তারকা মোবাইল ফোনের আত্মকথা
আমি বুঝতে পারছি না, এভাবে আমাকে বিছানায় ফেলে দেওয়ার মানে কী? আমি মোবাইল বলে কি মানুষ না? আমারও তো মান-সম্মান বলে একটা ব্যাপার আছে। বিক্রয়কর্মী যখন এই লোকটির হাতে আমাকে তুলে দিল, আমি তাকে ভদ্রলোক ভেবেছিলাম। এখন দেখছি আস্ত বজ্জাত! লোকটি হয়তো জানে না যে রং নাম্বার ছবিতে লিড রোলটা আমিই করেছিলাম। তারকার সঙ্গে এমন ব্যবহার! কিছুক্ষণ পরই দেখি এক শালা (লোকটির শালা) এসে আমাকে হাতে নিয়েই ভিলেনের মতো হাসতে লাগল। আমি তো কিছুই বুঝতে পারছি না। মাথার স্ক্রুটা কি ঢিলে হয়ে গেল নাকি। লোকটি তো তার বউকে দেবে বলে আমাকে কিনেছিল। কি জানি কি হলো, ফোল্ড দিয়ে মুখটা ঢেকে একটু ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখি ফোল্ড খোলা। আর আমি প্রচণ্ড শব্দদূষণের শিকার হয়ে বিছানায় পড়ে আছি। বাবা! লোকটার বউয়ের কণ্ঠস্বর তো আমার রিংটোনের চেয়েও লাউড করা। কিন্তু এ কী শুনছি! বুকটা আমার ফেটে যাচ্ছে কষ্টে। এই প্রথম কেউ আমাকে অপছন্দ করল। এ যে আমার মোবাইলত্বের চরম অপমান! লোকটির বউ আমাকে পছন্দ করেনি বলে সে রাগ করে আমাকে ওই শালার হতে তুলে দিল। কী আর করব, মোবাইল হয়ে জন্মেছি, মনের বিরুদ্ধে কত কিছু যে সইতে হবে! এবার ওই শালাটা কথা নেই, বার্তা নেই বেশ কয়েকবার ঠাশ ঠাশ শব্দ করে আমার গায়ে থুতু লাগিয়ে দিল। এত অসভ্য ছেলে আমি আর দেখিনি। ঘৃণায় আমার সারা গা রি-রি করে উঠল। মনে হচ্ছে ১০ বার শাওয়ার নিলেও কম হয়ে যাবে। তার পরই শুরু হলো আমার ওপর অমোবাইলিক নির্যাতন। শালাটা প্রচণ্ড জোরে আমার ফোল্ডটা খুলে কাকে যেন কল করল। ওর নখের খোঁচায় আমার বাটনগুলো প্যাঁ প্যাঁ করে চিৎকার করে উঠল। মানুষ হয়ে এত বড় বড় নখ রেখেছে! আমি তো ভেবেছিলাম শুধু মডেলদেরই বড় নখ থাকে। অবশ্য নখ দিয়ে তারা কখনোই আমার কোনো অমর্যাদা করেনি। শালাটা কথা শুরু করেছে সেই কখন, অথচ থামার নাম নেই। এদিকে ক্ষুধায় আমার জান বেরিয়ে যাচ্ছে। সেই গতকাল রাতে একবার খেয়েছি, এর ওপর দুইবার বমি করেছি। একবার শোরুমের ম্যানেজার আমার কোলে সিম রেখে কথা বলেছিল বলে, আরেকবার এখন করলাম। এভাবে আর বেশিক্ষণ থাকলে লাইটটাইট সব নিভিয়ে অজ্ঞানই হয়ে যাব মনে হয়। আসলে আমার ভাগ্যটাই খারাপ। আমার বান্ধবী নোবিয়ার সঙ্গে সেদিন অনেক বছর পর শোরুমে দেখা হয়েছিল। শোরুমের তাকে বসে একনজরেই ওকে চিনে ফেলেছিলাম আমি। ওর মালিকের হাতে করে এসেছিল আমাদের শোরুমে। একটুও বদলায়নি ও। সেই গায়ের রং, সেই ফিগার আর সেই পিং পিং শব্দ। ইচ্ছে ছিল ঘণ্টা দুই গল্প করব। কিন্তু বাধ্য হয়েই ওকে চলে যেতে হয়েছিল। তবে ও নাকি ভীষণ সুখে আছে। সময়মতো খেতেও পায় আর বলা চলে, সারাক্ষণই আরামে ঘুমুতে পারে। ওর মালিক নাকি মানসিক চিকিৎসক। ও যে কি না! মানুষের চিকিৎসক তো মানসিক চিকিৎসকই হবে, তাই না? চিকিৎসক সাহেব নাকি ফোনে কথা বলার তেমন সময়ই পান না। ওপাশ থেকেই বেশি ফোন আসে বলে এপাশ থেকে তেমন কল করতে হয় না। তবে একবার নাকি এক পাগল রোগী ওকে কামড়ে দিয়েছিল। পরে চিকিৎসক সাহেবই ওকে উদ্ধার করেন। ও যা ভয় পেয়েছিল সেদিন! জানি না, আমার যে কী হবে! উফ্, যাক শালাটা অবশেষে আমাকে খেতে দিল। তবে সব কাজেই ব্যাটার গুণ্ডামি গুণ্ডামি ভাব। চার্জারটা আমার কোমরে এত জোরে পুশ করল... মনে হচ্ছে এর কাছে বেশি দিন থাকলে অকালেই বুড়িয়ে যাব আমি। শোরুমের সব হ্যান্ডসাম আর স্মার্ট মোবাইলেরা আমার কোমরের প্রশংসা করত। আমার পাতলা কোমর দেখে কত বখাটে মোবাইল ফোনে যে বাজে টোন বাজাত! এমনকি শোরুমের টেবিলের ওপরে থাকা মোটা বুড়ো টেলিফোন আংকেলও নির্লজ্জের মতো আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত। আহারে, কী সব দিন যে গেছে! আজ আমার নজরুলের কবিতার ওই লাইনটা খুব মনে পড়ছে। ওই যে আছে না একটা লাইন, ‘পড়বি পড় মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে...’। আমার অবস্থা হয়েছে, ‘পড়বি পড় শালার হাতে, সে আস্ত হাড়বজ্জাতে...’।রাতেই বুঝলাম শালাটা আসলেই তাই। রাত ১২টার পর একটু ঘুমাতে যাব, তা আর হয় না। এত কথা বলতে পারে! আমারই তো কান গরম হয়ে যায়, যে মেয়েটা শোনে ওর কী অবস্থা কে জানে। যখন কথা বলে, শুনলে মনে হয় আজকেই ওর জীবনের শেষ দিন। আর আজই সব কথা বলে ফেলতে হবে। আর কখনো সময় হবে না। কী সব কথা যে বলে ছিঃ ছিঃ...। পাঠক, ভাববেন না আমি কথাগুলো কান পেতে শুনি। আমি তো আলো নিভিয়ে চোখ বন্ধ করে থাকি। জানি না এভাবে আর কত দিন থাকতে হবে...। এম এম কলেজ, যশোর।