তারকা মা, তারকা বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাইয়ের কোলে মেয়ে আরাধ্য
ঐশ্বরিয়া রাইয়ের কোলে মেয়ে আরাধ্য

তাঁরা তারকা। কেউ অভিনয়ে কেউ আবার উদ্ভাবনে৷ ভক্ত তাঁদের লাখ লাখ৷ কিন্তু ঘরে! বাবা কিংবা মা হিসেবে কতটা জনপ্রিয় সন্তানদের কাছে৷ কাজ নিয়ে ব্যস্ত থাকা তারকাদের সন্তান পালনে মনোযোগ কতটা? দেশি–বিদেশি তারকাদের সন্তান পালনের ঘরের খবর জানতে এই আয়োজন৷

ছেলেমেয়েকে নিয়ে মা কাজল
ছেলেমেয়েকে নিয়ে মা কাজল

অভিনয়শিল্পী বিপাশা হায়াত-তৌকীর আহমেদ দম্পতি সন্তানদের নিয়ে বরাবরই সচেতন৷ তাই বিপাশার মুঠোফোনে ফোন করার পরই জানা গেল বিপাশার মেয়ে স্কুল থেকে সবে বাড়িতে ফিরেছে। বিপাশা একটু সময় চেয়ে নিলেন৷ ফিরে এসে জানালেন, ‘আমি কী করেছি জানি না৷ তবে ওরা (সন্তানেরা) বড় হয়ে দেশের ও মানুষের কাজে এলেই না বুঝতে পারব তাঁরা মানুষ হয়েছে৷ আর বাবা-মা হিসেবে আমরা ঠিক কাজটাই করছি৷’

ফের​েদৗসের সঙ্গে ​তাঁর মেয়ে
ফের​েদৗসের সঙ্গে ​তাঁর মেয়ে

এখন যেহেতু ছবি আঁকাতেই বেশি মনোযোগ দিয়েছেন বিপাশা, তাই সন্তানদের কাছেই থাকছেন৷ মাঝেমধ্যেই তাঁর সঙ্গে ছবি আঁকায় যোগ দেয় মেয়ে আরিশা আহমেদ৷ ছেলে আরীব আহমেদ এসে খোঁজ নেয় মায়ের কাজের৷ বিপাশা বলেন, ‘আমি যখন কোনো কিছু লিখি সন্তানদের পড়ে শোনাই৷ ওরা নিজেদের মতামত দেয় উৎসাহ নিয়ে৷ আমার কাজ নিয়ে ওদের কোনো অভিযোগ নেই৷ কারণ, সন্তানদের সঙ্গে থাকতেই আমি ভালোবাসি৷ তৌকীরও কাজ শেষ হলেই বাসায় ফিরে আসে৷ ওদের কাছাকাছি থাকে৷ ওদের নিয়ে বাইরে খাওয়া ও ঘুরতে যাওয়ার ব্যাপারগুলোকে প্রাধান্য দিই আমরা৷’

ছেলেমেয়েদের স​েঙ্গ তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট
ছেলেমেয়েদের স​েঙ্গ তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট

জনপ্রিয় নায়ক ফেরদৌস দুই সন্তানের জনক৷ বাইরে যতই ভক্তদের সামনে ‘তারকা ভাব’ থাকুক না কেন ঘরে গেলে সন্তানদের কাছে একজন সাধারণ বাবা হিসেবেই থাকতে হয়৷ বাসায় মেয়েদের ভাত খাওয়ানো, দুধ তৈরি বা গোসল করানোর কাজটা তিনি নিজেও উপভোগ করেন৷ ফেরদৌস বলেন, ‘তাদের কাছে আমি শুধুই একজন বাবা৷ ওদের নিয়ে বাইরে এলে অনেক সময় ভিড় জমে যায়৷ বড় মেয়ে নুজহাত ফেরদৌস এটা উপভোগ করলেও ছোট মেয়ে নামিরা ফেরদৌস বিরক্ত হয়ে যায়৷ মাঝেমধ্যে সে তো আমাকে ভিড় থেকে উদ্ধারের চেষ্টাও করে৷’ ফেরদৌসও চেষ্টা করেন সন্তানদের সঙ্গে বন্ধুর মতো মিশতে৷ মনোযোগ দিয়ে তাদের সব কথা শোনেন৷ সন্তানদের স্কুলে পৌঁছে দেওয়া ও নিয়ে আসার কাজটাও করেন সময় পেলেই৷ একদিন সকালে হয়তো ছোট মেয়ে বলবে, ‘আজ তোমার কোনো কাজ নাই৷ তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে৷’ বাবাও তখন বাধ্য সন্তান হয়ে যান৷ ফেরদৌস জানান, ‘সবকিছুর ওপরে আমার সন্তানেরা৷ ছুটির দিনগুলো ওদের নিয়ে কাটাতেই ভালোবাসি৷’

