এখন তো ফেসবুক আর টুইটারের যুগ। এ জন্য চিঠির দিনও নাকি প্রায় শেষ বলে মনে করেন অনেকেই। অনেক তারকা ফেসবুক ও টুইটারের বাইরে সত্যিকার অর্থে চিঠি লেখালেখি করেন। কেউ ভক্তদের চিঠি লেখেন, আবার কেউবা সামাজিক বিভিন্ন বিষয়ে নিজের কথা চিঠির মাধ্যমে প্রকাশ করেন। এমনই কয়েকজন তারকার কথা পড়ুন আজ।

বিগ বির নাতনিদের জন্য চিঠি

অনেক ব্যস্ততার মধ্যেও চিঠি লেখেন বিগ বি, মানে অমিতাভ বচ্চন। ভক্তদের চিঠির উত্তর একসময় নাকি নিয়মিত দিতেন অমিতাভ বচ্চন। এখন ব্যস্ততার সঙ্গে বয়স বেড়েছে বলে চিঠি লেখার অভ্যাসও একটু কমে গেছে তাঁর। নাতনিদের জন্য নাকি মাঝেমধ্যেই চিঠি লেখেন। গত বছরের শিক্ষক দিবসে তিনি তাঁর দুই নাতনি আরাধ্য ও নব্যকে চিঠি লিখেছিলেন।


জোলির উৎসাহের চিঠি
বৈশ্বিক উদ্বাস্তু সমস্যা নিয়ে বেশ কয়েক বছর কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। অভিনয়-জীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে বেশ সোচ্চার জোলি। প্রায়ই উদ্বাস্তু সমস্যা নিয়ে বিশ্ব নেতাদের চিঠি লেখেন। নিজের মতামত প্রকাশের পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে কাজে উৎসাহ দেওয়ার জন্য নিয়মিত চিঠি লেখেন অ্যাঞ্জেলিনা জোলি।

কিং খানের চিঠি নেশা

বলিউডের বাদশা শাহরুখ খানের চিঠি লেখার প্রতি নাকি ভীষণ আসক্তি আছে। ২০১৬ সালে ফ্যান সিনেমার প্রচারণায় চিঠি লেখাকে তিনি ব্যবহার করেছিলেন। ভক্তদের চিঠি লেখায় নয় শুধু, নিজে হাতে লিখে উত্তর দিয়েছেন শাহরুখ। শুধু ভারতীয় দর্শকই নয়, বিদেশি দর্শকদেরও নাকি চিঠির উত্তর দেন শাহরুখ খান।

জনি ডেপের চমক

ভক্তদের কীভাবে চমকে দেওয়া যায়, তা বেশ ভালোমতোই জানেন জনি ডেপ। কখনো পাইরেটস অব ক্যারাবিয়ান-এর ক্যাপ্টেন স্প্যারো হিসেবে চিঠি লিখে চমকে দেন জনি। শুধু আমেরিকার ভক্তদেরই নয়, অন্য সব দেশের ভক্তদের চমকে দেওয়ার জন্য নিয়মিতই নাকি চিঠি লেখেন জনি।

মাইলির অনুপ্রেরণার চিঠি

কৈশোর বয়সে যখন মাইলি সাইরাস ডিজনির হ্যানা মন্টানা হিসেবে আলোচিত ছিলেন, তখন থেকেই ভক্তদের চিঠি লেখার অভ্যাস। ধন্যবাদ কিংবা প্রাপ্তিস্বীকারপত্র নয়, রীতিমতো ভক্তদের উৎসাহ দিয়ে চিঠি লেখেন মাইলি। চিঠি পড়ে উত্তর দেওয়া প্রতি মাসের কাজ। ভক্তদের চিঠিতে ‘জোজো’ নামে উত্তর দেন মাইলি।

অপরাহর চিঠি শিশুদের জন্য

অপরাহ উইনফ্রে ভক্তদের চিঠি লেখেন, তবে বেছে বেছে। কিশোরী ভক্তদের নিয়মিত চিঠি লেখেন তিনি। অপরাহ উইনফ্রে কিশোরীদের উৎসাহ দিয়ে অনুপ্রেরণামূলক চিঠি লেখেন। একসময় অপরাহর চিঠির বিশেষত্ব ছিল, তিনি নিজে নাকি আগে চিঠি টাইপরাইটারের মাধ্যমে টাইপ করে পাঠাতেন।
জাহিদ হোসাইন খান
গ্রন্থনা: টাইমস অব ইন্ডিয়া, হাফিংটন পোস্ট