জাহীদ রেজা নূরগাড়ির চালক বললেন, ষাটগম্বুজ মসজিদ থেকে কিছুটা দূরে খননকাজ চলছে। খননকাজ! চালকের ধারণা, যেখানে খোঁড়াখুঁড়ি চলছে, সেখানেই ছিল খান জাহান আলীর আদি ভিটা। কথাটির মধ্যে সত্যতা কতটা আছে, তা বিচার না করেই আমরা সেদিকে রওনা হয়ে গেলাম। আশপাশে যে বাড়িগুলো, তাতে বাঁশ আর পাতা দিয়ে তৈরি হয়েছে দেয়াল। দেখতে অন্য রকম।আকাশে মধ্যদুপুরের সূর্য। মৃদুমন্দ যে বাতাস বইছে, তাতেও লু হাওয়ার স্পর্শ। পানির বোতলগুলো নিমিষে শূন্য হয়ে যাচ্ছে।এ সময় পথেও মানুষ কম। ঠাঁ ঠাঁ রোদে কে আর বের হবে পথে?বাগেরহাটের এই এলাকার যেখানে খননকাজ হয়েছে, সেখানে এখন কেউ নেই। ক্ষুধার্ত মানুষের মতো বড় হাঁ খুলে বসে রয়েছে ইতিহাস। চশমা চোখে বারো বছরের একটি ছেলে বলল, ভাগ্য সুপ্রসন্ন হলি এইখানে একটা বাদশাহী কয়েন পেয়ে যাব।নাহ! ছেলেটার ভাগ্য সুপ্রসন্ন হলো না। ও কেন ‘সুপ্রসন্ন’ শব্দটির মতো একটি কঠিন শব্দ ব্যবহার করল, সে কথা ভাবতে ভাবতেই দেখি, গাছের ছায়ায় বসে আছেন একজন। বাতচিতের এই মোক্ষম সুযোগ কে আর ছাড়ে?কী নাম আপনার?আমার নাম বারেক খাঁ।—শীর্ণ দেহের মানুষটি বললেন। কী করেন?আমি একজন গরিব মানুষ। জন-মন খাইটে চলি। অল্প এট্টু জায়গা নিয়ে এই জাগায় বাড়ি।—হাতের বিস্তারে দেখিয়ে দিলেন ছোট্ট একটি কুটির। তবে, আমরা ভুল বুঝতে পারি, সে কথা ভেবে যোগ করলেন, ‘আমার বাড়ি এহানে না। আদত বাড়ি এখানে না। আদত বাড়ি হলো ভান্ডারিয়া। ভান্ডারিয়ায় আমার বাড়ি।’ভান্ডারিয়া, মানে বরিশালে? এত দূর এলেন কেন?এত দূর আলাম কেন, তা বলি। স্বাদিনের চাইর বছর পরে এই দেশে আইসি। বিয়ে-টিয়ে এইখানেই করেছেন?হ্যাঁ। এইখানেই। এই যে এইদিকে, এই দিকে ছিল আমার শ্বশুরবাড়ি। ওই যে উঁচু উঁচু দেহা যায় না? সেইগুলি সব ঘরের পোতা।—বোঝা গেল, সেই বাড়িটি বিলীন হয়ে যাওয়ার পরই এদিকে সরে এসেছে শ্বশুরবাড়ি, যেখানে তিনি থাকেন। বাচ্চা কয়জন?বাচ্চা-কাচ্চা আল্লায় দিছে দুইজন।বড় হয়েছে?বড় হইছে। ছেলে বিয়ে করছে। ছেলে বিয়ে দিছি। সে থাকে খুলনায়। মেয়ের বিয়ে দিছি বাড়ির ধারে, আমার বিয়াই মসজিদের ইমাম।জন খেঁটে দিন চলে?আল্লা কোনো রকমে চালায়।সকাল, দুপুর, রাতে কী খান?? কী তরকারি খান? এইমাত্র দেখলাম, একটা ছেলে অনেকগুলো পুঁটি মাছ নিয়ে গেল।হ্যাঁ, হ্যাঁ। পুঁটি মাছ তো আমরাও খাই। বাজার তে কিনতি হবে না? তা ছাড়া শাক-সবজিই তো খাতি হয়। গরিব মানুষ কি এর বেশি কিছু খাতি পারে?এমনি সুখে আছেন?আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় সুখে-শান্তিতে আছি।তাঁর চেহারায় সত্যি সত্যি যে অনুভূতির দেখা মিলল, নির্দ্বিধায় বলে দেওয়া যায়, তারই নাম সুখ।