মেয়ের সঙ্গে বিপাশা হায়াত। ছবি: অধুনা
মেয়ের সঙ্গে বিপাশা হায়াত। ছবি: অধুনা

বিদেশি তারকারাও কাজ আর ব্যস্ততাকে পাশ কাটিয়ে সন্তান পালন করছেন। সন্তানদের কাছে তাঁরা ‘সুপার মম’ বা ‘সুপার ড্যাড’ তকমাও পাচ্ছেন৷ পাশের দেশ ভারতেও এমন অনেক তারকা আছেন যাঁরা সন্তানের জন্য নিজের তুঙ্গে থাকা ক্যারিয়ারকে গুডবাই জানিয়েছেন৷ বলিউডে নিজের সৌন্দর্য আর অভিনয় দিয়ে মাত করা অভিনেত্রী কাজলের কথাই ধরুন৷ সন্তানের কথা ভেবে তিনি তো কয়েক বছর রুপালি পর্দার বাইরেই কাটালেন৷ অজয়-কাজল জুটির ঘরে দুই সন্তান নাইসা ও যুগ৷ অভিনয়ের পাশাপাশি এই তারকা দম্পতি সন্তান লালন-পালনের কারণে প্রায়ই আসেন খবরের শিরোনামে৷ একটি টিভি অনুষ্ঠানে সন্তানদের প্রসঙ্গে কাজল বলেন, ‘ওদের তো মাঝেমধ্যে আমার এলিয়েন মনে হয়৷ কারণ, বাসায় তারা কথা বলার সময়ে প্রায়ই শব্দের আগে এমন একটি অক্ষর যোগ করে নেয় যে আমি কিছুই বুঝতে পারি না! ছোটবেলা থেকেই সন্তানদের ভালো-মন্দ বিচারের জ্ঞান থাকা দরকার৷ আর এটা সম্ভব পারিবারিক শিক্ষার মাধ্যমে৷’ কাজলের মেয়ে যেমন মায়ের ছবি দেখে না বলে সাফ জানিয়ে দিয়েছিল মাকে৷ কারণ হিসেবে সে নাকি বলে, ‘তুমি ছবিতে বড্ড কান্নাকাটি করো৷ তোমার উচিত বাবার (অজয় দেবগন) মতো গোলমাল টাইপের ছবি করা৷’ তার এই মতামতকেও কাজল বিশেষ সম্মান করেন বলে এক সাক্ষাৎকারে জানান৷ সন্তানদের স্বাভাবিক জীবনযাপনের পাঠ নাকি এই তারকা দম্পতি ছোটবেলা থেকেই দিচ্ছেন৷ শেখাচ্ছেন ভালো-মন্দের বিচার-বিবেচনা৷
ওদিকে বলিউডের বচ্চন পরিবারের খুদে সদস্য আরাধ্যকে নিয়েও খবর পাওয়া যায় নিয়মিত৷ মাস দুয়েক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের একটি মিম (ডিজিটাল মাধ্যমের ফটো কার্টুন) নিয়ে চটে গিয়েছিলেন ‘ছোট বচ্চন’ অভিষেক৷ কারণ, বাবা হিসেবে তিনি অনেক দায়িত্ববান৷ তাই সন্তানের মিম করায় ছবির কমেন্টেই ঝগড়া বাধান মিম পোস্টকারীর সঙ্গে৷ অভিষেক বলেন, ‘আমার কাজের সঙ্গে কখনোই আমার সন্তানকে জড়ানোটা আমি মেনে নিতে পারি না৷’ এ ছাড়া বাড়িতে ও বাইরে আরাধ্যর সঙ্গে কাটানো নানা ধরনের ছবি বিভিন্ন সময়ে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন, অভিষেক ও ঐশ্বরিয়া রায়৷ আরাধ্যর দাদা অমিতাভ বচ্চন একটি সাক্ষাৎকারে বলেন, ‘সারা দিন সে বকবক করে৷ তাঁর গল্পের মধ্যে সারা দিনের পরিস্থিতি, বন্ধুবান্ধব, পরিবার, খেলনা ঘরবাড়ি সবকিছু নিয়েই কথা বলে সে৷ এটাই তো ওদের জীবনের সবচেয়ে সুন্দর সময়৷’ এরই মধ্যে স্কুলেও যাচ্ছে আরাধ্য৷ তাকে তৈরি করে দিচ্ছেন মা ঐশ্বরিয়া আর বাবা অভিষেক নিয়ে যাচ্ছেন স্কুলে৷ মায়ের জন্মদিনে আরাধ্যও গান গেয়ে চমকে দিয়েছিলেন মাকে৷ পাশের দেশ ছেড়ে সুদূর হলিউডে চোখ দিলেও দেখা যায় একই দৃশ্য৷

