তার আচরণে এখনো পরিবর্তন আসেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা
আমি দশম শ্রেণিতে পড়ি। ফেসবুকে এক ছেলের সঙ্গে পরিচয় হয় অষ্টম শ্রেণিতে পড়ার সময়। বয়সে সে আমার তিন বছরের বড়। তারপরও একসময় খুব ভালো বন্ধুত্ব হয়। তখন আমাকে সে অনেক সময় দিত। নবম শ্রেণির শুরুর দিকে আমার ভালো লাগার কথা তাকে জানালে সে রাজি হয়।

সম্পর্ক শুরুর কয়েক মাস ভালোই কেটেছে। কিন্তু মাস ছয়েক পর তার আচরণে পরিবর্তন লক্ষ করলাম। আমাকে এড়িয়ে চলে, আচমকা যোগাযোগ বন্ধ করে দেয়। এতে খুব কষ্ট হতো আমার। কিন্তু যখনই সামনাসামনি দেখা হতো, তখন বেশ সময় দিত—ভালো করে কথা বলত। আগের আচরণের কথা জিজ্ঞেস করলে বা অন্য কাউকে পছন্দ করে কি না জানতে চাইলে বলত, এসব কিছু না।

এভাবে চলতে চলতে এ বছরের শুরুর দিকে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক মাস যেতেই আবার যোগাযোগ হয়। কিন্তু তার আচরণে এখনো পরিবর্তন আসেনি। একদিন সে আমাকে অনেক সময় দেয়, তো আবার দিনের পর দিন কোনো খবরই নেয় না। সামনে আমার পরীক্ষা, পড়াশোনা করতে পারছি না। এখন আমার করণীয় কী?

নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার বয়স অনেক কম বলে এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলা খুব কঠিন হচ্ছে। এ সময় দ্রুত শারীরিক পরিবর্তন হওয়ার কারণে আবেগের ওঠানামাও খুব বেশি হতে থাকে। এই বয়সে ভালোবাসার সম্পর্ক খুব সুস্থভাবে চালিয়ে নেওয়ার দক্ষতা অনেকের মধ্যেই কম থাকতে পারে। ছেলেটি এখন বয়ঃসন্ধিতে রয়েছে বলে তার মনটিতেও স্থিরতার অভাব দেখা যাচ্ছে। এ ছাড়া ফেসবুকে পরিচয়ের ব্যাপারে দেখা যায় দুজনের পারিবারিক চর্চা, ব্যক্তিগত মূল্যবোধ, বিশ্বাস ও রুচি সম্পর্কে ধারণা পাওয়া অনেক সময়ই সম্ভব হয় না। যন্ত্রের মাধ্যমে পরিচিত হওয়া মানুষকে ভালোভাবে না জেনেই আমরা তার প্রতি আবেগীয়ভাবে নির্ভরশীল হয়ে পড়ি। পরবর্তীকালে তার ব্যক্তিত্বে কিছু অসুবিধা দেখলেও সম্পর্কটিকে ধরে রাখার জন্য এতটাই ব্যাকুলতা কাজ করে যে পারস্পরিক চারিত্রিক পার্থক্যগুলো তেমন করে আর গুরুত্ব পায় না।

ছেলেটির আচরণের অসামঞ্জস্যতা ও দ্বৈততা তোমাকে অনেক কষ্ট দিলেও সে যখন আবার ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, তখন তুমি আগে পাওয়া ধাক্কা পাশে সরিয়ে আশান্বিত হয়ে পড়ছ। এরপরও সে যখন হঠাৎ তোমাকে এড়িয়ে চলছে, তখনো অত্যন্ত আহত বোধ করছ। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, যখন ওর এই আচরণের কোনো স্পষ্ট ব্যাখ্যা তুমি পাচ্ছ না।

আজকাল ফেসবুক এবং অন্যান্য যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষ একই সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে। এই সম্পর্কগুলোর মধ্যে কোনো গভীরতা নেই এবং নৈতিকতার চর্চাও হচ্ছে না। অনেকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলাও একটি নেশায় পরিণত হয়েছে। এখানে রাষ্ট্রীয়ভাবে কোনো নিয়ন্ত্রণ আরোপ না করায় তোমাদের মতো বয়সে থাকা কিশোরেরা তাদের দৈনন্দিন জীবনে অবশ্যকরণীয় বিষয়গুলোতে মনোযোগ দিতে পারছে না।

তুমি খুব ভালো করে ভেবে দেখো, এই সম্পর্ক ভবিষ্যতেও এভাবে ভাঙা-গড়ার মধ্য দিয়ে চলতে থাকলে নিজের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে কি না। বাবা-মা তোমাদের কাছে এটাই প্রত্যাশা করেন যে তোমরা দায়িত্বশীল আচরণ করবে। কাজেই নিজের প্রতি দায়িত্বশীল হয়ে এবং নিজেকে শ্রদ্ধা ও গুরুত্ব দিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এই সম্পর্ক থেকে আসলে তুমি কী পাচ্ছ। এ ছাড়া একটি মানুষ যদি তোমাকে এড়িয়ে চলে, সেটি কিন্তু প্রমাণ করে না যে তুমি গ্রহণযোগ্য নও বা তোমাকে ভালোবাসা যায় না। তোমারও অনেক মূল্য রয়েছে, এটি কখনোই ভুলে যাবে না। আশা করি নিজের প্রতি শ্রদ্ধা অক্ষুণ্ন রেখে তুমি লক্ষ্য স্থির করে এগোবে। এই বয়সটি পার হওয়ার পর যেহেতু মানুষ আবেগীয়ভাবে আরও পরিপক্ব হয়, তুমি পরবর্তীকালে এই কষ্টগুলো পাশে রেখে নিশ্চয়ই নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে।