তামিম-নাফিসদের অন্যরকম ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আব্বা থাকতে এ ম্যাচটার অন্যরকম জৌলুশ ছিল। ফ্যামিলি মেম্বাররা শুধু নয়, আব্বার সার্কেলের স্পোর্টস রিলেটেড মানুষের বিরাট এক মিলনমেলা ছিল ঈদের পরদিনের প্রীতি ম্যাচটা। ফুটবল বা ক্রিকেট ম্যাচে দুপুরে খাবারে থাকত রকমারি আইটেমের বাহারি আয়োজন। কালচারাল প্রোগ্রামও হতো মাঝেমধ্যে।’ দেশের সেরা ক্রিকেটার তামিম ইকবাল এভাবেই স্মৃতিচারণা করছিলেন ঈদের পরদিন খান পরিবারের মিলনমেলায়। ঐতিহ্যের ধারাবাহিকতায় ঈদের পরের দিন গত মঙ্গলবারও প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে এম এ আজিজ স্টেডিয়ামে।তামিম-নাফিসদের পিতা প্রখ্যাত ফুটবলার ইকবাল খান প্রতিবছর এই ম্যাচের আয়োজন করতেন। এই প্রীতি ম্যাচটিতে একসময় অংশ নিতেন তামিমদের চাচা বিসিবির প্রধান নির্বাচক আকরাম খানও। এই আকরাম খানও বড় ভাই ইকবাল খানের হাত ধরে প্রথমে ফুটবলার হিসেবে নিজের খেলোয়াড় জীবন শুরু করেছিলেন। পরে তিনি হয়ে ওঠেন ক্রিকেটার। তবে আজ ইকবাল খান নেই। কিন্তু তাঁর দুই সুযোগ্য পুত্র তামিম ও নাফিসসহ পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়বর্গের অংশগ্রহণে এম এ আজিজ স্টেডিয়াম মুখর হয়ে উঠেছিল। তামিম-নাফিসের ছুঁড়ে দেওয়া ২০ হাজার টাকার চ্যালেঞ্জ বাউটে জয়ী হতে পারেননি ফাইজান-জামিদের দল। ৪-০ গোলে জিতেছে ক্রিকেটের ড্যাশিং ব্যাটসম্যান, ফুটবলের গোলরক্ষক তামিমের দল। সপরিবারে আজমির শরিফে থাকায় এ ম্যাচে ছিলেন না আকরাম খান। আফজাল, আসলামও ছিলেন না ব্যবসায়িক কারণে। তবে তামিম-ফাইজানদের বন্ধুরা ছিলেন। মাঠে উপস্থিত থেকে অভিভাবকের মতো উৎসাহ জুগিয়েছেন বিসিবি পরিচালক সিরাজ উদ্দিন মো. আলমগীর, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস প্রমুখ। খেলার আগাগোড়াই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর উত্তেজনা, যার ফলে আবিদ আহত হন মারাত্মকভাবে। খান ব্রাদারদের মধ্যে সর্বকনিষ্ঠ আকবর খান, নিজের বাবার অভাব ভুলিয়ে দেওয়া বড় ভাই ইকবাল খানের কথা স্মরণ করে বলেন, ‘তামিমের মধ্যে আমি ভাইয়ার ছায়া দেখতে পাই।’ ম্যাচ শেষে শৈশবের স্মৃতি টেনে নাফিস বলেন, ‘আউটার স্টেডিয়ামে বিশাল প্যান্ডেল করে মাঠে বাউন্ডারি দিয়ে ম্যাচের আয়োজন করা হতো যার মধ্যমণি ছিলেন আব্বা (ইকবাল খান)। তিনি খেলতে না পারলেও অন্যদের আনন্দ দেখে খুশি হতেন, অন্যকে খাইয়ে আনন্দ পেতেন। তখন ফারুক আংকেল (সাবেক প্রধান নির্বাচক), আশীষ (আশীষ ভদ্র) আংকেলরাও আসতেন। কিন্তু আব্বার মৃত্যুর পর গণ্ডিটা ছোট হয়ে গেছে। তারপরও আমরা ধারাটা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি অন্তত একটা দিন পরিবারের সবাই একত্রিত হয়ে।’ এবার ঈদে অন্যমাত্রা যোগ করেছে খান পরিবারের নতুন অতিথি নামির ইকবাল খান। তিনি নাফিস ইকবালের ছেলে। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে এবং পরিবারের সদস্যদের সঙ্গে হই-হুল্লোড় করে ঈদুল আজহার দিনের শুরুতে তামিম-নাফিসরা নামাজ আদায় করেছেন কাজীর দেউরীর কাজীবাড়ি জামে মসজিদের ঈদগাহে। নামাজ শেষে বাসায় ফেরার পর কোরবানি দেন। দুপুরের খাবারের পর আত্মীয়স্বজনদের দেখতে যান ও মাংস বিতরণ করেন। রাতে তামিমদের একান্নবর্তী পরিবারের সবাই মিলে সারেন রাতের খাবার। ঈদের আগের দিন চট্টগ্রাম আসেন তামিম। ৯ নভেম্বর ভারতে গেছেন পেপসির বিজ্ঞাপনে শুটিং করতে। ১৬ নভেম্বর দেশে ফিরেই ব্যস্ত হয়ে যাবেন অনুশীলনে। পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন শুরু হবে ১৮ নভেম্বর।৮ নভেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে প্রীতি ম্যাচের পর অনেকক্ষণ দৌড়াতে দেখা গেল নাফিস ইকবালকে। ফাঁকে জানালেন জাতীয় দলে ফেরার স্বপ্নের কথা—‘অনেক পরিশ্রম করছি, জাতীয় লীগে একটি সেঞ্চুরিও পেয়েছি। আশায় আছি জাতীয় দলে ফের ডাক পাওয়ার। দোয়া করবেন।’ অগ্রজের সামর্থ্য সম্পর্কে কোনো সন্দেহ নেই তামিমের। তিনিও আশা করেন, জাতীয় দলে ফিরে আসবেন সাবেক ওপেনার নাফিস ইকবাল খান।