বাবা জাকারবার্গের কোলে ছোট্ট ম্যাক্স
বাবা জাকারবার্গের কোলে ছোট্ট ম্যাক্স


তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রাড পিট কাজের পাশাপাশি সন্তানদের নিয়েও সোচ্চার সব সময়৷ নিজেদের তিন সন্তানের বাইরেও দত্তক নিয়েছেন আরও তিন সন্তান৷ ছয়জনই সমান গুরুত্ব পায় বাবা-মায়ের কাছে৷ এরই মধ্যে আরেকটি সিরীয় শিশুকে দত্তক নেবেন বলে জানিয়েছেন তাঁরা৷ সন্তানদের পড়াশোনা, আচার-ব্যবহার, মানুষের সঙ্গে মেশার ক্ষমতা নিয়ে নতুন করে বলার কী আছে! এরই মধ্যে মায়ের সঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করেছে তাঁর চার সন্তান৷ কাজ শেষে তাদের একটাই কথা, ‘মায়ের কাজ এত সহজ!’ অনেক সন্তান সামলানোর পাশাপাশি নতুন বাবা-মা হওয়া তারকাদেরও সন্তান নিয়ে আগ্রহ অনেক৷
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বাবা হয়েছেন কয়েক মাস হলো৷ এরই মধ্যে মেয়ে ম্যাক্সকে নিয়ে সুইমিংপুলে সাঁতার কেটেছেন৷ শুধু সন্তানের গোসল না, ম্যাক্সের ন্যাপি বদলানোর কাজটাও মন দিয়ে করেন বাবা জাকারবার্গ৷ তাঁকে খাওয়ানো, কাঁদলে সামলানো, আদর আর ভালোবাসা নিয়ে নিয়মিত পাশে থাকার চেষ্টা করছেন তিনি৷ আর এই কাজগুলো যে তাঁকে আরও দায়িত্ববান হতে শেখাচ্ছে, সে কথা হরহামেশাই স্বীকার করেন বাবা জাকারবার্গ৷ দেশে দেশে এমন আরও অনেক উদাহরণ আছে তারকা বাবা-মায়ের সন্তান পালনের৷ ব্যস্ততা বা কাজের অজুহাত না, নিজের আগ্রহটাকেই এখানে বড় করে দেখছেন তাঁরা৷ কারণ, সব বাবা-মায়ের চাওয়া থাকে তাঁর সন্তান বেড়ে উঠুক সুস্থ সুন্দর পরিবেশে৷ রুপালি পর্দার নায়ক ফেরদৌসের কথাটাকেই তাই কোড করা যায় শেষে এসে, ‘সন্তানকে ভালো-মন্দ চেনানোর দায়িত্বটা পরিবার থেকেই নেওয়া উচিত৷ আর পরিবারে বাবা-মায়ের চেয়ে ভালো শিক্ষক আর কে আছে!’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হলিউড টাইমস, ভ্যানিটি ফেয়ার, মেড ফর মামস, ফেসবুকে মার্ক জাকারবার্গের পেজ