তার ছাড়াই...
চাকরিজীবী সেঁজুতি রহমান গান শুনতে বেশ পছন্দ করেন। কম্পিউটার কিংবা মুঠোফোন যে মাধ্যমেই গান শোনেন না কেন, তারহীন হেডফোনই তার ভরসা। চলমান তথ্যপ্রযুক্তির যুগে সেঁজুতি রহমানের তারহীন হেডফোনের মতো প্রযুক্তির অনেক অনুষঙ্গই এখন আমাদের জীবনধারার অংশ। এসব অনুষঙ্গ জীবনধারায় নতুন মাত্রা যোগ করছে প্রতিনিয়ত। জীবনধারা বদলের সঙ্গে সঙ্গে ধরন বদলেছে প্রযুক্তির। আগেকার তারসহ হেডফোন, কি-বোর্ড, মাউস কিংবা স্পিকারের বদলে জনপ্রিয় হচ্ছে তারহীন হেডফোন, কি-বোর্ড, মাউস ও স্পিকার। কম্পিউটার অনুষঙ্গের পাশাপাশি আছে কম্পিউটারে গেম খেলার উপকরণও। আছে তারহীন গেমপ্যাড, রেসিং হুইল ইত্যাদি।ছোটবেলা থেকেই কম্পিউটার গেমসের ভক্ত বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেহেদী হাসান। সম্প্রতি তিনি তারহীন একটি গেমপ্যাড কিনেছেন। তাঁর মতে, তারসহ গেমপ্যাডে গেম খেলার চেয়ে নতুন গেমপ্যাডে খেলাটা আরও উপভোগ্য। কারণ, এখন আর প্যাডটি ঘোরাতে গিয়ে তারের ঝামেলায় পড়তে হয় না। এদিকে ব্যবসায়ী আবু সায়েমের কাজ দেশজুড়ে। আজ সিলেট তো কাল চট্টগ্রাম। ব্যবসার কাজে ল্যাপটপের সঙ্গে বেশ কিছু অনুষঙ্গ বহন করতে হয় তাঁকে। আবু সায়েম বলেন, আগে মাউস, কি-বোর্ড—সবই ছিল তারসহ। এখন তারহীন মাউস, কি-বোর্ডে অনেক সুবিধা। বহনেও সুবিধা আর ব্যবহারেরও আরামদায়ক।তারহীন পণ্যের ব্যবহার সম্পর্কে স্মার্ট টেকনোলজিসের সহকারী মহাব্যবস্থাপক জাকিউর রহমান জানান, তারহীন পণ্য বহন ও ব্যবহার আরামদায়ক। এ পণ্যের ওজনও তুলনামূলকভাবে কম। এ জন্য বিশেষ করে তরুণ ও ভ্রমণপ্রিয় মানুষের মধ্যে এগুলোর ব্যবহার বাড়ছে। কম্পিটার অনুষঙ্গ আর গেমপ্যাড ছাড়াও অফিস অথবা বাসাবাড়িতে তারহীন নেটওয়ার্কিং পণ্যের ব্যবহার বাড়ছে বলে মনে করেন রায়ানস আইটি লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক এস এম আরিফুজ্জামান। তিনি বলেন, এখন তার মানে বাড়তি ঝামেলা। তাই অফিস বা বাসায় ওয়াইফাই রাউটার বা ডঙ্গল ইত্যাদির ব্যবহার জনপ্রিয় হচ্ছে।দরদামলজিটেক, এফোরটেক, ডিলাক্সসহ বিভিন্ন ব্র্যান্ডের তারহীন কম্পিউটার অনুষঙ্গ বাজারে পাওয়া যায়। কি-বোর্ড পাওয়া যাবে ৮০০ টাকা থেকে সাড়ে সাত হাজার টাকায়, মাউস ৭০০ থেকে সাত হাজার টাকা। এ ছাড়া লজিটেকের এক ধরনের বিশেষ কি-বোর্ড পাওয়া যাবে, যাতে টাচপ্যাড মাউস জুড়ে দেওয়া আছে। এটি একসঙ্গে কি-বোর্ড ও মাউসের কাজ করবে, দাম চার হাজার টাকা। তারহীন স্পিকার মিলবে সাত হাজার ৯৯০ টাকায়। এ স্পিকারগুলোর মাধ্যমে কম্পিউটার বা মুঠোফোনের যেকোনো ব্লুটুথ ডিভাইস থেকে গান শোনা বা কথা বলা যাবে। হেডফোন পাওয়া যাবে চার থেকে ১০ হাজার টাকার মধ্যে। আর সিনেট, টিপিলিংক, ডিলিংকসহ বিভিন্ন ব্র্যান্ডের ডঙ্গল পাওয়া যাবে দেড় হাজার থেকে দুই হাজার ৫০০ টাকা। ওয়াইফাই রাউটার মিলবে এক থেকে আড়াই হাজার টাকায়।ব্যবহারে আদবকেতা সাধারণ তারযুক্ত পণ্যগুলো দীর্ঘদিন ব্যবহারের পর এ ধরনের তারহীন পণ্য ব্যবহারে একটু ঝামেলা মনে হতে পারে। কয়েক দিন ব্যবহারের ফলে এ ঝামেলা কেটে যায়। তারহীন পণ্যগুলো বেশির ভাগ ক্ষেত্রে ব্লুটুথ বা ইউনিফাই রিসিভারের সাহায্য কাজ করে। ইউনিফাই রিসিভারটি বেশ ছোট হওয়ায় এটি যেকোনো সময় হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ব্যবহারের সময় বা পরে যেন ইউনিফাই রিসিভারটি হারিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। অনেকে তারহীন পণ্য ব্যবহারের পর এটির ব্লুটুথ অপশনটি বন্ধ করতে ভুলে যান। এতে দীর্ঘক্ষণ ব্লুটুথ অপশন চালু থাকলে ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়। তাই ব্যবহার শেষে মনে করে ব্লুটুথ অপশনটি বন্ধ করে রাখতে হবে। তারহীন প্রযুক্তিপণ্যগুলো পানি বা যেকোনো তরল থেকে দূরে এবং নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে।