এখন অনেকেই খাদ্যাভ্যাস, ডায়েট ও শরীরচর্চা নিয়ে সচেতন। তাঁদের অনেকের মনে প্রশ্ন থাকে তারকার ডায়েট, শরীরচর্চা ও ফিট থাকা নিয়ে। এবার দেশের বাইরের কয়েকজন তারকার খাদ্যাভ্যাস ও শরীরচর্চার খোঁজ খবর দেওয়া হলো।

দীপিকা পাড়ুকোন
ব্যায়ামটা তিনি নিয়ম মেনে নিয়মিতই করেন। সঙ্গে থাকে যোগব্যায়াম। খাবার বেলায় তাঁর শেষ শব্দ ‘স্বাস্থ্যকর’ আর চিন্তাধারা সব সময় ইতিবাচক। এ সবকিছুই তাঁকে সুন্দর করে তুলেছে বলে জানিয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকার আরেকটি পরিচয়, তিনি রাজ্য পর্যায়ের ব্যাডমিন্টন খেলোয়াড়। দেশি কিংবা পশ্চিমা, যেকোনো পোশাকেই চমৎকার মানিয়ে যাওয়া পাঁচ ফুট নয় ইঞ্চির দীপিকা কঠোর নিয়মের মধ্যে থাকেন।
শরীরচর্চা
দীপিকার সকালটা শুরু হয় ভোর ছয়টায়। এরপর বাগানে কিছুক্ষণ যোগব্যায়াম আর খালি হাতে শরীরচর্চা করেন। নিয়মিত জিমে যাওয়াটা আবশ্যক মনে করেন না তিনি। বরং ঘরে মাদুর পেতে খালি হাতে কিছু ব্যায়াম সেরে নেন। হালকা ভারোত্তলন করে থাকেন বেশির ভাগ সময়। তবে যোগব্যায়ামটা দারুণ উপভোগ করেন। একটা দিনও বাদ যায় না। এরপরেই আধঘণ্টার জন্য হাঁটতে বের হন দীপিকা। তবে সবকিছুর ঊর্ধ্বে নাচতে পছন্দ করেন তিনি। এতে শরীর-মন দুটোই চাঙা হয়ে ওঠে।
খাদ্যাভ্যাস
খাবার কে না পছন্দ করে! দীপিকাও করেন, তবে পরিমিত পরিমাণে। খাদ্যাভ্যাস গড়ে তুলেছেন খুব হিসাব করে। সকালের নাশতায় দুটি ডিমের সাদা অংশ, সঙ্গে থাকে লো-ফ্যাট দুধ। দুপুরের খাবারে প্রচুর শাকসবজি খান। এর বাইরে মাছটা খাওয়া হয় বেশি। বিশেষ করে গ্রিলড, এতে চর্বি কম থাকে। বিকেলের নাশতায় কফির সঙ্গে কাজুবাদাম। রাতে সব সময় হালকা খাবার, সালাদ-সবজি-রুটি। প্রতি দুই ঘণ্টা অন্তর হয় তাজা ফল, নয়তো ফলের রস পান করেন দীপিকা। এমনভাবে খাবার নির্বাচন করেন যেন সব ধরনের পুষ্টিগুণ পাওয়া যায়।

আলিয়া ভাট
পরিচালক-প্রযোজক মহেশ ভাটের কন্যা হিসেবে না, বলিউডে স্বনামের পরিচিতি গড়ে তুলেছেন আলিয়া ভাট। পর্দার এই চমৎকার ফিগারের মেয়েটি একসময় কিন্তু বেশ মোটাসোটা ছিলেন। প্রথম ছবির প্রস্তাব পাওয়ার পরেই তিন মাসে প্রায় ১৬ কেজি ওজন কমিয়ে ফেলেন তিনি। এরপর সময় যত গড়িয়েছে, ওজনটাই কমেছে, খ্যাতিটা না।
শরীরচর্চা
আলিয়ার শরীরচর্চার মধ্যে সাঁতার, সমুদ্রসৈকতে দৌড়, বক্সিং, ভারোত্তলন উল্লেখযোগ্য। শুরুটা ট্রেডমিলে দৌড় দিয়ে, এরপর বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার শুরু। প্রতিটা ব্যায়াম সাধারণত ১৫ থেকে ২০ বার করেন আলিয়া, মধ্যে দুবার বিরতি দিয়ে। সপ্তাহে তিন থেকে চার দিন জিমে যান। তবে কার্ডিও ব্যায়াম করেন প্রতিদিন, অন্তত ৩০ মিনিট। দীপিকার মতো তিনিও যোগব্যায়াম খুব পছন্দ করেন, প্রতিদিন তাঁকে কোনো না কোনো আসনে দেখা যায়।
খাদ্যাভ্যাস
খাবার খুব পছন্দ করতেন আলিয়া, তবে অভিনয়টা বেশি পছন্দের। আর তাই পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইসহ চিনিযুক্ত ও তৈলাক্ত সব খাবার বিসর্জন দিতে হয়েছে। প্রচুর পানি পান করেন। আলিয়া জানান, ‘প্রতিবার অল্প অল্প করে দিনের খাবারটা আট ভাগে ভাগ করে নিয়েছি। এই পরিকল্পনা বেশ কাজে দিয়েছে আমার।’ সকালের নাশতায় থাকে টোস্ট, কর্নফ্লেকস, ফল, এক বাটি চিড়া কিংবা ডিমের সাদা অংশ বা সবজির স্যান্ডউইচ। এর সঙ্গে এক কাপ চা বা কফি, তবে চিনিছাড়া। বেলা কিছুটা গড়ালে এক গ্লাস সবজির রস, সঙ্গে ফল বা ইডলি কিংবা এক বাটি সম্ভার খান। দুপুরে ডাল, রুটি, সঙ্গে কিছু সবজি। বিকেল বা সন্ধ্যায় চা বা কফি, সঙ্গে একটি ফল। রাতে রুটি-সবজি খান। ভাত খেলে সঙ্গে ডাল এবং মুরগির বুকের মাংস থাকে। শুটিংয়ের জন্য যখন বাইরে? তিনি বলেন, ‘সঙ্গে “ডাব্বা” রাখি, যাতে ডিম, ফল, মুরগি, ভাজা সবজি ও চা থাকে।’

