তার ভালোবাসা দিবস
ব্যস্ত সময় কাটাচ্ছে আবু বকর। পুরো নাম মো. আবু বকর সিদ্দিকী। ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে এজেন্সি থেকে দৈনিক পত্রিকা নিয়ে কমলাপুর, আরামবাগ, মতিঝিলের আশপাশের বাসাগুলোতে পৌঁছে দিয়ে বাসায় ফিরতে ফিরতে সাড়ে আটটা বেজে যায়। কোনো রকমে গোসলটা সেরে ঠিক নয়টা বাজার একটু আগে অফিসে গিয়ে হাজির। বড় সাহেব ঠিক নয়টায় আসেন। আবু বকরকে একটু আগেই আসতে হয়। অফিসরুম ঝাড়ু দিয়ে চেয়ার-টেবিলগুলো মুছতে মুছতে সব স্যার চলে আসেন। প্রতিদিনের মতো আজও অফিসে চা বানাতে ব্যস্ত আবু বকর। নতুন এক ম্যাডাম অফিসে যোগ দিয়েছেন আজই। এরই মধ্যে বেশ কয়েকবার ম্যাডামের দিকে তাকিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করেছে সে। কোনোবারই ভালোভাবে দেখতে পেল না। প্রতিবারই কেউ না কেউ ডেকেছে আর দৃষ্টি সরিয়ে নিতে হয়েছে। এবার চা বানাতে গিয়ে যেন একটু অবসর পেল সে। সময় নিয়ে চা বানিয়েছে আর ম্যাডামকে মনোযোগ দিয়ে দেখেছে। উহ্! মানুষ এত সুন্দর হয় কী করে(!) ভাবতে ভাবতে স্যারদের টেবিলে চা পৌঁছে দেয়। হঠাত্ বড় স্যারের রুম থেকে ডাক আসে। ছুটে যায় সে। —এটা কী বানিয়েছিস। আমাকে মেরে ফেলার ফন্দি করছিস?গত দুই বছরে এমন ভুল আবু বকরের হয়নি। স্যারের চায়ে চিনি দেওয়া নিষেধ। আজ ম্যাডামকে দেখতে দেখতে মস্ত বড় ভুল হয়ে গেল। কোনো রকমে মাফ-টাফ চেয়ে স্যারের রুম থেকে বেরিয়ে আসে। আড়চোখে ম্যাডামের দিকে তাকায়। ম্যাডাম তার দিকেই তাকিয়ে আছে। ম্যাডাম তাকে ডাকেন।—মনোযোগ দিয়ে কাজ করো। দেখবে আর ভুল হবে না। ম্যাডামের কথা শুনে খুব ভালো লাগে তার। রাতে বিছানায় শুয়ে শুয়ে অফিসের কথা ভাবে। ম্যাডামের সুন্দর মুখ চোখের সামনে ভাসছে বারবার। আজ ঘুমাতে বেশ দেরি হয় তার। ভোরবেলা উঠতে পারে না। যখন ঘুম ভাঙে তখন বেলা অনেক হয়েছে। অফিসে এসে ম্যাডামকে দেখে কেন যেন মনটা ভীষণ ভালো হয়ে যায়। মেরুন রঙের পোশাকে ম্যাডামকে খুবই সুন্দর লাগছে। আবু বকরের বয়স ২৫। সে তার ম্যাডামের বয়স আন্দাজ করতে চেষ্টা করে। তার ধারণা, ম্যাডামের বয়স তার কাছাকাছিই হবে। বাথরুমে গিয়ে আয়নায় নিজের চেহারাটা দিনে সে বেশ কয়েকবার দেখে। চুল আঁচড়ে নেয়। আবার কখনো কখনো ভাবে, এসব কি ঠিক হচ্ছে? অফিসের পিয়ন হয়ে ম্যাডামকে নিয়ে এসব কী ভাবছে সে? কিন্তু সব ভাবনার শেষে ম্যাডামের সুন্দর মুখ আর ফর্সা হাত তার সামনে আসে। এলোমেলো আর অস্থির হয়ে উঠছে সে। অফিসে প্রায়ই বসদের ধমক খেতে হয়, যা আগে কখনোই হয়নি। কেন এমন হয়? সে নিজেই বুঝতে পারে না। ম্যাডামের আশপাশে থাকতেই ভালো লাগে। ম্যাডামও এটা-সেটা করতে তাকে ডাকেন। সময়ের সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকী নিজের কাছ থেকে নিজেকে অনেকটাই বের করে ম্যাডামের সঙ্গে জড়িয়েছে। তার এই জটিলতা কিছুতেই কাটছে না। কেউ এটা বুঝতেও পারে না, বোঝার কথাও নয়। বিষয়টি শুধু আবু বকরের, একান্ত তারই। গ্রামের বাড়ি থেকে রসমালাই নিয়ে এসে অফিসে লুকিয়ে রাখে। ছুটির সময় ম্যাডামের হাতে তুলে দেয়। ম্যাডাম অনেক খুশি হন। আনন্দে তারও মন লাফিয়ে ওঠে। ম্যাডাম যেন তার কাছের কেউ। আগের চেয়ে বেশি বেশি কাজে লাগান তাকে। নিজের অনুভূতি কারও সঙ্গে ভাগাভাগি করার উপায় নেই। ম্যাডামকেও কিছু বলার সাহস হয় না। আকাশকুসুম কল্পনার ভারে অনেকটাই ক্লান্ত সে। সেদিন সারা রাত ঘুম হলো না। নির্ঘুম কাটিয়ে ভোরবেলায় ঘর ছেড়ে নিউজপেপার এজেন্সিতে যায়। পত্রিকা হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পত্রিকার এক কোনায় মাঝারি হরফে লেখা ‘আজ বিশ্ব ভালোবাসা দিবস’। আবু বকরের বুকে জমানো ভালোবাসা যেন পাখা পেল। বেশ আনন্দিত দেখা যায় তাকে। আজ যে করেই হোক, চাকরি থাকুক আর না-ই থাকুক, ম্যাডামকে ভালোবাসার কথাগুলো জানাতেই হবে। কাজ শেষ করে ছুটে যায় শাহবাগ ফুল মার্কেটে। বেশ কটি তাজা গোলাপ কিনে ভালোভাবে প্যাকেটে মুড়িয়ে নেয়। অফিসে আসতে আজ তার দেরি হয়। অফিসে ঢুকেই ম্যাডামের টেবিলে তাকায়। ম্যাডাম নেই। তার বুকটা যেন দ্রুত ফাঁকা হয়ে যায়। পাশের টেবিল থেকে কে যেন কিছু বলল, তা আবু বকরের কানে গেল না। বাইরে এসে ম্যাডামকে ফোন করে——ম্যাডাম, আপনি কোথায়?—কেন, আবু বকর কী হয়েছে?খুব অস্থির হয়ে গেছে সে। মেজাজটাও চড়া।—কিছু হয়নি, আপনি কোথায় বলতে পারেন না? ম্যাডাম অবাক হয়ে যান। পিয়নের এমন আচরণ তাঁর অসহ্য মনে হয়। —আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বাইরে আছি। কাল অফিসে কথা বলো। আবু বকর সিদ্দিকী আর নিজেকে ধরে রাখতে পারে না। চিত্কার করে কেঁদে ওঠে। ফুলগুলো পড়ে থাকে পায়ের পাশে। সম্রাট সামিউল্যাহ ঠাকুরগাঁও