তামিল সমর্থনে জেনারেলের পালে হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস আগেও মনে হয়েছিল, মাহিন্দা রাজাপক্ষে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন কোনো লড়াই ছাড়াই। তবে নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এসে এখন একটু অন্যরকম ভাবতে হচ্ছে। তামিল বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করার ‘সাফল্য’ ঝুলিতে থাকলেও রাজাপক্ষে হেসেখেলে জিতে যাবেন, তা আর কেউ বলছে না। জোর প্রতিদ্বন্দ্বী যে দাঁড়িয়ে গেছে একজন! তিনি জেনারেল শরত ফনসেকা, শ্রীলঙ্কার সদ্যপদত্যাগী সেনাবাহিনীর প্রধান, যাঁর নেতৃত্বে শ্রীলঙ্কার সেনাবাহিনী এলটিটিইর বিরুদ্ধে জয়ী হয়েছে। রাজাপক্ষের ক্ষমতাসীন জোটের বিপরীতে জেনারেল ফনসেকা একাধিক বিরোধী দল নিয়ে একটি জোট গড়েছেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, শ্রীলঙ্কায় তামিলদের যে প্রধান দল—তামিল ন্যাশনাল অ্যালায়েন্স বা টিএনএ, যাকে বলা হয় এলটিটিইর রাজনৈতিক শাখা, তারা ফনসেকাকে সমর্থন দিয়েছে! এই টিএনএর সমর্থনের ভরেই জেনারেল ফনসেকার সম্ভাবনার পাল্লাটা একটু ওপরের দিকে উঠেছে বলে মনে হচ্ছে।টিএনএর জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। তারা কোন দিকে যাবে? রাজাপক্ষে আর ফনসেকা—দুজনের হাতই তো তামিলদের রক্তে রঞ্জিত। তাঁরা দুজনই সিংহলি ও কট্টর জাতীয়তাবাদী। তামিলদের কোনো জায়গা তাঁদের কাছে নেই। ‘সংখ্যালঘু তামিলদের সিংহলিদের সঙ্গে মানিয়ে চলতে হবে’, তাঁদের দুজনের অবস্থানটাই এ রকম। আর পেশাগতভাবে তাঁরা দুজনই এলটিটিই নির্মূলের ‘কৃতিত্ব’ দাবি করে থাকেন। আর টিএনএ তামিল এলাকায় গত মে মাসে শুরু হওয়া ওই অভিযানের কট্টর সমালোচক। এলটিটিই যখন চূড়ান্ত পরাজয়ের মুখে, তখনো টিএনএ পার্লামেন্টে তাদের ২২ জন সদস্য নিয়ে অস্ত্রবিরতির দাবিতে সোচ্চার ছিল। এমনকি অভিযান বন্ধে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টিরও তারা চেষ্টা করে। শেষ পর্যন্ত তারা সফল হয়নি। টিএনএর একজন সদস্য বলেছেন, যদিও ফনসেকা এলটিটিইর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছেন এবং যে অভিযানে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ হতাহত ও বাস্তুচ্যুত হয়েছেন, তবুও আমাদের দেখতে হবে এই অন্যায় অভিযানের অনুমোদন দিয়েছেন রাজাপক্ষে। আমরা চাইতে পারি না, তাঁর মেয়াদ সম্প্রসারণ হোক। তিনি পুনরায় প্রেসিডেন্ট হলে উত্তর-পূর্বাঞ্চলের তামিল এলাকায় মানবাধিকারের লঙ্ঘন আরও বাড়বে।