তার সঙ্গে তবু হয় না যে দেখা!

সুখের আশায় দিনযাপনের অসুখে অনেকের পুরো জীবনই হয়তো পার হয়ে যায়। তবু সেই সুখ পাখির সঙ্গে যেন আর দেখা হয় না। যে জীবন চান, তা না পাওয়ার বেদনায় হতাশায় ডুবে যান কেউ কেউ। কিন্তু সাহসী ও প্রত্যয়ী মানুষেরা শুধু স্বপ্ন দেখতে দেখতে সময় নষ্ট করেন না, তাঁরা কঠোর পরিশ্রম করেন, পরিকল্পনামাফিক গুছিয়ে কাজ করেন। সব সময় সিদ্ধান্তহীনতায় ভুগলে, দোদুল্যমান সময় কাটালে জীবন ফুরোবে ঠিকই কিন্তু সুখের দেখা মিলবে না। যে জীবন চান, সে জীবন যাপন করতে হলে সবার আগে নিজেকেই বদলাতে হবে। নিজের সঙ্গে লড়াই করতে, নিজেকে বদলাতে হলে মোকাবিলা করতে হবে সহজাত এই প্রবৃত্তিগুলো।
ভুল খুঁজে বেড়ানো
আপনি কি নিরাশাবাদী, সারাক্ষণ আপনার সঙ্গে ঘটতে থাকা অপ্রীতিকর ঘটনা আর ভুল খুঁজে বেড়ান? নিরাশাবাদীদের মন-মানসিকতা এমনভাবে প্রোগ্রাম করা থাকে যে তাঁরা কেবল নিজের ভুল খুঁজতে থাকেন। কিন্তু ভুল সংশোধন না করে কেবল ভুল খুঁজে বেড়ালে আপনি কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। দুনিয়ার নিরাশা ব্যঞ্জক চেহারাটা যদি মোকাবিলা করতে চান, তাহলে কৃতজ্ঞতার বোধ জাগানোর চেষ্টা করেন, নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করেন।
স্পষ্ট লক্ষ্য না থাকা
দুঃখজনক হলেও সত্য, অনেক মানুষই পেশা জীবনে এমন কাজ করে জীবনটা পার করে দেন, যা তাঁরা পছন্দ করেন না। এর একটা বড় কারণ হলো লক্ষ্য ধরে এগোতে না পারা, জীবনের স্পষ্ট লক্ষ্য না থাকা। এই নিষ্ঠুর ও চ্যালেঞ্জিং দুনিয়ায় কী হতে চান, তা ঠিক করাটাও সত্যিই কঠিন। হয়তো অনেক কিছুর টানে অনেক পথেই হেঁটেছেন, অনেক কিছুই চেষ্টা করে দেখেছেন। কিন্তু মনের কথাটা শোনা প্রয়োজন, নিজের মন যা চায়, সেখানেই স্থির হওয়ার চেষ্টা করা দরকার। অনেক কিছু চেয়ে কিছুই না পাওয়ার চেয়ে যতটুকু সম্ভব পাওয়ার চেষ্টা করুন। সে পথে হেঁটে সেখানেই ভালো করার চেষ্টা করুন। নিষ্ক্রিয়তায় দিন কাটিয়ে অনিশ্চয়তায় ভোগার চেয়ে সেটা অনেক ভালো।
ভুল সঙ্গে সময় কাটানো
অনেক সময় এমন হতে পারে, আপনি এমন মানুষদের দ্বারা পরিবেষ্টিত থাকেন, যারা আপনার সক্ষমতা আর স্বপ্ন নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করে। এমন ঘটনায় মনের ওপর খুবই নেতিবাচক প্রভাব পড়ে। এমন লোকজনের সঙ্গে মেলামেশা বজায় রেখে নিজের মতো এগিয়ে যাওয়া কঠিন। যদি নিজের চারপাশের এই সঙ্গ পাল্টাতে না পারেন অন্তত আরও নতুন সঙ্গ তৈরির চেষ্টা করুন, নতুন নতুন মানুষের সঙ্গে মিশুন। আপনি হয়তো চমত্কার কিছু মানুষ আবিষ্কার করবেন এবং নিজেরও অনেক সুন্দর সম্ভাবনাময় দিক খুঁজে পাবেন। নতুন মানুষগুলোর উত্সাহ উদ্দীপনা আপনাকে এগিয়ে দিতে পারে।
মনোযোগী না হওয়া
আপনার মাথায় হয়তো নিত্যনতুন ভাবনা গিজগিজ করে! অনেক বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ভেবে পার করে দিতে পারেন আপনি। কিন্তু কোনো বিষয় নিয়েই সুনির্দিষ্ট কাজ শুরু করতে পারেন না। ভাবনাচিন্তাকে কাজে পরিণত করতে না পারলে সাফল্য আসবে কিসে? আপনাকে আরও মনোযোগী হতে হবে, নিজের ভাবনাকে বাস্তবায়ন করতে কাজে নেমে পড়ুন। ধাপে ধাপে এগোতে থাকুন। মনোযোগ ধরে রাখাটাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সুসময়ের অপেক্ষায় থাকা
এমন কিছু মানুষ আছেন যাঁরা হাতের কাছেই অনেক কিছু থাকা সত্ত্বেও আরও ভালোভাবে শুরু করার জন্য সুসময়ের অপেক্ষায় দিন গুনতে থাকেন। যেন এক শরতের সকালে সুদিন নিজেই এসে তাঁর কাছে ধরা দেবে! কিন্তু ‘কোনো এক সকাল’ জীবনে না-ও আসতে পারে। তাই যতটুকু সুযোগ আছে, ততটুকু নিয়েই ঝাঁপিয়ে পড়ুন। যদি বাস্তব কোনো বিষয়ের জন্য অপেক্ষা করতেই হয়, তাহলে অন্তত বসে না থেকে আনুষঙ্গিক কাজগুলো শুরু করুন। এতে যুদ্ধের ময়দানের জন্য নিজের প্রস্তুতিটা আরও ভালো হবে।
আলস্যের গান গাওয়া
আলস্যের গানটা থামান। সফল মানুষদের প্রথম সাফল্য সম্ভবত নিজের আলসেমি দমন করতে পারা। এই একটা অভ্যাসই বন্ধুত্ব, সম্পর্ক, পরিবার, পেশা জীবন সব ধ্বংস করে দিতে পারে। আলসেমি এমন এক রোগ, যেটা আপনাকে সারাক্ষণ বোঝাতে থাকবে যে আপনি সাফল্যের জন্য প্রস্তুত না। ঝিম মেরে বসে থাকার চেয়ে করার মতো অনেক কাজ আছে দুনিয়ায়। জীবনটাকে নেড়েচেড়ে দেখাও অনেক গুরুত্বপূর্ণ। নিজেকে আবিষ্কার করুন, মানুষকে আবিষ্কার করুন। স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যান।