময়াভিভূত করেছে সবাইকে। আমাদের মা-দাদিদের মুখে শোনা অতি পরিচিত রূপকথার গল্প যেমন টুনটুনি আর নাপিতের গল্প, সাত ভাই চম্পার অভিনব উপস্থাপন দেখে সবাই যেন হারিয়ে গিয়েছিলেন হারিয়ে যাওয়া দিনগুলোতে। অনুষ্ঠান শেষে কথা হয় সপ্তম শ্রেণীর ছাত্র মাশফিক মিজানের অভিভাবক মাসুদা রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘তামান্না তিথির এ ধরনের উপস্থাপন দেখে আমি মুগ্ধ।’ তিনি আরও বলেন, তাঁর ছেলেও তারুণ্যের উচ্ছ্বাসের সঙ্গে যুক্ত আছে। এসব আয়োজন শিশুদের মানসিক বিকাশে সহায়ক হবে।গল্পকথন নিয়ে বেশ আশাবাদী তারুণ্যের উচ্ছ্বাসের নির্দেশক মীর বরকত। তাঁর মতে, গল্পকথন আমাদের উন্নয়নমুখী বাকশিল্পকে আরও শাণিত করবে।