এলটিটিইবিরোধী অভিযানের সময় প্রেসিডেন্ট ও জেনারেলের মধ্যে চমত্কার সম্পর্ক ছিল। এমনকি প্রেসিডেন্ট রাজাপক্ষে পুরস্কার হিসেবে জেনারেল ফনসেকাকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করেন। যে পদটি সাধারণত দেশের প্রেসিডেন্টের হাতে থাকে। কিন্তু অভিযানের পর জেনারেল ফনসেকা তাঁর পদ থেকে সরে দাঁড়ান। এর কারণ হিসেবে তিনি দুটো অভিযোগের কথা বলেন। এক. তামিলবিরোধী বিজয়ে তাঁর অবদানকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। দুই. প্রেসিডেন্ট রাজাপক্ষে ও তাঁর ভাই গোটাভাইয়া রাজাপক্ষের ধারণা হয়েছিল, তিনি (ফনসেকা) হয়তো কোনো সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেছেন। পদত্যাগের পর প্রেসিডেন্ট ও জেনারেলের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়। ফনসেকার বিরোধী দলগুলোর সঙ্গে হাত মেলানো ও প্রেসিডেন্ট প্রার্থিতা ঘোষণা—সম্পর্ক তিক্ততার পর্যায়ে নিয়ে যায়। তাঁরা দুজন: ২০০৫ সালে প্রেসিডেন্ট হয়ে রাজাপক্ষে কিন্তু তামিলদের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেননি। তিনি একে জাতিগত সমস্যা হিসেবে দেখতেও রাজি হননি। তিনি পুরো সংকটকে দেখেছিলেন ‘এলটিটিইর সন্ত্রাসবাদ’ হিসেবে। তাঁর এই মনোভাবের চূড়ান্ত বাস্তবায়ন ঘটে গত মে মাসে শুরু হওয়া এলটিটিই নির্মূল অভিযানের মধ্য দিয়ে। অভিযানে তামিলদের পরাজয়কে তিনি দেখেন সিংহলি জাতীয়তাবাদের বিজয়, আর নিজেকে উপস্থাপন করেন সেই বিজয়ের নায়ক হিসেবে। জেনারেল ফনসেকাও সে ক্ষেত্রে পিছিয়ে নন। সিংহলি শ্রেষ্ঠত্বে তাঁরও প্রবল বিশ্বাস। তিনি বিশ্বাস করেন, ‘শ্রীলঙ্কা সিংহলিদের দেশ। আর তামিলদের মতো সংখ্যালঘু সম্প্রদায় এ দেশে আমাদের সঙ্গে বসবাস করতে পারে।’ ২০০৮ সালে এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, একটা সংখ্যালঘু গোষ্ঠী হিসেবে তামিলদের কোনো অন্যায্য দাবি আদায়ের চেষ্টা করা সমীচীন হবে না।সুর বদল: এই হলেন রাজাপক্ষে আর ফনসেকা। সুর পাল্টে এখন দুজনই তামিলদের হিতাকাঙ্ক্ষী। তামিলদের জন্য কে কত ভালো কাজ করবেন, তার লম্বা ফিরিস্তিও হাজির করছেন তাঁরা। অতি সম্প্রতি জেনারেল ফনসেকা উত্তর-পূর্বাঞ্চলে বাস্তুচ্যুত দুই লাখ তামিল জনগোষ্ঠীর দুঃখ-কষ্ট নিয়ে উদ্বিগ্নে আছেন—এ কথা জানিয়ে প্রেসিডেন্ট রাজাপক্ষের কাছে চিঠি লিখেছেন। এই তামিলরা যাতে নিজ ঘরে ফিরতে পারে ও তাদের স্বাধীনভাবে চলাফেরায় বাধা যাতে তুলে নেওয়া হয়, সে দাবিও রেখেছেন ফনসেকা। ফনসেকার সমর্থকেরা এ বিষয়গুলো উল্লেখ করে তামিলদের মন জয়ের চেষ্টা করছেন। আর রাজাপক্ষের প্রচারের ধরনটা একটু ভিন্ন। তিনি সম্প্রতি হিন্দু তামিলদের একটি মন্দিরে গিয়ে প্রার্থনা করেছেন। এর মাধ্যমে তাঁর সমর্থকেরা বোঝাচ্ছেন, একজন বৌদ্ধ প্রেসিডেন্ট হিন্দু মন্দিরে প্রার্থনা করেছেন, এর অর্থ হলো তিনি সিংহলি, তামিল—সবার সহাবস্থান কামনা করেন।