অ্যাঞ্জেলিনা জোলি
হলিউডের সেরাদেরও অন্যতম তিনি। অভিনয় শুরু করেন সাত বছর বয়সেই। লারা ক্রফট: টম্ব রেইডার ছবির মাধ্যমে খ্যাতি ছড়িয়ে পড়ে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ের খেতাবটাও ছিল একসময়। সঙ্গে নিখুঁত শরীর গড়েছেন।
শরীরচর্চা
নিখুঁত শরীর গঠন করাটাই জোলির সব সময়ের লক্ষ্য ছিল। শরীরের ওপর দিয়ে তাঁর ধকল গেছে বেশ, তবুও চল্লিশ পেরোনো জোলির শরীর এখনো সে রকমই নিখুঁত। যোগব্যায়াম করেন বেশি, তাঁর পছন্দেরও বেশ। নিজেকে সুস্থ রাখতে কিক বক্সিং ও মার্শাল আর্ট চর্চা করেন নিয়ম মেনে। ভারোত্তলন ও অ্যারোবিকস থাকে প্রতিদিনের তালিকায়।
খাদ্যাভ্যাস
খাবারের বেলায় খুব কড়া নিয়ম জোলির। টম্ব রেইডার সিনেমায় অভিনয়ের সময়ে নিজেকে আরও শক্তপোক্ত খেলুড়ে করে তৈরি করেন। পেশি তৈরির জন্য খাবারে আমিষটা থাকে বেশি, শর্করা কম। সেদ্ধ সবজি, ফল এবং প্রচুর পরিমাণে পানি খান। লাল মাংস পরিহার করেন, গমজাত খাবারও খান না। শুধু সালাদ খেতেও দেখা গেছে তাঁকে। মোটকথা, ক্যালরির হিসাবটা রাখেন খুব—একটুও কম না, একটুও বেশি না। চিকন না বরং সুস্থ থাকাটাই জোলির কাছে বেশি গুরুত্বপূর্ণ।

এমা ওয়াটসন
যা ভালো লাগে তা-ই খান, সুস্থ থাকাটাই গুরুত্বপূর্ণ। তবে নিয়মিত শরীরচর্চা করতে ভোলেন না। আর এটাই হ্যারি পটার সিরিজের সেই হারমিওনি গ্রেঞ্জারখ্যাত এমা ওয়াটসনের ‘ফিট’ থাকার রহস্য। নয় বছরে প্রথম হ্যারি পটার ছবিতে দেখা যায় তাঁকে।
শরীরচর্চা
এমা হকি খেলতে পছন্দ করেন, পাহাড়ে ওঠেন আর দৌড়াতে বেরিয়ে পড়েন সকাল সকাল। জিম তাঁর খুব পছন্দের। দিনে প্রায় দেড় ঘণ্টা জিমে কাটান। পরিকল্পনা করে সপ্তাহে পাঁচ দিন ব্যায়াম করেন, বিশেষ করে পাইলেটস, ভারোত্তলন ও দৌড়।
খাদ্যাভ্যাস
চর্বি ও লবণ কম এমন স্বাস্থ্যকর সব খাবারই খান এমা। তবে ভাজাপোড়া পরিহার করে চলেন। খাদ্যতালিকায় তাজা ফল, চর্বিহীন মাংস ও সালাদের আধিক্য বেশি। তবে ‘নিরানন্দ’ জীবনে মাঝেমধ্যে চুপিচুপি এক-আধ দিন চকলেট কিংবা পাস্তা খেয়ে ফেলেন, নিজেও রান্না করে নেন কখনোসখনো। সে যা হোক, সব পুষ্টিগুণের উপস্থিতি নিশ্চিত করেই খাবার বাছাই করেন এমা।
গ্রন্থনা: মেহেদী হাসান
তথ্যসূত্র: হেলদি সেলেব, পপসুগার ও হাফিংটন পোস্ট।