তারপরও বলতে হবে, তামিলদের ভোট নেওয়ার ক্ষেত্রে ফনসেকা এগিয়ে রয়েছেন। টিএনএর সমর্থন একটা বড় ব্যাপার বলে বলছেন পর্যবেক্ষকেরা। টিএনএর পার্লামেন্টারি দলের নেতা আর. সামবানদান বলেছেন, জেনারেল ফনসেকা তামিল এলাকায় যৌক্তিকভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে তামিলদের দাবি মেনে নিতে রাজি হয়েছেন, তিনি যদি প্রেসিডেন্ট হন, তবে আটক তামিল যুবকদের এক মাসের মধ্যে মুক্ত করে দেবেন, যদি তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ না থাকে। টিএনএর কাছে এক চিঠিতে সাবেক এই সেনাপ্রধান লিখেছেন, উত্তরাঞ্চলের বেসামরিক প্রশাসন মুক্তভাবে কাজ করতে পারবে, সেনাবাহিনী-পুলিশ বা কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। এমনকি ওই এলাকায় জরুরি অবস্থা প্রত্যাহারেরও ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি। গত মাসে এক সাক্ষাত্কারে ফনসেকা অভিযোগ করেন, প্রেসিডেন্টের ভাই সব তামিল নেতাকে হত্যার নির্দেশ দিয়েছেন, এমনকি যাঁরা আত্মসমর্পণের জন্য চেষ্টা করেছিলেন কিন্তু তাঁরা কোনো সুযোগ পাননি । এরই মধ্যে ২৬ জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে ফনসেকাকে ইউনাইটেড ন্যাশনাল পার্টি বা ইউএনপি, মাক্সিস্ট জনতা বিমুক্তি পারামুনা সমর্থন জানিয়েছে। দুটিই বেশ বড় দল। এর পরে শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেস ও ওয়েস্টার্ন পিপলস ফ্রন্টের মতো গুরুত্বপূর্ণ সংখ্যালঘু দলের সমর্থনও তাঁর প্রতি আছে। সর্বশেষ তিনি পেলেন টিএমসির মতো দলের সমর্থন। যদিও ইলম পিপলস ডেমোক্রেটিক পার্টি এবং সেলন ওয়ার্কার্স কংগ্রেস নামে ছোট দুটো তামিলপ্রধান দল রাজাপক্ষেকে সমর্থন দিচ্ছে।২০০৫ সালের প্রেসিডেন্ট নির্বাচন এলটিটিই বর্জন করেছিল, যা প্রকারান্তরে রাজাপক্ষকে বিজয়ী করতে সহায়তা করেছিল। এবার ফনসেকার প্রতি টিএনএর সমর্থন রাজাপক্ষের ‘সহজ জয়’কে কঠিন করে তুলবে সন্দেহ নেই। আর সিংহলিদের ভোটের একটি বড় অংশও ফনসেকার ঝুলিতে পড়বে বলে পর্যবেক্ষকেরা বলছেন। তবে এসব মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রাজাপক্ষে শিবির। রাষ্ট্রীয় সম্পদ ও গণমাধ্যম ব্যবহার করে প্রেসিডেন্টের ভাবমূর্তি উজ্জ্বলের চেষ্টা চলছে। বলা হচ্ছে, ফনসেকা যদি জেতেন, তবে শ্রীলঙ্কায় সামরিক একনায়কত্ব প্রতিষ্ঠা হবে। তিনি সারা জীবনই সেনাবাহিনীতে কাটিয়েছেন। গণতন্ত্রের মধ্যে কাজ করার কোনো অভিজ্ঞতা তাঁর নেই। এর জবাবে ফনসেকার শিবির থেকে বলা হচ্ছে, জীবনের অনেকটা সময় রাজনৈতিক পরিবেশের মধ্যে কাটালেও নিজেকে কখনই গণতান্ত্রিক দাবি করতে পারবেন না রাজাপক্ষে। নির্বাচনী প্রচার-প্রচারণার সর্বশেষ চিত্র বিশ্লেষণ করে পর্যবেক্ষকেরা বলছেন, কিছুটা হলেও এখনো এগিয়ে রয়েছেন রাজাপক্ষে। তবে তাঁর পুনর্বিজয় নিশ্চিত বলা যাচ্ছে না, যা আট সপ্তাহ আগেও অনেকটা নিশ্চিত ছিল। টিএনএর সমর্থন ফনসেকার নির্বাচনী প্রচারের পালে হাওয়া দিয়েছে সন্দেহ নেই।